MUKTADHARA | POETRY | AMAR DURGA | SWAPAN PAL | 7 OCTOBER 2026 | 4th YEAR

মুক্তধারা | কবিতা | দুর্গা আমার | স্বপন পাল | ৭ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  POETRY  AMAR DURGA  SWAPAN PAL  7 OCTOBER 2026  4th YEAR

মুক্তধারা

কবিতা

দুর্গা আমার

স্বপন পাল

৭ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ
 

তোমার দুর্গা মন্ডপে নয়তো আছেন মন্দিরে
আমার দুর্গা বাবুর বাড়ি তখন কাজে বন্দিরে ।

তোমার দুর্গা আসলে পাড়ায় আনন্দেরই ডাকে বান 
আমার দুর্গা ভ্রূণেই হত‍্যা জাগে ঘরে শোকের গান!

তোমার দুর্গা দশভূজা পায় যে পূজা ভক্তিতে
আমার দুর্গা পায়না রক্ষা পথে নিজের শক্তিতে।

তোমার দুর্গা আলোয় আলোয় অপর দিকে অন্ধকার
আমার দুর্গা লাঞ্ছিত সব পায়না বিচার বন্ধ দ্বার ।

তোমার দুর্গা খুশি ছড়ায় অট্টালিকা-কুঁড়েঘরে
আমার দুর্গা শুধুই দেখে অনাদরে শিউলি ঝরে ।

তোমার দুর্গা ভোগ আরতির বিশাল-বিপুল  আয়োজন
আমার দুর্গা পথের বাঁকে কান্না আঁকে  ভাঙা মন !

তোমার দুর্গা সাড়ম্বরে আসে এবং যায় চলে
আমার দুর্গা পেটের দায়ে অন্ধকারে পথ ভোলে।

তোমার দুর্গা হোকনা মাটির বিসর্জনে বিষাদ ওড়ে
আমার দুর্গা জীবন্ত সে কোন আগুনে রোজই  পোড়ে !

Comments :0

Login to leave a comment