Editorial

মোদীশাসনে সংবাদমাধ্যমের স্বাধীনতা

সম্পাদকীয় বিভাগ

‘‘মাননীয় প্রধানমন্ত্রী মোদী, কেন আপনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন না?’’ বিশ্বের সবচেয়ে অবাধ সংবাদমাধ্যম বলে স্বীকৃত নরওয়ের একজন মহিলা সাংবাদিক অসলোতে গত মাসে মোদীর ভ্রমণকালে এই প্রশ্ন করেছিলেন। যথারীতি সেই প্রশ্নেরও কোনও উত্তর দেননি মোদী। কিন্তু মোদীকে প্রশ্ন করার ‘অপরাধে’—  সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে নরওয়ের সাংবাদিক হেলা লিঙ স্বেন্ডসেনের ভারতে আসা আটকে দেওয়া হয়েছে। 
গত শুক্রবার হায়দরাবাদে ‘ভারত আন্তর্জাতিক সম্মেলন’-এ সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে এক বিশেষ বক্তৃতামালায় অংশ নিতে তিনি এদেশে আসছিলেন। ভিসা আগে পেলেও একেবারে শেষ মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে দেশে তাঁর প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। জানা গিয়েছে, ৩১৫জন বক্তার মধ্যে সবাই বিদেশ মন্ত্রকের ছাড়পত্র পেয়েছিলেন। তারপরেও সম্মেলন শুরুর মাত্র ৩০ ঘণ্টা আগে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে বেছে বেছে ১১৩ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এক ভিডিও বার্তায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে সরাসরি প্রশ্ন করেছেন স্বেন্ডসেন। তাঁর বক্তব্য, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং তার ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্যই তাঁকে সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল। তা সত্ত্বেও কোনও কারণ না দেখিয়ে ভারতে তাঁর প্রবেশ আটকে দেওয়া হলো কেন? 
বাক্‌ স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের মৌলিক ভিত্তি। ভারতের সংবিধানের ১৯(১)(ক) অনুচ্ছেদেও এই অধিকার স্বীকৃত। স্বাভাবিকভাবেই এই ঘটনায় তীব্র প্রতিবাদের ঝড় উঠেছে। মোদী সরকারের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে এডিটর্স গিল্ড অব ইন্ডিয়া এক বিবৃতিতে বলেছে, মে মাসে অসলোয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন তোলা ছাড়া তাঁর বিরুদ্ধে অন্য কোনও কারণ সামনে আসেনি। প্রধানমন্ত্রীকে প্রশ্ন করায় একজন সাংবাদিকের দেশে প্রবেশ নিষিদ্ধ করা প্রশাসনিক ক্ষমতার অপপ্রয়োগ বলেই মনে করছে গিল্ড। 
যদিও এটি একটি সাম্প্রতিক ঘটনা মাত্র। কিন্তু এই ঘটনা ইঙ্গিত দেয় কিভাবে মোদী জমানায় সংবাদ-স্বাধীনতা তলানিতে পৌঁছেছে, মুক্ত সাংবাদিকতাকে পিষে মারা হচ্ছে। গত ১২বছরে সংবাদমাধ্যমের স্বাধীনতা, গণমাধ্যমের মুক্তকণ্ঠের অবস্থা সম্পর্কে বেশ কয়েকটি দেশি-বিদেশি সমীক্ষা রিপোর্ট ও বিশেষজ্ঞরা বলছেন, মোদী জমানায় গণমাধ্যমের স্বাধীনতা বহুলাংশে খর্ব হয়েছে। কেন্দ্র বিরোধী বা শাসকদল বিরোধী খবরে যে কোনও পদ্ধতিতে কাঁচি চালিয়েছে মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার।
সম্প্রতি ‘রিপোর্টার্স উইদাউট বর্ডার্স’ (আরএসএফ) প্রকাশিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্স বা বিশ্ব সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকের নিরিখে ভারতের অবস্থান ২০২৬সালের মাপকাঠিতে ১৮০টি দেশের মধ্যে ১৫৭ নম্বরে। এই অবনমন ঘটেছে ২০১৪ সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকে। এই তালিকায় ভারতের উপরে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা, পাকিস্তানও। ২০২৫ সালে আরএসএফ প্রকাশিত প্রেস ফ্রিডম সূচকে ১৮০টি দেশের মধ্যে ভারতের স্থান ছিল ১৫১ তম। ভারতের উপরে ছিল বাংলাদেশ, রোয়ান্ডা, শ্রীলঙ্কা, লিবিয়া সহ বহু দেশ। দেখা যাচ্ছে, ২০২৫ সালের তুলনায় ভারতের অবস্থান ২০২৬ সালে ৬ ধাপ পেছিয়েছে।
নরেন্দ্র মোদীর আমলে ভারতের সাংবাদিকতা ও সংবাদপত্রের স্বাধীনতা এখন বিশ্বব্যাপী আলোচনার বিষয়। এ সময়ে গণমাধ্যম নজরদারি সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী, ভারতের সংবাদপত্রের স্বাধীনতার সূচকে ক্রমাবনতি ঘটেছে। এছাড়া, প্রধান ধারার সংবাদমাধ্যমগুলোর ওপর ক্ষমতাসীন দলের প্রভাব ও 'গোদি মিডিয়া' বা সরকার-ঘনিষ্ঠ সাংবাদিকতার প্রবণতা বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ।

Comments :0

Login to leave a comment