দেশের বিজেপি সরকার কেবল উগ্র দক্ষিণপন্থার রাস্তায় বিভাজনের রাজনীতিই করছে না। সেই সঙ্গে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নির্লজ্জ আত্মসমর্পণের পথও নিয়েছে। পশ্চিমবঙ্গের সরকারে আসীন হয়ে বিজেপি লেনিন সরণির মতো রাস্তার নাম বদলের কথা বলছে সেই কারণেই।
রবিবার, ২২ নভেম্বর, কলকাতায় প্রমোদ দাশগুপ্ত ভবনে এ কথা বলেছেন সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি। সীতারাম ইয়েচুরি ফাউন্ডেশন এবং জ্যোতি বসু সমাজচর্চা ও গবেষণা কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের শেষ পর্বে আলোচনা হয় সাম্রাজ্যবাদের বিপদ ও প্রতিরোধ প্রসঙ্গে। এখানেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বেবি। তিনি বলেন, আমরা নিশ্চিত যে রাস্তার নাম বদলের এমন চেষ্টার প্রতিবাদও হবে।
সীতারাম ইয়েচুরি ফাউন্ডেশনের আলোচনায় এদিন নতুন প্রজন্মের আন্দোলন নিয়েও হয়েছে আলোচনা চক্র। স্নাতক এবং স্নাতকোত্তরের ছাত্রছাত্রীরা প্রথম পর্বে পেশ করেছে আজকের সাম্রাজ্যবাদ সম্পর্কিত গবেষণা পত্র।
এই প্রসঙ্গে বেবি বলেন, নতুন আশা নতুন ভবিষ্যতের দিশা তৈরি করেছে নতুন প্রজন্ম। আমাদের দেশে এবং বিশ্বে তা দেখা যাচ্ছে। আত্মবিশ্বাস নিয়ে তারা লড়াই করছে।
(বিকল্প খুঁজছে নতুন প্রজন্ম, বিকল্প সমাজতন্ত্রই: মত আলোচনায়)
সাম্রাজ্যবাদ প্রসঙ্গে বেবি বলেন, ট্রাম্পের নেতৃত্বে মার্কিন সাম্রাজ্যবাদ নির্লজ্জ বর্বরতম কায়দায় চলছে। ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে তুলে এনে বন্দি করেছে। কিউবার হামলার চেষ্টা চলছে। ট্রাম্প তা ঘোষণা করছেন।
এদিন ভিডিও-তে ভাষণ দিয়েছেন অর্থনীতিবিদ অধ্যাপক প্রভাত পট্টনায়েক এবং প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি। সঞ্চালনা করেছেন অর্থনীতিবিদ অধ্যাপক সিপি চন্দ্রশেখর। অংশ নেন অধ্যাপক মালিনী ভট্টাচার্য এবং ইতিহাসবিদ লেখক মুকুল কেশবন।
ইয়েচুরির স্মৃতিতে শ্রদ্ধা জানিয়ে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের জোরালো বার্তা দেন কিউবার রাষ্ট্রদূত জুয়ান কার্লোস মারসান অগলেরা। মঞ্চে ছিলেন প্রবীণ সিপিআই(এম) নেতা বিমান বসুও।
বেবি বলেন, ভারতের অবস্থান আত্মসমর্পণের। ইজরায়েল-মার্কিন অক্ষের সামনে নতিস্বীকার করেছেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, সাম্রাজ্যবাদ বিরোধী আলোচনা চক্রের জন্য কলকাতাই আদর্শ স্থান। এ শহরে আমেরিকান উপদূতাবাসের ঠিকানা ভিয়েতনামের মুক্তিযুদ্ধের নায়ক হো চি মিনের নামাঙ্কিত সরণিতে। কলকাতাই এই আলোচনার আদর্শ স্থান। কিন্তু এখানে নতুন সরকার তৈরি হয়েছে। রাস্তার নাম বদলাতে কমিটি করেছে। নিশ্চিত যে লেনিন সরণি, কার্ল মার্কস সরণির নাম বদলানোর চেষ্টা হবে। এটাও নিশ্চিত যে কলকাতার মানুষ প্রতিবাদ জানাবেন।
কিউবার রাষ্ট্রদূত জুয়ান কার্লোস মারসান অগলেরা বলেন, সীতারাম ইয়েচুরি কেবল ভারত নয় বিশ্বের বিভিন্ন দেশে কমিউনিস্ট ও প্রগতিশীলদের মধ্যে সমন্বয়ে ভূমিকা নিয়েছেন।
তিনি বলেন, আজকে নয়া ফ্যাসিবাদী শাসন চলছে আমেরিকায়। ধারণা তৈরি করা হচ্ছে ‘বলপ্রয়োগ করা হচ্ছে শান্তির জন্য’। এই নীতিতে কিউবার জনকল্যাণকর ভূমিকাকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে। একই আগ্রাসনের মুখ প্যালেস্তাইনে গণহত্যা। একই অভিমুখ দেখা গিয়েছে ভেনেজুয়েলায়। জানুয়ারি থেকে নিষেধাজ্ঞা জারি করে আমাদের মানুষকে উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। খাদ্য, ওষুধ থেকে বিদ্যুতের সুযোগ থেকে বঞ্চিত করা হচ্ছে। কিউবার তেল দরকার, খনিজ দরকার।
অগলেরা বলেছেন, সমাজতন্ত্রের অভিমুখেই চলছে কিউবা। সমাজিক পরিষেবা সকলের জন্য, সেই মাপকাঠিতে আমেরিকার থেকে এগিয়ে। পাল্লা দিয়ে চলছে মিডিয়া, বিপ্লবের বিপক্ষে কিউবার মানুষকে চালিত করার চেষ্টা করছে। তবে সেই প্রয়াস সফল হবে না। রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তারা অংশ নেয়। প্রতিরোধ হবে, জয়ী হব আমরা।
Comments :0