চীন, ব্রাজিল সহ প্রায় চোদ্দ দেশের শিল্প উৎপাদন সরাসরি নিয়ন্ত্রণ করতে নামছে আমেরিকা। অতিরিক্ত উৎপাদন ক্ষমতা রাখার যুক্তিতে ফের চড়া আমদানি শুল্ক বসানোর প্রস্তাব দিচ্ছে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এই দেশগুলির তালিকায় রয়েছে ভারতও।
ভারতের সঙ্গে বাণিজ্য সমঝোতা প্রক্রিয়া চালু রেখেছে আমেরিকা। ট্রাম্প প্রশাসনের প্রস্তাব অনুযায়ী, সমঝোতার শর্ত ভারত মেনে নিলে ১৭ শতাংশ হারে বসবে আমদানি শুল্ক। না হলে হার বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে।
আমেরিকার শর্ত অন্যায্য বলে বাণিজ্য সমঝোতা প্রক্রিয়া স্থগিত করেছে ব্রাজিলের লুলা ডা সিলভা প্রশাসন। ট্রাম্পের ঘনিষ্ঠ অনুগামী জেয়ার বোলসেনারোকে হারিয়ে জয়ী হয়েছেন লুলা। পর্যবেক্ষকদের অভিমত, লুলাকে ‘শাস্তি’ দিতে চাইছেন ট্রাম্প। সে দেশের বিমান নির্মাতা সংস্থা এমব্রেয়ারের ওপর চড়া শুল্ক বসাতে চাইছে আমেরিকা।
রাষ্ট্রপতি পদে দ্বিতীয়বার আসীন হয়ে শুল্কযুদ্ধ শুরু করেছিলেন ট্রাম্প। তাতে আমেরিকার অর্থনীতির বিশেষ সুবিধা হয়নি। বিশেষ করে চীনের পালটা শুল্কের ধাক্কায় নাজেহাল হয়েছেন আমেরিকার কৃষকরা। আমেরিকার সুপ্রিম কোর্ট ‘অর্থনৈতিক জরুরি অবস্থা’ ঘোষণা করে জনপ্রতিনিধি সভা কংগ্রেসকে এড়িয়ে একতরফা শুল্ক বসানোর নীতিকে বাতিল করেছে। এবার তার বিকল্প পথে এগচ্ছেন ট্রাম্প।
আন্তর্জাতিক সংবাদসংস্থা জানাচ্ছে যে চীনের ওপর সবচেয়ে বেশি হারে আমদানি শুল্ক বসানোর প্রস্তাব নিয়ে এগচ্ছে ট্রাম্প প্রশাসন। ৪৫ শতাংশ কর বসানোর প্রস্তাব করেছে।
পাশাপাশি, বাংলাদেশ, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, সুইৎজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ডের ওপর শুল্ক বসানোর লক্ষ্য জানিয়েছে ট্রাম্প প্রশাসন।
চলতি বছরের ডিসেম্বরে আমেরিকার মিয়ামিতে জি-২০ গোষ্ঠীর শীর্ষ বৈঠক। তার আগে বাণিজ্য সহযোগী দেশগুলিকে চাপে ফেলতে নেমেছে ট্রাম্প প্রশাসন।
ট্রাম্প প্রশাসনের যুক্তি, এই চোদ্দটি দেশ ভরতুকি এবং আমদানি নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। এদের শিল্প ক্ষেত্রে অতিরিক্ত উৎপাদন ক্ষমতা রয়েছে। বিশ্ব বাজারে চাহিদা বাড়লে এরা উৎপাদন বাড়িয়ে দেয়। ফলে সস্তার জিনিস বিশ্ব বাজারে সরবরাহ করছে। আমেরিকার শিল্প নির্মাতারা সমস্যায় পড়ে। এই যুক্তির সপক্ষে যদিও কোনও সমীক্ষা বা গবেষণার তথ্য নিয়ে আলোচনার ধারকাছ দিয়ে যায়নি ট্রাম্প প্রশাসন।
চীন ট্রাম্প প্রশাসনের যুক্তির কড়া সমালোচনা করেছে। চীন বলেছেন, দেশের প্রযুক্তিগত দক্ষতার কারণেই উৎপাদন ক্ষমতা রয়েছে। বিশ্ব বাজারে সরবরাহের ক্ষেত্রে উৎপাদন দক্ষতাই আসল কারণ। আমেরিকা এঁটে উঠতে না পেরে যুক্তি সাজাচ্ছে।
US Proposes New Tariff
চীন, ব্রাজিল, ভারত সহ ১৪ দেশে চড়া শুল্ক বসাচ্ছে ট্রাম্প প্রশাসন
×
Comments :0