post editorial

রাজপথই প্রতিবাদী সংস্কৃতি নির্মাণের ক্ষেত্র

সম্পাদকীয় বিভাগ

গার্গী চ্যাটার্জি
ইউরোপের শাসকগোষ্ঠী যেমন একসময় কমিউনিজমের ভূত দেখে আতঙ্কিত হয়েছিল, আমেরিকার ক্ষমতাকেন্দ্রেও আজ সেই আতঙ্কের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। মার্কস ও এঙ্গেলসের সেই ঐতিহাসিক উচ্চারণ—“ইউরোপকে তাড়া করে বেড়াচ্ছে কমিউনিজমের ভূত”—আজ যেন নতুন আন্তর্জাতিক প্রেক্ষাপটে আবারও আলোচনায় ফিরে এসেছে। শোষণ ও বৈষম্য যতদিন থাকবে, বিকল্প সমাজব্যবস্থার প্রশ্নও ততদিন ফিরে আসবে।
আজ ইউরোপের রাজপথেও সেই প্রতিবাদের নতুন ভাষা তৈরি হচ্ছে। ফ্রান্সের ছাত্র-শ্রমিক আন্দোলন, সার্বিয়ার দুর্নীতিবিরোধী ছাত্র আন্দোলন এবং জার্মানি, ইতালি সহ বিভিন্ন দেশে মজুরি, শিক্ষা, পেনশন, আবাসন ও জনপরিষেবা রক্ষার দাবিতে মানুষের সমাবেশ প্রমাণ করছে, উন্নত পুঁজিবাদী দেশগুলিতেও মানুষের অসন্তোষ জমা হচ্ছে।
এই আন্দোলনগুলির একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো প্রতিবাদী সংস্কৃতির বিকাশ। Protest এবং Festiva- এই দুই শব্দের সমন্বয়ে তৈরি Protestival ধারণায় প্রতিবাদ শুধু মিছিল, স্লোগান কিংবা ধর্মঘটে সীমাবদ্ধ থাকে না। গণসঙ্গীত, পথনাটিকা, কবিতা, ব্যঙ্গ, শিল্প এবং মানুষের সম্মিলিত সাংস্কৃতিক প্রকাশ প্রতিবাদের অংশ হয়ে ওঠে। রাজপথ তখন শুধু দাবি জানানোর জায়গা নয়, হয়ে ওঠে বিকল্প সমাজচিন্তা ও গণতান্ত্রিক সংস্কৃতি নির্মাণের ক্ষেত্র।
ভারতবর্ষেও আজ শ্রমিক-কৃষক-ছাত্র-যুবকদের সামনে একই ধরনের ঐতিহাসিক দায়িত্ব উপস্থিত। সংবিধান গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায়বিচার এবং অর্থনৈতিক সাম্যের যে অঙ্গীকার করেছিল, তা বাস্তবায়নের পথে আজ নানা বাধা। একদিকে সাম্প্রদায়িক মেরুকরণ ও সংখ্যাগুরুবাদী রাজনীতি, অন্যদিকে কর্পোরেট স্বার্থে অর্থনৈতিক নীতি পরিচালনার প্রবণতা দেশের গণতান্ত্রিক কাঠামোকে চ্যালেঞ্জের মুখে ফেলছে।
রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ, সরকারি সম্পদের বিলগ্নিকরণ, শ্রমিকদের চাকরির নিরাপত্তা সঙ্কুচিত করা এবং শ্রমিক সংগঠনের দর-কষাকষির ক্ষমতা দুর্বল করার প্রবণতা শ্রমজীবী মানুষের ভবিষ্যৎকে অনিশ্চিত করছে। চারটি শ্রমকোডের মাধ্যমে শ্রমিকদের অর্জিত অধিকার ও সংগঠিত হওয়ার ক্ষমতা সঙ্কুচিত হওয়ার আশঙ্কা রয়েছে। স্থায়ী কাজের জায়গায় চুক্তিভিত্তিক নিয়োগ, সমকাজে অসম মজুরি, সামাজিক সুরক্ষার অভাব এবং দীর্ঘ কর্মঘণ্টা আজ বহু শিল্পক্ষেত্রের বাস্তবতা।
