Meenakshi Mukherjee At Cooch Behar

জনজোয়ারের মাঝে কোচবিহারে আক্রান্ত পার্টি অফিস পরিদর্শন মীনাক্ষীর

রাজ্য জেলা

অমিত কুমার দেব: কোচবিহার

কোচবিহার জেলার একাধিক লাল ঝান্ডার অফিস ভেঙে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে রাজ্যের শাসকদলের আশ্রিতরা। পার্টি অফিস গুলিতে তালা দিচ্ছে তারা। কিন্তু এতে পার্টির কাজকর্ম থেমে থাকবে না। পার্টি অফিস খুললো, কি পার্টি অফিস বন্ধ হয়ে গেল, এটা বড় কথা নয়। বড় কথা হল গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করবার জন্য কোচবিহারের পুলিশ সুপার, কোচবিহারের জেলাশাসক সহ কোচবিহারের পুলিশের ভূমিকা কি? কোচবিহারে জনপ্রতিনিধি হিসাবে এখানের সাংসদ ও বিধায়কদের ভূমিকা কি? প্রতিনিয়ত একদল দুষ্কৃতী অন্য একটি রাজনৈতিক দলের অফিসে দিনের পর দিন হামলা করবে, আঘাত করবে, ঝান্ডা খুলে দেবে, পুড়িয়ে দেবে আর সরকার নাকে তেল দিয়ে ঘুমাবে? এটা হতে পারে না, পুলিশ কোথায়? গণতান্ত্রিক পরিবেশ কোথায়? মঙ্গলবার রাতে কোচবিহার ১নং ব্লকের সুকটাবাড়ি এলাকায় আক্রান্ত সিপিআইএম দপ্তর পরিদর্শন করতে এসে এই প্রশ্নই তুললেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য মীনাক্ষী মুখার্জি।
সোমবার বিজেপি দুষ্কৃতীদের আক্রমণে ক্ষতিগ্রস্ত হয় এই সিপিআই(এম) কার্যালয়। দলীয় দপ্তরটি দখল করতে গিয়েও ব্যর্থ হয় দুষ্কৃতীরা। গ্রামবাসীদের সাথে নিয়ে দপ্তরটি পুনরুদ্ধার করেন সিপিআই(এম) কর্মীরা। শনিবার রাতে মাথাভাঙ্গায় দলীয় কর্মসূচি সেরে কোচবিহারে ফেরার পথে এই সুখটা বাড়ি এলাকা পার্টির নেতা কর্মীসহ সাধারণ মানুষের সাথে কথা বলেন মীনাক্ষী মুখার্জি। সঙ্গে ছিলেন সিপিআই(এম) কোচবিহার জেলা সম্পাদক অনন্ত রায়, পার্টি নেতা মহানন্দ সাহা প্রমুখ। এদিন মীনাক্ষী মুখার্জীকে অভিবাদন জানাতে কার্যত জনজোয়ার দেখা যায় এই সুকটাবাড়ি এলাকায়। সাধারণ মানুষের উচ্ছ্বাসে কার্যত ভেসে যান মীনাক্ষী মুখার্জি সহ পার্টি নেতারা।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মীনাক্ষী মুখার্জী বলেন, যারা বাঁদর তারা বাঁদরামি করবে, তাতে আমাদের অফিস খুলবে, কি খুলবে না, এটা ঠিক হবে না। যারা বাঁদরামি করছে এই দুষ্কৃতীদের পুলিশ যদি বকলমে সাহায্য করে, তাদের বিরুদ্ধে যদি অ্যাকশন না নেয়, যদি তাদের পিঠে হাত রাখে। তাহলে বিগত ১৫ বছরের পুনরাবৃত্তি ঘটবে। ইতিমধ্যেই কোচবিহার ১ নং ব্লকের সুকটাবাড়ি এলাকায় সিপিআই(এম) দপ্তর তালা দিয়েছে দুষ্কৃতীরা। এলাকার সাধারণ মানুষ তা উদ্ধার করেছেন। আগামীতে আবার আক্রমণ করলে তা প্রতিহত করবেন এলাকার সাধারণ মানুষই। মোদ্দা কথা গণতান্ত্রিক পরিবেশ কোচবিহারে থাকবে কিনা। 
কোচবিহার রাসমেলা উদ্বোধনে মুখ্যমন্ত্রী, এই প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরের দিতে গিয়ে মীনাক্ষী মুখার্জি বলেন, মুখ্যমন্ত্রী কোথায় উদ্বোধনে যাবেন, তা সরকার ঠিক করে। কিন্তু তা দিয়ে তো মানুষের কর্মসংস্থানের জায়গা ঠিক হবে না, শ্রমিকের মজুরি বৃদ্ধি হবে না, বুক স্টলে আক্রমণ, পার্টি অফিসে আক্রমণ, পিটিয়ে খুন করে দেওয়া, কোচবিহারে ৪টি মহিলার সাথে খারাপ ঘটনা ঘটে যাওয়া, অন্তঃসত্ত্বা মহিলাকে পেটে লাথি মেরে গর্ভের সন্তানকে খুন করে দেওয়া, এগুলি কোনটাই মিথ্যে হয়ে যাবে না। ফলত সরকার কি সিদ্ধান্ত গ্রহণ করবে, সরকারের মুখ্যমন্ত্রী কোথায় উদ্বোধনে যাবেন, কি করবেন, এটা সরকারের নীতি হবে। পশ্চিমবঙ্গের জনগণ ভবিষ্যতে বলবে যে তারা সরকারকে কোথায় দেখতে চেয়েছিলেন। আর একটি রাজনৈতিক দল হিসাবে সিপিআই(এম) দেখবে মানুষের রুটি রুজির ক্ষেত্রে আলাদা করে সরকারের কি নীতি, কি পলিসি এবং তার কি প্রয়োগ, এই বিষয়গুলি।

Comments :0

Login to leave a comment