প্রাক্তন তৃণমূলী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ডাবল ইঞ্জিনের সরকার এবং জ্ঞানেশ কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশন এ রাজ্যকে কার্যত মগের মুলুকে পরিণত করেছে তা স্পষ্ট হয়ে যাচ্ছে দু’টি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলায় সর্বোচ্চ আদালতের নির্দেশ এবং বিস্ময় মিশ্রিত প্রশ্ন থেকে। একটি মামলা এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের তুঘলকি কর্মকাণ্ডের বিরুদ্ধে অন্যটি কলকাতা কর্পোরেশনের আসন পুনর্বিন্যাস সংক্রান্ত রাজ্য সরকারের জমিদার সুলভ আচরণের বিরুদ্ধে। মোদী ভক্ত জ্ঞানেশ কুমার তো নির্বাচন কমিশনকে ব্যক্তিগত সম্পত্তি বানিয়ে ফেলেছেন। আর তাতে প্রবলভাবে উৎসাহিত শুভেন্দুও কলকাতা কর্পোরেশনকে খিড়কির উঠোন বানিয়ে ফেলেছেন।
বিধানসভা নির্বাচনে পরাজিত তৃণমূল কলকাতা কর্পোরেশনে বিপুল সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় থাকলেও রাতারাতি ক্ষমতা ছেড়ে পালিয়ে গেছে। সেই সুবাদে শুভেন্দুরা মনের মতো একজন সরকারি আমলা প্রশাসক বসিয়ে নিজেদের খেয়াল খুশি মতো কর্পোরেশন পরিচালনা করছেন। এদিকে বছরের শেষেই কর্পোরেশন নির্বাচন করার কথা। শুভেন্দুরা হিসাব কষে দেখেছে নির্বাচন হলে জিতে এসে বোর্ড গঠন নিশ্চিত নাও হতে পারে। তাই ঝুঁকি না নিয়ে কৌশলে ভোটে জেতার ছক কষে। বর্তমান ১৪৪টি ওয়ার্ডকে ভেঙে ২০৯টি ওয়ার্ড করে এবং নতুন ওয়ার্ডগুলির বিন্যাস বা এলাকা এমনভাবে নির্ধারণ করা হবে যাতে চোখ বুঝে সংখ্যাগরিষ্ঠ আসনে জেতা যায়। সাধারণভাবে এ ধরনের আসন পুনর্বিন্যাসের কাজ করতে হয় সময় নিয়ে পর্যাপ্ত পর্যালোচনা করে, সব পক্ষের এবং সাধারণ মানুষের মতামত নিয়ে। কিন্তু শুভেন্দুদের হাতে সময় নেই। যেভাবেই হোক এবং যত তাড়াতাড়ি সম্ভব নিজেদের খেয়ালখুশি মতো ওয়ার্ডগুলিকে ভাঙচুর করে নতুন ওয়ার্ডের এলাকা চিহ্নিত করা হয়েছে কার্যত বিজেপি অফিসে বসে। বিরোধী ও সাধারণ মানুষের মতামত দোষ কাটানোর জন্য লোক দেখানোর মতো করে নিয়ে সরকারি নির্দেশ জারি করে দিয়েছে।
এখন সুপ্রিম কোর্ট শুভন্দেু সরকারের কাছে জানতে চেয়েছে কার প্রস্তাবে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। পৌরসভা স্বশাসিত সংস্থা। সরকারের হুকুমে পৌরসভা চলতে পারে না। অন্তর্বর্তীকালীন সময়ে যখন নির্বাচিত বোর্ড থাকে না তখন সরকার নিযুক্ত প্রশাসক দৈনন্দিন কাজ পরিচালনা করার অধিকার পান। নীতি নির্ধারণের অধিকার তাঁর থাকে না। আসন পুনর্বিন্যাসের মতো গুরুত্বপূর্ণ নীতিগত ও মৌলিক সিদ্ধান্ত প্রশাসকের এক্তিয়ারের মধ্যেই পড়ে না। অথচ সরকারের নির্দেশে তিনি নিজেকে মেয়র বিবেচনা করে সুপারিশ করে দিলেন। আর সরকারও নাচতে নাচতে পুনর্বিন্যাস করে ফেলে। পৌরসভা যে রাজ্য সরকারের খাসতালুক নয় সেই বোধবুদ্ধিটুকুও ক্ষমতার লালসায় অন্ধ শুভেন্দুদের ঘটে নেই। সর্বোচ্চ আদালতকে এখন তাদের প্রাথমিক শিক্ষার বন্দোবস্ত করতে হচ্ছে।
editorial
না জানলে জেনে নিতে হয়
×
Comments :0