Minor girl molested

সেনা আবাসনে নাবালিকাকে শ্লীলতাহানি, গ্রেফতার জওয়ান

কলকাতা

শহরের একটি সেনা আবাসনে সেনা আধিকারিকের নাবালিকা মেয়েকে শ্লীলতাহানির অভিযোগ উঠল নিরাপত্তার দায়িত্বে থাকা এক জওয়ানের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে হেস্টিংস থানার পুলিশ। রবিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। সোমবার আদালতে পেশ করা হলে অভিযুক্তকে পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৫ নভেম্বর ওই নাবালিকা আবাসনের ভিতরে একটি পার্কে অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়েছিল। সেই সময় নিরাপত্তার দায়িত্বে থাকা অভিযুক্ত জওয়ান তার কাছে যায় এবং অশালীন আচরণ করার চেষ্টা করে বলে অভিযোগ। নাবালিকা আপত্তি জানালে তাকে জোর করে  শ্লীলতাহানি করা হয়। এতে তার ঠোঁটে গুরুতর আঘাত লাগে বলে অভিযোগ।
নাবালিকার চিৎকার শুনে পার্কে উপস্থিত নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁদের কাছে গোটা ঘটনাটি জানায় ওই নাবালিকা। পরে তাঁর মাকেও বিষয়টি জানায় সে। এরপর নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে হেস্টিংস থানায় মামলা দায়ের হয়।
তদন্তে নেমে আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে শনাক্ত করেছে পুলিশ। ঘটনার সময় পার্কে কর্তব্যরত নিরাপত্তাকর্মীদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। নাবালিকার চিকিৎসা পরীক্ষা করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। পাশাপাশি ঘটনার সময় তার পরনে থাকা পোশাক ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

Comments :0

Login to leave a comment