‘ইন্ডিয়া’ মঞ্চ জাতীয় স্তরে সমঝোতা গড়ার জন্য। কিন্তু দেশের সব রাজ্যে পরিস্থিতি এক নয়। রাজ্যের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে রাজ্য স্তরে।
রবিবার কলকাতায় প্রমোদ দাশগুপ্ত ভবনের বাইরে সংবাদমাধ্যমের প্রশ্নে এ কথা বলেছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি। তিনি এদিন সীতারাম ইয়েচুরি ফাউন্ডেশন আয়োজিত সাম্রাজ্যবাদ বিষয়ক আলোচনা সভায় যোগ দিতে এসেছিলেন।
এদিন সংবাদমাধ্যম তাঁকে প্রশ্ন করে রাজ্যে মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের সঙ্গে বোঝপড়ার ক্ষেত্রে সিপিআই(এম)’র দৃষ্টিভঙ্গি প্রসঙ্গে। বেবি বলেন, এই প্রশ্নে অবস্থান বারবার জানানো হয়েছে। ফ্যাসিবাদী প্রবণতা সম্পন্ন আরএসএস নিয়ন্ত্রণ করে বিজেপি-কে। তারা দেশের সরকারে। এই বিপদকে প্রতিহত করতে জাতীয় স্তরে ‘ইন্ডিয়া’ মঞ্চ গঠন করা হয়েছে। সিপিআই(এম) তার মধ্যে রয়েছে। কিন্তু রাজ্যে রাজ্যে পরিস্থিতি আলাদা। রাজ্যের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
বেবি বলেন, কেরালায় আমরা কংগ্রেসের সঙ্গে লড়াই করছি। কিন্তু ‘ইন্ডিয়া’ মঞ্চে সর্বভারতীয় স্তরে কংগ্রেসের সঙ্গে রয়েছি। সে রকম পশ্চিমবঙ্গের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে পার্টির রাজ্য কমিটি।
উল্লেখ্য, সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন যে রাজ্যে বিজেপি এবং তৃণমূল, দুই শক্তির বিরুদ্ধেই লড়াই চালাবে সিপিআই(এম)।
Comments :0