Sandeshkhali

সন্দেশখালিতে প্রাক্তন বিধায়কের গাড়ির ধাক্কায় মৃত ২, জখম ২

রাজ্য জেলা

বসিরহাট পুলিশ জেলার ন্যাজাট থানার বয়ারমারী এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই টোটো যাত্রীর। বুধবারের এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও তিনজন। প্রাক্তন তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর গাড়ির সঙ্গে একটি টোটোর মুখোমুখি সংঘর্ষের জেরে এই দুর্ঘটনা ঘটে। যদিও দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না প্রাক্তন বিধায়ক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভ ছড়িয়েছে। মৃতরা হলেন মুজিবর রহমান (৪৭) ও মহিমা বিবি (৫০)। এরা সম্পর্কে ভাই বোন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুটি টোটোর মধ্যে রেষারেষি চলছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা সুকুমার মাহাতোর গাড়িটি বয়ারমারী মোড়ের কাছে একটি টোটোকে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি ও টোটোটি রাস্তার পাশের একটি পুকুরে গিয়ে পড়ে। বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। ঘটনাস্থলেই মৃত্যু হয় টোটোর দুই যাত্রীর। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, নিহত ও আহতদের বাড়ি দক্ষিণ ২৪ পরগণার ভাঙড় এলাকায়।
প্রত্যক্ষদর্শী মেজানুর মোল্লা জানান, রাস্তার বাঁ দিক ঘেঁষে একটি টোটো আসছিল। সেই সময় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা গাড়িটি প্রথমে টোটোটিকে ধাক্কা মারে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি টোটোর উপর আছড়ে পড়ে। সংঘর্ষের জেরে দু’টি গাড়িই রাস্তার পাশের জলাশয়ে পড়ে যায়। দুর্ঘটনার সময় টোটোতে পাঁচজন যাত্রী ছিলেন। তাদের মধ্যে দু’জন ছিটকে পড়েন বলেও জানান তিনি। দুর্ঘটনার বিষয়ে প্রাক্তন বিধায়ক সুকুমার মাহাতো জানান, তিনি তখন স্কুলে ছিলেন। স্কুল ছুটির পর চিকিৎসকের কাছে যাওয়ার জন্য কলকাতা রওনা দেওয়ার কথা ছিল তার। তিনি আগেই বাইকে করে স্কুলে পৌঁছে গিয়েছিলেন। তার গাড়িচালক গাড়িটি নিয়ে স্কুলে আসার পথে দুর্ঘটনাটি ঘটে। তার দাবি, রাস্তায় দুটি টোটোর মধ্যে রেষারেষির জেরেই এই দুর্ঘটনা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন। ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক বলে উল্লেখ করে সুকুমার মাহাতো জানান, নিহত ও আহতদের পরিবারের পাশে তিনি থাকবেন। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাড়িটি আটক করে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয়েছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটলো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Comments :0

Login to leave a comment