Sarsuna Rally

মাদক খাইয়ে ধর্ষণে জড়িতদের গ্রেপ্তারির দাবিতে সরশুনা থানায় ছাত্র-যুব-মহিলারা

কলকাতা

বুধবার সরশুনায় মিছিলে ছাত্র, যুব, মহিলা নেতৃবৃন্দ।

বেহালার সরশুনা থানার অন্তর্গত এলাকার এক স্কুল ছাত্রীকে লিফট দেওয়ার নাম করে অপহরণ ও মাদক মেশানো চকলেট খাইয়ে, তাঁর অচেতন অবস্থা সুযোগ নিয়ে দল বেঁধে ধর্ষণের ঘটনায় বুধবার সরশুনা বাস স্ট্যান্ড থেকে থানা পর্যন্ত মিছিল করল কলকাতা জেলার এসএফআই, ডিওয়াইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। পাশাপাশি ছাত্র-যুব এবং মহিলা সংগঠনের তরফে সরশুনা থানায় গিয়ে ডেপুটেশনও জমা দেওয়া হয়। দুঅবিলম্বে সব দুষ্কৃতীকে গ্রেপ্তার সহ জানানো হয়েছে একাধিক দাবি। 
ছাত্র-যুব এবং মহিলা নেতৃবৃন্দকে পুলিশ জানিয়েছে যে দুষ্কৃতীদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সে নাবালক।
এদিনের মিছিলে অংশ নেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদক মোনালিসা সিনহা সহ সংগঠনের নেত্রী দীপু দাস, সমিতা হরচৌধুরী, পারমিতা রায় প্রমুখ। ছিলেন ডিওয়াইএফআই কলকাতা জেলা সভাপতি শ্রীজীব গোস্বামী, এসএফআই কলকাতা জেলা সম্পাদক শুভদীপ ব্যানার্জিও।


সরশুনার ঘটনার পাশাপাশি মিছিলে দাবি জানানো হয় তামান্না এবং তিলোত্তমার বিচারেরও। মিছিলে শোনা যায় ‘উই ওয়ান্ট জাস্টিস‘ স্লোগানও। রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় নারীদের নিরাপত্তার নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল বর্তমান ক্ষমতাসীন বিজেপি সরকার । এখনও সরকার গঠনের এক মাসও অতিক্রান্ত হয়নি। কিন্তু সরশুনায় মাদক খাইয়ে ছাত্রীকে বেহুঁশ করে ধর্ষণের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ জোরালো। গত ২১ মে অভিযোগ পায় পুলিশ। ফলত ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে কিনা তা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। বামপন্থী ছাত্র, যুব, মহিলা সংগঠনের নেতৃত্ব প্রশ্ন তুলেছেন এই নিষ্ক্রিয়তা নিয়ে।
পাশাপাশি, এদিনের মিছিল থেকে এই ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্ৰেপ্তার, নির্যাতিতার পরিচয় গোপন রাখা, ধর্ষণকারীরা যে ভিডিও করেছিল তাও যাতে কোনোভাবেই প্রকাশ না হয় সে দাবিও জানানো হয়েছে পুলিশের কাছে। মোনালিসা সিনহা বলেন, ‘‘অবিলম্বে এই ঘটনার দোষীদের গ্ৰেফতার করতে হবে। এই ঘটনাটির অভিযোগ দায়ের করায় পর বেশ‌ কয়েকদিন কেটে গিয়েছে। তবুও এখনও কেন পুলিশ কোন উপযুক্ত ব্যবস্থা গ্ৰহণ করতে পারলো না? এতদিন পরেও পুলিশ বলছে, খোঁজ চলছে । আদতেই কি তাই না কি ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা প্রশাসন তা দেখা জরুরি।‘‘

Comments :0

Login to leave a comment