Editorial

অর্থমূল্যে প্রশংসা ক্রয়

সম্পাদকীয় বিভাগ

আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা ও অভিনন্দন জোগাড় করতে ৫৬ ইঞ্চি ছাতিওয়ালা বিশ্বগুরুকে নাকি মোটা অঙ্কের টাকা খরচ করতে হয়েছিল। আর সেই টাকা যে দেশের মানুষের কষ্টার্জিত করের টাকা থেকে দেওয়া হয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। যে টাকা দিয়ে দেশের সাধারণ মানুষের জন্য চিকিৎসা ক্ষেত্রের উন্নতি, সরকারি শিক্ষা, রুজি-রোজগার, কৃষকের ফসলের দাম পাবার ব্যবস্থা করার কথা ছিল সেই টাকা‍‌ নিয়ে প্রধানমন্ত্রী নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার ব্যবস্থা করেছেন। আমেরিকার দৌত্যকারী সংস্থা তথা লবিইং ফার্ম মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স দাবি করেছে গত জুন মাসে নরেন্দ্র মোদীকে ভারতের সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী থাকার জন্য ট্রাম্পের অভিনন্দন পাবার ব্যবস্থা করে দিয়েছে তারা। সেটা অবশ্য বিনামূল্যে হয়নি। মোদী সরকারকে তার জন্য অনেক টাকা ঢালতে হয়েছে। বস্তুত এই দৌত্যকারী সংস্থাকে নিজেদের প্রয়োজনেই নিয়োগ করেছে মোদী সরকারের বিদেশ দপ্তর। আমেরিকায় অবস্থিত ভারতীয় দূতাবাস মাসিক ৭৫ হাজার ডলারের বিনিময়ে এই সংস্থার সঙ্গে চুক্তি করে।
অপর একটি লবিইং সংস্থা এসএইচডব্লিউ-র সঙ্গে মোদী সরকার চুক্তি করে এক বছরের জন্য। মাসে তাদের দিতে হয়েছে দেড় লক্ষ মার্কিন ডলার করে। ট্রাম্পের ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে থাকা জেসন মিলার এই সংস্থার প্রধান। এদের দাবি এরা গত মে-জুন মাসে হোয়াইট হাউসের শীর্ষ কর্তাদের সঙ্গে মোদী সরকারের কর্তাদের সঙ্গে ফোনে কথা বলার ব্যবস্থা করে দিয়েছিল।
এই ঘটনাগুলি থেকে একটা বিষয় স্পষ্ট ডোনাল্ড ট্রাম্পকে মোদী যতই তাঁর প্রিয় বন্ধু, প্রাণের বন্ধু, ভালো বন্ধু বলে জাহির করলেও ট্রাম্প আদৌ তা মনে করেন বলে মনে হয় না। অন্যান্য রাষ্ট্র নেতাদের মতো ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় মোদী কোলাকুলি, গলাগলি করে যতই দু’জনের অন্তরঙ্গতা দেখানোর চেষ্টা করুন না আদতে সবটাই সাজানো নাটক ছাড়া কিছুই নয়। ট্রাম্প বা হোয়াইট হাউস কর্তারা নিজের থেকে মোটেই মোদীদের সঙ্গে কথা বলেন না। মোদীদেরই মোটা অঙ্কের টাকা খরচ করে এজেন্ট নিয়োগ করে ট্রাম্পের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হয়।
এর আগে আমেরিকা সফরে গিয়ে ট্রাম্পের নির্বাচনী প্রচারে অংশ নিয়ে নজিরবিহীনভাবে মোদী স্লোগান দিয়েছিলেন ‘অব কি বার ট্রাম্প সরকার’। তেমনি ট্রাম্পকে ভারতে অভূতপূর্ব সংবর্ধনার জন্য আয়োজন করেছিল ‘নমস্তে ট্রাম্প’ কর্মসূচি। কিন্তু তাতেও ট্রাম্পের বি‍‌শেষ মন গলানো গেছে বলে মনে হয় না। অপারেশন সিঁদুরের সময় মোদী তথা ভারতকে চূড়ান্ত অপদস্ত ও অপমান করে পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন ট্রাম্প। তেমনি শুল্ক সন্ত্রাসে ট্রাম্পের অন্যতম টার্গেট ছিল মোদীর ভারত। রাশিয়া থেকে তেল কেনা নিয়েও মোদী সরকারকে নাস্তানাবুদ করে‍ছিলেন ট্রাম্প। সেই ট্রাম্পের সঙ্গে ভাব করে নিজের প্রচারে আলো ফেলতে মরিয়া বিশ্বগুরু।

Comments :0

Login to leave a comment