KMC COLLEGE STREET HAWKER

হকার উচ্ছেদের পরিকল্পনা আপাতত নেই কলকাতায়, দাবি পৌর কমিশনারের

কলকাতা

কলকাতা কর্পোরেশন হকার উচ্ছেদ সংক্রান্ত কোনও নোটিশ জারি করেনি। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়ে দিলেন কলকাতা কর্পোরেশনের কমিশনার স্মিতা পান্ডে। 
এদিনের সাংবাদিক সম্মেলনে  ছিলেন কলকাতা পুলিশের অ্যাডিশনাল পুলিশ কমিশনার দেবেন্দ্রপ্রতাপ সিং।
স্মিতা পান্ডে বলেছেন যে কলেজ স্ট্রিট বই পাড়ায় উচ্ছেদ নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল। সাংবাদিকরাও তাঁর কাছে জানতে চেয়েছেন যে এমন কোনও পদক্ষেপ কর্পোরেশন নিচ্ছে কী না?  
পাণ্ডে বলেন, ‘‘আমি স্পষ্ট ভাবে জানাচ্ছি কলকাতা পুলিশ বা কলকাতা কর্পোরেশন এরকম কোনও হকার উচ্ছেদের পরিকল্পনা করছে না।‘‘ 
তিনি আরও বলেন, "মুখ্যমন্ত্রী আমাদের বলেছেন হকারদের সঙ্গে বসে, আলোচনা করে তারপর আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। একদিকে যেমন আমাদের শহরকে পরিষ্কার রাখতে হবে। অন্যদিকে এই ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি রাখতে হবে। তাই আমি জানাচ্ছি হকার উচ্ছেদ সংক্রান্ত কোনও নোটিশ জারি করা হয়নি।"
কলকাতার অ্যাডিশনাল পুলিশ কমিশনার সাংবাদিকদের জানান, কলকাতা পুলিশের থেকেও তিনি যে তথ্য পেয়েছেন কলেজ স্ট্রিট ও সংলগ্ন বইপাড়ায় উচ্ছেদের কোনও ঘটনা ঘটেনি। 
কলেজ স্ট্রিটের স্থানীয় হকারদের অভিযোগ, কলকাতা কর্পোরেশনের মার্কেট বিভাগের কয়েকজন কর্মী ঈদের দিন হকারদের সরে যেতে বলেছেন। 
এর পরিপ্রেক্ষিতে কমিশনার বলেন, "যদি নির্দিষ্টভাবে কোনও অভিযোগ আমাদের কাছে জানানো হয় তাহলে সেই কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ এমন কোনও সিদ্ধান্ত কলকাতা কর্পোরেশন নেয়নি।"

Comments :0

Login to leave a comment