অন্যদিকে কৃষকের ন্যায্য ফসলের দাম, আইনি MSP-র নিশ্চয়তা, কৃষিঋণ, গ্রামীণ কর্মসংস্থান এবং খাদ্য নিরাপত্তার প্রশ্ন এখনও অমীমাংসিত। ২০২০-২১ সালের ঐতিহাসিক কৃষক আন্দোলন দেখিয়েছিল, সংগঠিত ঐক্যের সামনে কোনও ক্ষমতাই অপ্রতিরোধ্য নয়। শ্রমিক ও কৃষকের ঐক্য তাই শুধু রাজনৈতিক স্লোগান নয়, দেশের অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের অন্যতম শর্ত।
এই লড়াইয়ের সবচেয়ে বড় অংশীদার দেশের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা। নির্মাণ শ্রমিক, গৃহপরিচারিকা, হকার, পরিবহণ শ্রমিক, রিকশা ও টোটো চালক, নিরাপত্তাকর্মী, ছোট কারখানার শ্রমিক, গিগ ও প্ল্যাটফর্ম কর্মী— কোটি কোটি মানুষ প্রতিদিন শ্রম দিয়ে দেশের অর্থনীতি সচল রাখেন। অথচ তাঁদের অনেকেরই নেই নির্দিষ্ট কাজ, নির্দিষ্ট মজুরি, সামাজিক সুরক্ষা, পেনশন কিংবা চিকিৎসার নিশ্চয়তা। কাজ হারালে আয় বন্ধ, অসুস্থ হলে সংসার অচল, দুর্ঘটনায় পড়লে পরিবার বিপর্যস্ত। যাঁদের শ্রমে শহর চলে, বাজার চলে, শিল্প চলে, তাঁদের জীবনই সবচেয়ে বেশি অনিশ্চিত।
আইসিডিএস কর্মী, আশা কর্মী এবং মিড ডে মিল কর্মীরা এই বাস্তবতারই এক গুরুত্বপূর্ণ অংশ। শিশুদের পুষ্টি, মাতৃস্বাস্থ্য, প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা এবং বিদ্যালয়ের শিশুদের খাবারের ব্যবস্থা—সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজগুলি তাঁদের শ্রমের উপর নির্ভরশীল। অথচ তাঁদের অনেক ক্ষেত্রেই পূর্ণাঙ্গ শ্রমিকের স্বীকৃতি দেওয়া হয় না। কখনও তাঁদের স্বেচ্ছাসেবী বলা হয়, কখনও সামান্য ভাতা দিয়ে দায়িত্ব পালন করানো হয়। এই অবিচার চলতে পারে না। তাঁদের শ্রমিক হিসাবে স্বীকৃতি, ন্যূনতম মজুরি, সামাজিক সুরক্ষা, পেনশন, চিকিৎসা, মাতৃত্বকালীন সুবিধা এবং অন্যান্য শ্রমিকের মতো অধিকার নিশ্চিত করতে হবে। সমাজের জরুরি পরিষেবা যাঁরা চালিয়ে রাখেন, তাঁদের শ্রমের মর্যাদা ও অধিকার অস্বীকার করা যায় না।
পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চলের বাস্তবতাও অত্যন্ত উদ্বেগজনক। পাটকলের শ্রমিক থেকে ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রমিক—বহু মানুষের জীবন আজ অনিশ্চয়তার মধ্যে। কোথাও উৎপাদন কমছে, কোথাও কারখানা বন্ধ, কোথাও মজুরি বকেয়া, কোথাও ছাঁটাই ও লকআউটের আশঙ্কা। বছরের পর বছর কাজ করেও শ্রমিকরা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বকেয়া