রাজ্যের তৈরি রাস্তার নাম বদলের কমিটি বিশেষ আলোচনা চালালো কলকাতার লেনিন সরণি নিয়ে। আলোচনায় এসেছে বিশ্ব বাংলা সরণি, স্ট্র্যান্ড রোড, সত্যজিৎ রায় ধরণীও।
এই কমিটির সদস্য ও প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি তথাগত রায়, শুক্রবার, সাংবাদিক সম্মেলনে বলেছেন, "রাস্তার নতুন নামের অনেক প্রস্তাব পেয়েছি। তা নিয়ে গবেষণা চলছে। আবার পুরনো নাম পরিবর্তন করলে, কোনও প্রতিক্রিয়া হবে কিনা। এই কমিটির তরফ থেকে কলকাতা কর্পোরেশনকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। তারপর এই কমিটি ডিসেম্বর মাসের ৯ তারিখে পরবর্তী আরেকটি মিটিংয়ে বসবে।
বিজেপি’র প্রাক্তন রাজ্য সভাপতিকে লেনিন সরণির নাম পরিবর্তন সম্পর্কে প্রশ্ন করা হয়। তিনি বলেছেন, ‘‘মোটামুটি ধরতে পারেন এই নাম পরিবর্তন হবে। তবে সেই নাম পরিবর্তন করে কি হবে তা এখনো ঠিক করা হয়নি।’’ তিনি বলেন, ‘‘হো চি মিন সরণির নাম পরিবর্তন নিয়ে আমাদের চিন্তাভাবনা রয়েছে।’’
উল্লেখ্য, কলকাতায় আমেরিকার উপদূতাবাসের ঠিকানা সেই হো চি মিন সরণি, যে হো চি মিনের নেতত্বে ভিয়েতনামে মার্কিন সাম্রাজ্যবাদকে হারিয়ে দিয়েছিলেন সে দেশের মানুষ।
লেনিন সরণি প্রসঙ্গে তিনি বলেছেন, ‘‘লেনিনের সৃষ্ট যে রাষ্ট্র সেটাই তো নেই, অতএব কাউকে দুঃখ দেবার কোনও প্রশ্ন নেই।’’
উল্লেখ্য, সাম্রাজ্যবাদের বেষ্টনীর মধ্যে রাশিয়ায় লেনিনের নেতৃত্বেই সমাজতান্ত্রিক বিপ্লব হয়েছিল। গড়ে ওঠে শ্রমিক কৃষকের রাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত না থাকলেও রাশিয়ার বিপ্লব এবং লেনিন, দুই-ই বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ে মুক্তিকামী মানুষের অন্যতম হাতিয়ার আজও। লেনিন তাই ‘বিদেশী’ নন, আন্তর্জাতিক।
পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাস্তার নাম ঠিক করার জন্য নতুন কমিটি তৈরি করা হয়েছে আগেই। সেই কমিটির চেয়ারম্যান করা হয়েছে কার্তিক মহারাজকে। এদিন বৈঠকে ছিলেন কলকাতা কর্পোরেশনের প্রশাসক স্মিতা পান্ডেও।
শুক্রবার এই কমিটি কলকাতা কর্পোরেশন এলাকা ও সংলগ্ন এলাকার রাস্তার নাম পরিবর্তন সংক্রান্ত একটি বৈঠক করে। এই বৈঠকে কলকাতা কর্পোরেশন, বিধান নগর পৌরনিগম ও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন রাস্তার নিয়ে আলোচনা হয়েছে। রাস্তার নাম সম্পর্কিত বেশ কিছু পরামর্শও এসেছে। তা নিয়েও আলোচনা হয়েছে।
তথাগত রায় জানিয়েছেন, কিছু রাস্তার নাম নিয়ে সুদীর্ঘ আলোচনা হয়েছে। তার মধ্যে একটি হলো বিশ্ববাংলা সরণী, লেনিন সরণী, স্ট্র্যান্ড রোড।’’ তিনি বলেছেন, বিদেশি নাম পরিবর্তন করা নিয়ে কিছু চিন্তাভাবনা রয়েছে এই কমিটির। তার সঙ্গে কিছু স্বদেশী নাম নিয়েও রয়েছে। তিনি বলেছেন, "যে স্বদেশী নামগুলিকে আমরা কলকাতার রাস্তার নাম হিসেবে উচিত বলে বিবেচনা করছি না এরকমও কিছু রাস্তা বা পার্কের নাম নিয়ে আলোচনা হয়েছে।"
তিনি আবার বলেন, স্ট্র্যান্ড রোডের নাম সম্রাট শশাঙ্ক সরণি ও বিশ্ব বাংলা সরণির নাম বদলে শ্রী চৈতন্য সরণি করার প্রস্তাব এসেছে। তবে শশাঙ্কের সঙ্গে কলকাতার সম্পর্ক নেই।
তিনি বলেছেন, "শুধু রাস্তার নাম নিয়েই চিন্তা ভাবনা করছে না কমিটি। মেট্রো রেল স্টেশনগুলির যে নাম রয়েছে, সেই নাম গুলিতে খুব বিভ্রান্তি তৈরি হচ্ছে। মানুষজন বুঝতে পারছেন না।"
তথাগত বক্তব্য এই কমিটি মেট্রোরেল কর্তৃপক্ষের কাছে সুপারিশ করবে যে মেট্রো স্টেশনের নাম জায়গার নাম অনুযায়ী হবে। রেল কর্তৃপক্ষ যা উচিত বলে মনে করবেন তা করবেন।
মহম্মদ আলি পার্কের নাম পরিবর্তন নিয়ে তথাগত রায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, এখনই কিছু বলছি না।
Lenin Sarani also on the list for a name change; meeting at KMC
নাম বদলের তালিকায় লেনিন সরণিও, বৈঠক কর্পোরেশনে
×
Comments :0