তাপস দাস
কাদা তৈরি করো যুদ্ধ নয়। ১৯৬৭-৭২ ভিয়েতনাম যুদ্ধে আমেরিকার এই ছিল গোপন এক পরিকল্পনা অপারেশন পোপায়ি (operation Popeye)। উত্তর-দক্ষিণ ভিয়েতনামকে বিছিন্ন করার জন্য আকাশে সিলভার আয়োডাইসড ছড়িয়ে বৃষ্টির পরিমাণ কয়েকগুণ বাড়িয়ে হো চি মিনের বাহিনীকে মাত করে দিতে চেয়েছিল পেন্টাগন। কিন্ত সুবিধা করতে পারেনি। কারণ বিপক্ষে ছিল মাটির সন্তানেরা। দেশীয় ব্যবস্থায় যানবাহনের চলাচলের যোগ্য পথ করতে পেরেছিলেন ভিয়েতনামীরা। কোনও এক সময়ে এক আধিকারিক খবরটি ফাঁস করে দেওয়ায় বিশ্ব জানতে পারে প্রকৃতিকে যুদ্ধাস্ত্র রূপে ব্যবহার করার নিকৃষ্টতম উদাহরণ। সব মিলিয়ে প্রকৃতিকে যুদ্ধের কাজে ব্যবহারের আশঙ্কা সারা পৃথিবীকে উদ্বিগ্ন করেছিল।
১৯৭৬ সালে আয়োজন হলো convention on the prohibition of altery or any other hostile use of environmental modification technique. ১৯৭৮ সালে চুক্তি শর্ত সম্পূর্ণ করে রাষ্ট্রসঙ্ঘের প্রস্তাবে আমেরিকা-সোভিয়েত ইউনিয়ন সহ বিশ্বের সমস্ত শক্তিধর দেশ সহ বহুদেশ এই চুক্তিতে সই করল।
প্রকৃতিকে যুদ্ধাস্ত্র হিসাবে ব্যবহার করা থেকে উন্নত দেশগুলিকে বিরত রাখার আন্তর্জাতিক উদ্যোগ হলো। কিন্তু বিশ্বের প্রায় ২০০ কোটি মানুষ আন্তঃসীমান্ত জলাশয়-হ্রদ-নদী-ভূগর্ভস্থ জল নির্ভর। সেই জলের ন্যায্য ব্যবহারের অধিকার বিশ্ব সংঘাত সৃষ্টির অন্যতম কারণ হয়ে উঠতে চলেছে। ২০১৭ সালে দেখা যাচ্ছে ৪৫টি দেশের মধ্যে দ্বন্দ্ব প্রকট হয়ে উঠেছে।
দেশে-দেশে সীমান্ত রেখা তৈরি করা সহজ হলেও নদী-ভূগর্ভস্থ জল-বায়ু প্রকৃতির অমূল্য সম্পদের সীমান্ত রেখা তৈরি সম্ভব নয়। বিশ্বজুড়ে একাধিক দেশের বুকের ওপর দিয়ে বয়ে চলে বহু নদী। সেই সমস্ত নদীর জলের নিয়ন্ত্রণ নিয়ে দেশে দেশে চলে দড়ি টানাটানি। প্রকৃতি, জৈববৈচিত্র রক্ষার কথা ও দায়িত্বকে অবহেলা করা ক্ষমতাশালীদের বৈশিষ্ট্য। যে দেশ যতটা ক্ষমতাশালী সম্পদকে ব্যবহার করার ইচ্ছা তার তত বেশি। এর পিছনেও পুঁজিবাদ। মুনাফা নিশ্চিত করতে মানবাধিকার লঙ্ঘনে তারা পিছপা হয় না। তাকে কিছুটা হলেও লাগাম পরাতে হেলসিঙ্কি বিধি তৈরি করেছে রাষ্ট্র সঙ্ঘ। এই বিধি অনুসারে উৎস থেকে মোহনা নদীর একটাই শরীর। ইচ্ছা মতন তার খণ্ডিত ব্যবহার নৈতিকভাবে বিশ্ব স্তরে ঘোষণা অনুসারে অবৈধ।