মজুরি কিংবা অবসরের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকেন। স্থায়ী কাজের পরিবর্তে ঠিকাদারি নিয়োগ বাড়ছে। একই কাজ করেও স্থায়ী ও অস্থায়ী শ্রমিকের মধ্যে বৈষম্য তৈরি করা হচ্ছে। শিল্পের উন্নয়নের নামে শ্রমিকের অধিকার বিসর্জন দেওয়া যায় না। বন্ধ কারখানা খোলার উদ্যোগ, বকেয়া মজুরি প্রদান, স্থায়ী কাজ, সমকাজে সমমজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।
শুধু কাজের জায়গায় নয়, মানুষের বাসস্থানের অধিকারও আজ বড় প্রশ্ন।
উন্নয়নের নামে, প্রকল্পের নামে, রাস্তা বা অন্যান্য পরিকাঠামো নির্মাণের নামে বহু মানুষকে উচ্ছেদের মুখে পড়তে হচ্ছে। বস্তি, ফুটপাত, রেললাইন বা বিভিন্ন এলাকায় বসবাসকারী গরিব মানুষের জীবিকা ও বাসস্থান একসঙ্গে বিপন্ন হচ্ছে। উচ্ছেদ কোনও প্রশাসনিক নির্দেশের বিষয়মাত্র হতে পারে না; এর সঙ্গে জড়িয়ে থাকে মানুষের জীবন, সন্তানদের পড়াশোনা, কাজের জায়গা এবং সামাজিক অস্তিত্ব। যথাযথ সমীক্ষা, মানুষের সঙ্গে আলোচনা, বিকল্প বাসস্থানের ব্যবস্থা, ক্ষতিপূরণ এবং জীবিকার পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা চলবে না। উন্নয়ন মানুষের জন্য, মানুষকে উচ্ছেদ করে উন্নয়নের নামে নতুন সঙ্কট তৈরি করার জন্য নয়।
এই পরিস্থিতিতে ১–৩ ডিসেম্বর ২০২৬-এর শ্রমজীবীর ' দিল্লি দখল ' এক বিশেষ রাজনৈতিক তাৎপর্য বহন করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এক লক্ষেরও বেশি শ্রমজীবী মানুষের দিল্লিতে সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে। এই কর্মসূচি নিছক একটি মিছিল নয়, নিছক কোনও আনুষ্ঠানিক সমাবেশও নয়। এর রাজনৈতিক বার্তা স্পষ্ট—দেশের সম্পদ যাঁরা তৈরি করেন, দেশের অর্থনীতির চাকা যাঁরা সচল রাখেন, রাষ্ট্রের নীতি নির্ধারণের প্রশ্নে তাঁদের কণ্ঠস্বরকে আর উপেক্ষা করা যাবে না।
আমরা যাচ্ছি সংসদের সামনে দেশের শ্রমিকশ্রেণির দাবি তুলে ধরতে। আমরা যাচ্ছি সেই শ্রমিকের কথা বলতে, যিনি বারো ঘণ্টা কাজ করেও পরিবারের ন্যূনতম চাহিদা পূরণ করতে পারেন না। সেই নিরাপত্তাকর্মীর কথা বলতে, যিনি বছরের পর বছর চুক্তির ভিত্তিতে কাজ করেও স্থায়ী কর্মীর মর্যাদা পান না। সেই কারখানা শ্রমিকের কথা বলতে, যাঁর শ্রমে বহুজাতিক সংস্থার মুনাফা বাড়ে, অথচ তাঁর নিজের জীবন অনিশ্চয়তায় ভরা। সেই গিগ কর্মীর কথা বলতে, যিনি আধুনিক প্রযুক্তিনির্ভর অর্থনীতির অংশ হয়েও সামাজিক সুরক্ষা থেকে বঞ্চিত।
