Cyclone Aler

বঙ্গোপসাগরে নিম্নচাপ,ফের ঘূর্ণিঝড়ের শঙ্কা

জাতীয় রাজ্য

জমিতে ধান পেকেছে, কৃষকরা কাটার জন্য প্রস্তুতি নিতে চলেছেন। এই সময়ে, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের আশঙ্কায় কৃষকদের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। তাঁরা ঘূর্ণিঝড় এবং একটানা বৃষ্টির ভয় পাচ্ছেন। ঘূর্ণিঝড় আঘাত হানলে মাঠের ফসল নষ্ট হয়ে যেতে পারে। বঙ্গোপসাগরে আরও একটি ঘূর্ণিঝড় ‘আকভান’ আছড়ে পড়ার আশঙ্কা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী ২ দিনের মধ্যেই শক্তি বাড়িয়ে এই নিম্নচাপ আরও গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এই ঘূর্ণিঝড় কোথায় যাবে, তা স্পষ্ট নয় এখনও। যদিও সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিপথ ও তীব্রতা এখনও স্পষ্ট নয়। তা সত্ত্বেও, আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিচ্ছে যে ঘূর্ণিঝড়টি সম্ভবত অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হবে। ওড়িশায় সরাসরি আঘাত না হানলেও, রাজ্যটি সম্পূর্ণ বিপদমুক্ত থাকবে না। ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে ওড়িশা সরকার। উপকূলবর্তী, উত্তর ও দক্ষিণ ওড়িশার জেলাশাসকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একাধিক জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতাও জারি করেছে আবহাওয়া দপ্তর।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ শক্তিশালী হওয়ার কারণে আবহাওয়ার পরিবর্তন। জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বাতাস বইতে পারে। দিল্লি-এনসিআর-এ সকালে কুয়াশা ও ধোঁয়াশা থাকতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা ২৭-২৯ ডিগ্রি সেলসিয়াস থাকবে। জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং পার্শ্ববর্তী এলাকার বিচ্ছিন্ন স্থানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপ আরও শক্তিশালী হওয়ার কারণে ১৪ নভেম্বর ভারতজুড়ে আবহাওয়ার ওপর প্রভাব পড়তে পারে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের এই নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই অঞ্চলে একটি সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। নিম্ন বায়ুমণ্ডলে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় সঞ্চালন থেকে উত্তর মালদ্বীপ পর্যন্ত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিস্তৃত রয়েছে। আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জে মোটামুটি বিস্তৃত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বিচ্ছিন্নভাবে ভারী বর্ষণও হতে পারে। জম্মু ও কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান, মুজাফফারাবাদ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশ এবং পশ্চিম রাজস্থানে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিচ্ছিন্ন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তামিলনাড়ু, পুদুচেরি, কেরালা ,লাক্ষাদ্বীপ, উপকূলীয় অন্ধ্রপ্রদেশে। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উপ-হিমালয় পশ্চিমবঙ্গ ও সিকিম, মধ্যপ্রদেশ, গুজরাট, মহারাষ্ট্র, ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং কর্ণাটকে শুষ্ক আবহাওয়া থাকবে বলে পূর্বাভাস রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং জম্মু ও কাশ্মীর-লাদাখ-গিলগিট-বালতিস্তান-মুজাফফারাবাদের বিচ্ছিন্ন কিছু স্থানে বজ্রসহ ঝড় এবং ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম রাজস্থানে ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে বাতাস বইতে পারে সম্ভাবনা রয়েছে। আন্দামান সাগর, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আশপাশে ও উপকূলে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থেকে অত্যন্ত উত্তাল থাকবে। ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইতে পারে এবং সমুদ্র উত্তাল থেকে ‘উত্তাল’ থাকতে পারে। 
বঙ্গোপসাগরে তৈরি নতুন নিম্নচাপের জেরে আগামী সপ্তাহের শেষের দিকে ঝড়বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ২০ নভেম্বর দক্ষিণবঙ্গের সাত জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে, সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। কলকাতা ছাড়াও হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং ঝাড়গ্রামে হবে ঝড়বৃষ্টি। নিম্নচাপের জেরে আগামী সপ্তাহের শেষের দিকে আবহাওয়ায় বড় পরিবর্তন হবে বলে পূর্বাভাস। শুষ্ক আবহাওয়াই থাকতে পারে আগামী ৩-৪ দিন। তারপর থেকেই আকাশ আংশিক মেঘলা হয়ে পড়বে। শুরু হতে পারে দুর্যোগ। তবে নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত ভারি বৃষ্টির পূর্বাভাস নেই। শীতের আমেজ পেতে শুরু করছে রাজ্যবাসী। দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমেছে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও ২ থেকে ৪ ডিগ্রি কমার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কিন্তু শীতের আমেজে বাধা হয়ে দাঁড়াতে পারে বঙ্গোপসাগরের নিম্নচাপ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ১৪ নভেম্বরের মধ্যে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হতে পারে। ১৫ নভেম্বর সকালের দিকে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের দিকে এগোতে পারে। ১৬ নভেম্বর সন্ধ্যার মধ্যে মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।  ঘূর্ণিঝড়ের প্রভাব না পড়লেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি কাটলেই রাজ্যে শীতের আমেজ শুরু হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

Comments :0

Login to leave a comment