কোন দেশ নদীর জল কতটা অধিকারে রাখবে কতটা ব্যবহার করবে এই সব আলোচনা নতুন করে সামনে এসে গেল যখন সিন্ধু চুক্তি বাতিল করে উগ্র রাষ্ট্রবাদী চিন্তা মনে সঞ্চারিত করতে চাইলো নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকার। যদিও ভারত রাষ্ট্রসঙ্ঘের জল বণ্টন সংক্রান্ত চুক্তি স্বাক্ষরকারী দেশ।
ভারতবাসী ব্রিটিশ শাসনের অবসান ঘটিয়ে ১৯৪৭ সালে স্বাধীন এক দেশ তৈরি করলেন। কিন্ত নদী ব্যবহারের ধারণা-পদ্ধতি উপনিবেশ যুগের মুনাফা নিশ্চিতকারী কংক্রিটের নির্মাণকেই মানুষের মঙ্গল ভাবা হলো। এই ব্যবস্থাটি "উন্নয়ন" নামে পরিচিত ও জনপ্রিয় হলো। ১৯৪৮ সালে দামোদর উপত্যকায় বহুমুখী পরিকল্পনার মধ্য দিয়ে ডিভিসি তৈরি হলো। তৎকালীন প্রধানমন্ত্রী, মেঘনাদ সাহার মতন বিজ্ঞানী সহ দেশ পরিচালক নেতৃত্ব ভাবলেন নদীতে বাঁধ দেওয়া হলো উন্নয়নের মন্দির নির্মাণ।
দেশ জুড়ে নদীতে বাঁধ-ক্যানেল নির্মাণ হতে শুরু হলো। আমাদের রাজ্যে ১৯৫৭ সালে এল কংসাবতী প্রকল্প, রাজলক্ষী মাহাতো সহ বহু সমাজ সংবেদনশীল মানুষের উদ্যোগে গ্রামের জমি, খেত, মন্দির, মসজিদ পুনর্বাসন দাবিসনদ চর্চায় এল। বামপন্থীদের সরব হতে দেখা গেল। আরও এক দশক পরে ফারাক্কা নির্মাণের সময় কপিল ভট্টাচার্যের মতন করিগরিবিদরাও সরব হলেন। একতরফা নির্মাণ কোনও সমাধান হতে পারে না। আইনসভার সর্বোচ্চ স্তরেও সে সমস্ত আলোচনা পৌঁছালেও জনপ্রিয় হতে পারলো না। যদিও ধীরে ধীরে ক্ষীণ স্বরে সমাজ-রাজনীতিতে "স্বাধীনতা" ,"পরিচিতি", "অধিকার" ইত্যাদির নতুন নতুন ব্যাখ্যা সামনে এল। দেশে ‘নো মোর ড্যাম’ স্লোগান উঠতে আরও কিছু বছর বাকি ছিল। কেরলমে ১৯৭৩ সালে কথিপূজা নদীর উপর বাঁধ নির্মাণ স্থানীয় মানুষের আন্দোলনে বন্ধ হলো। "সাইলেন্ট ভ্যালি মুভমেন্ট" নামে পরিচিত হয়েছিল সেই আন্দোলন। নদী অববাহিকায় নদী-জঙ্গল বাঁচানোর সংগ্রামের জয় হলো। যদিও ষাটের দশক-সত্তরের দশক ভারতে বাঁধ-ব্যারেজ নির্মাণে গতি চরম সীমায় পৌঁছালো। সেই সময় কতিপয় মানুষ ‘নো মোর ড্যাম’ বললেন, নদী-পরিবেশ এর রক্ষার জন্য বললেন। ভাটির দেশে নদী নির্ভরশীল মানুষের জীবন-জীবিকার সঙ্কটের আশঙ্কা প্রকাশ করলেন। আর যারা পক্ষে বললেন তাঁরা তথাকথিত বন্যা নিয়ন্ত্রণ, সেচের জল, বিদ্যুৎ, কারখানা-শহরের জল এসব কথাও বললেন। ভাটির দেশের ক্ষতির কথা স্বীকার করলেন না। কিন্ত আজ শতক পরে এসে সেই সমস্ত ভালো কতটা পূরণ হলো— তা নিয়ে চর্চার দরকার আছে। বাঁধ নির্মাণের প্রাথমিক প্রস্তাবগুলির সার্বিক মূল্যায়ন অধরা থেকে গেল। ভাঁটির দেশে জল সঙ্কট, জৈববৈচিত্রের বিলুপ্তি, বন্যা,ভাঙন, ছোট ছোট নদী-জলাশয়, প্রকৃতি নির্ভর জীবন-জীবিকার সঙ্কট প্রকট হয়ে উঠল। প্রবাহিত নদী তার জীবিত অস্তিত্বের প্রমাণ। তাকে বাধাদান তার জীবিত অস্তিত্বের অস্বীকার। বোঝা দরকার নদী সর্বজনীন সম্বল।
