বড়সড় প্রযুক্তিগত বিভ্রাটের পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছে মাইক্রোসফটের পরিষেবা। দীর্ঘ ৩৬ ঘণ্টারও বেশি সময় ধরে চলা প্রযুক্তিগত বিভ্রাটের অবশেষে অবসান ঘটাল মাইক্রোসফট। বিভিন্ন পরিষেবায় ফের ব্যবহার করতে পারছেন ব্যবহারকারীরা। শনিবার সংস্থার তরফে জানানো হয়েছে, কয়েক ঘণ্টা ধরে বিশ্বজুড়ে বিঘ্ন ঘটার পর অধিকাংশ পরিষেবা পুনরায় সচল হয়েছে। মাইক্রোসফটের একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে বিশ্বব্যাপী এই প্রযুক্তি সংস্থাটির মাইক্রোসফট ৩৬৫, আউটলুক এবং টিমস-সহ বহু পরিষেবা ব্যাহত হয়। মাইক্রোসফট জানিয়েছে , ৭৪টি দেশে ব্যাপক বিভ্রাটের কারণে আউটলুক বন্ধ হয়ে যাওয়া এবং টিমস ও কোপাইলট-এর পরিষেবা ব্যাহত হওয়ার পর তারা তাদের সবচেয়ে জনপ্রিয় কর্ম পরিষেবাগুলো পুনরুদ্ধারে অগ্রগতি করেছে। মাইক্রোসফট শনিবার জানিয়েছে, কয়েক ঘণ্টা ধরে চলা বড় ধরনের বিভ্রাটের পর তাদের পরিষেবাগুলো পুরোপুরি পুনরুদ্ধার করা হয়েছে। সংস্থাটি সামাজিক মাধ্যম‘এক্স’এ জানিয়েছে, ‘‘আমরা এই ঘটনার মূল সমস্যাটি সমাধানের কাজ সম্পন্ন করেছি এবং পরিষেবা পুনরায় সচল করেছি।’’ এই বিভ্রাটের ফলে বিভিন্ন স্থানের সরকারি, আদালত, স্বাস্থ্য ব্যবস্থা, ব্যবসা প্রতিষ্ঠান, বিমান সংস্থা এবং ব্যাংকগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। জাপান, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশের সরকার জানিয়েছে , দীর্ঘ কয়েক ঘণ্টা স্থায়ী এই পরিস্থিতির কারণে তাদের কিছু কাজকর্ম ব্যাহত হয়েছে।
মাইক্রোসফট তাদের ওয়েবসাইটে জানিয়েছে , ৪৩ কোটি’রও বেশি মানুষ মাইক্রোসফট ৩৬৫ অ্যাপ ব্যবহার করেন। মার্জিন যুক্তরাষ্ট্রের সময় অনুযায়ী বৃহস্পতিবার দুপুরের দিকে সমস্যাগুলো দেখা দিতে শুরু করে।
সংস্থাটি শুক্রবার এই বিঘ্নের জন্য ক্ষমা চেয়ে জানিয়েছে , পরিষেবা বিভ্রাটের ঘটনাটি কোনো ‘সাইবার’ বিষয় বা কৃত্রিম বুদ্ধিমত্তা এজেন্টের সঙ্গে সম্পর্কিত নয়। সংস্থাটি আরও জানিয়েছে, নেটওয়ার্ক সক্ষমতা বাড়ানোর আগের একটি প্রক্রিয়ায় থাকা ত্রুটি থেকে এই ঘটনার সূত্রপাত হয়েছে, যা সাম্প্রতিক নেটওয়ার্ক পরিবর্তনের পর সামনে এসেছে। পরিষেবা স্বাভাবিক হলেও এখনই নিশ্চিন্ত হতে চাইছে না মাইক্রোসফট। নতুন করে যাতে কোনও সমস্যা দেখা না দেয়, সে জন্য সংস্থার প্রযুক্তিগত পরিকাঠামো এবং ইমেল পরিষেবার উপর এখনও নজরদারি চালানো হচ্ছে।
Comments :0