আমাদের দাবি কেন ৪২,০০০ টাকা ন্যূনতম মজুরি? কারণ আজকের বাজারে খাদ্য, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, যাতায়াত এবং পরিবারের ন্যূনতম জীবনযাপনের ব্যয় মেটাতে শ্রমিকের এমন মজুরি প্রয়োজন, যাতে মানুষ শুধু বেঁচে থাকতে নয়, মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারেন। শ্রমিকের মজুরি কোনও দয়া বা অনুদান নয়; এটি তাঁর শ্রমের ন্যায্য মূল্য।
আমাদের দাবি ২১,০০০ টাকা সর্বজনীন পেনশন। জীবনের সেরা সময় শ্রম দিয়ে যে মানুষ দেশের সম্পদ তৈরি করেছেন, বার্ধক্যে তাঁকে অনিশ্চয়তার মধ্যে ফেলে রাখা যায় না। চারটি শ্রমকোড বাতিল করতে হবে। স্থায়ী কাজের জন্য স্থায়ী নিয়োগ নিশ্চিত করতে হবে। চুক্তিভিত্তিক শ্রমিকদের সমকাজে সমমজুরি, সামাজিক সুরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ এবং ট্রেড ইউনিয়নের গণতান্ত্রিক অধিকার দিতে হবে। রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণ বন্ধ করতে হবে। গ্রামীণ কর্মসংস্থানের অধিকার রক্ষা করতে হবে।
প্রশ্ন উঠতে পারে, এই দাবিগুলি বাস্তবায়নের অর্থ আসবে কোথা থেকে? যে দেশে অতি ধনীদের সম্পদ ক্রমাগত বাড়ছে, যেখানে কর্পোরেট মুনাফা বিপুল, সেখানে সম্পদশালীদের উপর মাত্র ২ শতাংশ অতিরিক্ত সম্পদ কর আরোপের প্রস্তাবকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত। দেশের বিপুল সম্পদ যদি মুষ্টিমেয় মানুষের হাতে কেন্দ্রীভূত না হয়ে জনকল্যাণে ব্যবহৃত হয়, তাহলে ১৪০ কোটি মানুষের খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান ও কর্মসংস্থানের প্রশ্নে অনেক বেশি কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব।
এই দাবিগুলি কোনও বিশেষ শ্রেণির সঙ্কীর্ণ স্বার্থের দাবি নয়। এগুলি দেশের সাধারণ মানুষের বেঁচে থাকার দাবি। এগুলি সংবিধানের সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচারের অঙ্গীকারকে বাস্তবায়িত করার দাবি।
আর তাই ১ ডিসেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত দিল্লির রাজপথে শ্রমিকদের উপস্থিতি হবে একটি বৃহত্তর রাজনৈতিক বার্তা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছেড়ে না যাওয়ার অঙ্গীকার এই কর্মসূচিকে অন্য মাত্রা দিচ্ছে। সংসদের দরজায় শ্রমিকশ্রেণির দাবি পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশের সাধারণ মানুষের মধ্যে এই প্রশ্নকে ছড়িয়ে দেওয়া জরুরি—দেশ কারা চালায়? সম্পদ কারা সৃষ্টি করে? আর সেই সম্পদের উপর অধিকার কার?