কিন্ত বর্তমানে নদীতে বাঁধ-ব্যারেজ দেওয়া শুধু জল ব্যবহারের তাগিদে নয়, দেশের রাষ্ট্রবাদী আবেগ উসকে দিয়ে যুদ্ধাস্ত্র হিসাবে দেখাতে চাওয়ার অভিযোগ উঠেছে বিভিন্ন দেশের শাসকদের বিরুদ্ধে। আমাদের দেশেও এই ফ্যানাটিক প্রবণতা দেখা যাচ্ছে শাসকদলের মধ্যে। তারা কেউ কেউ বলছে, পাকিস্তানকে যুদ্ধে শায়েস্তা করতে চাই জলের নিয়ন্ত্রণ। চীনের সঙ্গে মোকাবিলা করার জন্য সিয়াং উপত্যকায় চাই বাঁধ নির্মাণ। নদীর জলকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে হবে। বলা বাহুল্য, এটা অমানবিক একটি প্রবণতা যা আন্তর্জাতিক বোঝাপড়ার লঙ্ঘন।
বাঁধ-ব্যারেজ নির্মাণ মানেই তা 'দেশ ভক্তি', আর ‘নো মোর ড্যাম’ বলা মানেই 'দেশদ্রোহ', এমন সরলীকরণ বিপজ্জনক। যে ভারত এক সময় জোট নিরপেক্ষ দেশগুলির নেতৃত্ব দিয়েছিল, আজ প্রায় সমস্ত প্রতিবেশী দেশের সঙ্গে জল বণ্টন বিবাদে জড়িয়ে পড়লে সেটা মোটেই ভালো লক্ষ্মণ নয়। সিন্ধু চুক্তি, ফারাক্কা চুক্তি যা দুই দেশের প্রশাসনের অবস্থানের থেকেও বেশি গুরুত্ব দেয় সেই দেশগুলির সাধারণ মানুষ ও অসংখ্য জৈববৈচিত্র ন্যায্য অধিকারের প্রশ্নকে। মানবতা, নৈতিকতার, আন্তর্জাতিক আইন-বিধিকে উপেক্ষা করে রণংদেহী মুর্তি কি আধুনিকতা হতে পারে? তাই এই সমস্ত চুক্তির আন্তরিক পুনঃস্থাপনের জন্য যৌথ আলোচনা শুরু করা প্রয়োজন। আর এই আলোচনা শুধুমাত্র প্রশাসক, ইঞ্জিনিয়ার নয় বিভিন্ন বিশেষজ্ঞ এবং নদী নির্ভরশীল মানুষের প্রতিনিধিকে যুক্ত করে সেই আলোচনা করা দরকার। কৃষক, মৎস্যজীবী, শ্রমিক সংগঠনের প্রতিনিধি যেন তাদের অধিকারের কথা প্রয়োজনের কথা স্পষ্ট ভাবে বলতে পারেন।
এখানে আরও কিছু প্রশ্ন এসে পড়ে। এক) কোনোভাবেই কি প্রকৃতিকে যুদ্ধাস্ত্র হিসাবে ব্যবহার করা উচিত? দুই) অরুণাচল প্রদেশের মানুষের অমতে সিয়াং আপার মাল্টিপারপাস প্রজেক্ট চীনের ৬০ হাজার মেগাওয়াট জলবিদ্যুৎ প্রকল্প "গ্রেট বেন্ডস" উদ্যোগের বিপরীতে এই কাজ শুরু হয়েছে? তিন) আদৌ কি চীনের প্রকল্পের ফলে সম্ভাব্য বিপদের রক্ষা কবচ হতে পারে ভারতের উদ্যোগ?
প্রথম প্রশ্নের সোজাসুজি উত্তর "না"। মানবতা, নৈতিকতা মূল্যবোধ এ কাজকে কোনোভাবেই সমর্থন করে না। তার সঙ্গে রাষ্ট্রসঙ্ঘের বিভিন্ন চুক্তি-বিধির বাধ্যবাধকতা তো আছেই। দ্বিতীয় প্রশ্নের উত্তরও 'না'। ১৯৭৯ সাল থেকে ভারত সরকার বারেবারে আপার সিয়াং উপত্যকায় বাঁধ নির্মাণ চেষ্টা করে চলেছে। আর আদি জনগোষ্ঠী সহ অরুণাচল প্রদেশবাসী প্রজন্মের পর প্রজন্ম তীব্র বিরোধিতা করে চলেছেন। এটি কোনও নতুন প্রকল্প নয়। প্রকল্পের সমর্থনে 'যুদ্ধাস্ত্র' সংক্রান্ত যুক্তি কেবলমাত্র নতুন অজুহাত হতে পারে। তৃতীয় দাবিও বিগত বারো বছর ধরে একের পর এক 'জুমলা' তালিকায় স্থান পাবে। ভৌগোলিক কারণে "গ্রেট বেন্ডস" প্রকল্পটি ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সৃষ্টি করতে পারবে বলে বিজ্ঞানীদের ধারণা। কারণ নদীর প্রায় ৫০ কিলোমিটার পথকে 'রান অব রিভার' অর্থাৎ ট্যানেলের মাধ্যমে মাত্র ২০০০ মিটার পথে সরিয়ে আনা সম্ভব। তাতেই বিশাল শক্তি সৃষ্টি করা সম্ভব হবে। চীনকে বিশাল জলাশয় তৈরি করে গ্রাম-শহর- জঙ্গলকে জলমগ্ন করার প্রয়োজন হচ্ছে না। আরও বোঝা দরকার নদীর জলের মাত্র ১৫% জল তিব্বত- চীনের ভুখণ্ডে বয়ে চলে। সিয়াং উপত্যকার জলপ্রবাহের সিংহভাগ অরুণাচল ভূখণ্ডের বৃষ্টিপাতের উপর নির্ভরশীল।
চীনের সঙ্গে নদীর জলের তথ্য আদান-প্রদানের ন্যূনতম বোঝাপড়া গড়ে তুলতে কূটনৈতিক ব্যর্থতা দেখা যাচ্ছে। অথচ সেটাই জরুরি। অবিলম্বে নদীর জল বণ্টন চুক্তির মাধ্যমে জলের তথ্য আদান-প্রদানকে যথার্থ, সুসংগঠিত করার জন্য কূটনৈতিক সক্রিয়তা বৃদ্ধি প্রয়োজন। দেশবাসীকে আইন শৃঙ্খলার নামে জেলে না পাঠিয়ে তাদের সঙ্গে যোগাযোগ কথা বলে তাদের ভরসা বিশ্বাস আদায় করা প্রয়োজন। সাম্প্রতিক নেপালের ঘটনা, চুংথাং, যোশীমঠ, চামলি, কেরল, ত্রিপুরা সহ একের পর এক প্রকৃতিক বিপর্যয় বুঝিয়ে দিয়েছে যে অজুহাতেই হোক হিমালয় বা পাহাড়ের উচ্চগতিতে নদীকে জয় করার আকাঙ্ক্ষা সাধারণ প্রান্তিক মানুষের জন্য বিপদের আহ্বান। প্রতিটি নির্মাণকাজকে প্রকৃতির সঙ্গে সহাবস্থানের ভিত্তিতেই পরিকল্পিত হতে হবে।
Comments :0