পুঁজির শক্তি তার অর্থে, তার কর্পোরেট মালিকানায়, তার রাষ্ট্রক্ষমতার প্রভাব বিস্তারে। শ্রমিকের শক্তি তার ঐক্যে, তার সংগঠনে, তার সম্মিলিত সংগ্রামে। একজন শ্রমিককে বিচ্ছিন্ন করে দুর্বল করা যায়, কিন্তু সংগঠিত শ্রমিকশ্রেণিকে উপেক্ষা করা যায় না।
এখানেই প্যারি কমিউনের সঙ্গে দিল্লির শ্রমিক অভিযানের ঐতিহাসিক যোগসূত্র। প্যারিসের শ্রমিকরা দেখিয়েছিলেন, সাধারণ মানুষ ইতিহাসের দর্শক নন; তাঁরা ইতিহাসের নির্মাতা। ১৯১৭ সালের রাশিয়া দেখিয়েছিল, সংগঠিত জনগণ রাষ্ট্র ও সমাজের গতিপথ বদলে দিতে পারে। আজকের পৃথিবীর বিভিন্ন প্রান্তের আন্দোলন আবারও সেই সত্যকে সামনে আনছে।
ভারতের বামপন্থী আন্দোলনের সামনে তাই আজ দ্বিমুখী দায়িত্ব। একদিকে সাম্প্রদায়িক বিভাজন, কর্পোরেট আধিপত্য ও জনবিরোধী অর্থনৈতিক নীতির বিরুদ্ধে লড়াই; অন্যদিকে শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক, নারী এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনসংগ্রামের সঙ্গে নিজেদের আরও গভীরভাবে যুক্ত করা। শুধু নির্বাচনী রাজনীতিতে সীমাবদ্ধ থাকলে চলবে না। কারখানার গেট, শ্রমিকের বস্তি, গ্রামের মাঠ, বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ এবং সাধারণ মানুষের প্রতিদিনের জীবনের মধ্যে সংগঠনকে শক্তিশালী করতে হবে।
কারণ ইতিহাস আমাদের একটি কথাই বারবার শিখিয়েছে— কোনও অধিকার আপনা-আপনি আসে না। অধিকার অর্জন করতে হয় সংগঠিত সংগ্রামের মধ্য দিয়ে।
প্যারি কমিউন পরাজিত হয়েছিল, কিন্তু তার স্বপ্ন পরাজিত হয়নি। সোভিয়েত ইউনিয়নের পতন ঘটেছে, কিন্তু শোষণমুক্ত সমাজের আকাঙ্ক্ষার অবসান ঘটেনি। কারণ যতদিন শোষণ থাকবে, ততদিন শোষণের বিরুদ্ধে প্রতিবাদ থাকবে। যতদিন বৈষম্য থাকবে, ততদিন সাম্যের দাবি উঠবে। যতদিন মানুষের স্বাধীনতা, অধিকার ও মর্যাদা বিপন্ন হবে, ততদিন ইতিহাসের রাজপথে প্রতিরোধের পতাকা উড়বে।
আজ সেই ইতিহাসের ধারাবাহিকতায় ১–৩ ডিসেম্বর দিল্লির রাজপথে শ্রমিকশ্রেণির নতুন অঙ্গীকার।
আমরা জানি, তিন দিনের কর্মসূচি দিয়ে শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। কিন্তু এই তিন দিন হতে পারে দীর্ঘ সংগ্রামের নতুন শক্তি সঞ্চয়ের মুহূর্ত। এই তিন দিন হতে পারে বিচ্ছিন্ন শ্রমিকদের ঐক্যবদ্ধ করার নতুন শপথ। এই তিন দিন হতে পারে দেশের শ্রমিক আন্দোলনকে আরও বিস্তৃত, আরও সংগঠিত এবং আরও সংগ্রামী করে তোলার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
১–৩ ডিসেম্বর, দিল্লি চলো। দিল্লির কনকনে ঠান্ডা কে উপেক্ষা করে লড়াইয়ের উত্তাপে। লক্ষ শ্রমিকের গর্জনে উঠুক কোটি মানুষের দাবি।


এই আন্দোলনগুলির একটি আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো প্রতিবাদী সংস্কৃতির বিকাশ। সেখানে প্রতিবাদ শুধু মিছিল, স্লোগান কিংবা ধর্মঘটে সীমাবদ্ধ থাকে না। গণসঙ্গীত, পথনাটিকা, কবিতা, ব্যঙ্গ, শিল্প এবং মানুষের সম্মিলিত সাংস্কৃতিক প্রকাশ প্রতিবাদের অংশ হয়ে ওঠে। রাজপথ তখন শুধু দাবি জানানোর জায়গা নয়, হয়ে ওঠে বিকল্প সমাজচিন্তা ও গণতান্ত্রিক সংস্কৃতি নির্মাণের ক্ষেত্র।

Comments :0

Login to leave a comment