মুক্তধারা
উৎসব ১৪৩৩
কবিতা
শারদীয়া মন : আনজু বানু
২৩ অক্টোবর ২০২৬ - ৪র্থ বর্ষ
শরৎ এলেই হৃদস্পন্দন
জাগে প্রকৃতির মাঝে,
শরৎ এলে আগমনি সুর
সবার হৃদয়ে বাজে।
নানা আয়োজনে মন্ত্রচারণে
যত আলোক সম্ভারে,
মাটির দুর্গা পুজো করে যাই
যাবতীয় উপাচারে।
আঁকুপাঁকু যারা উপরে উঠে
কত কষ্টের ঘাড় ভেঙে,
সেই দুর্গারা খুন হয়ে যায়
লালসার কোন রঙে?
ছোট্ট দুর্গা নিষ্পাপ নিথর
নগ্ন ঝোপের আড়ে,
কলুষিত মন উচ্চ আসনে
ঝাড়ে বংশে বাড়ে।
জাগছে মানুষ চতুর্দিকে
দুর্গা মায়ের চরণ ছুঁয়ে,
বলছে মা গো করব পুজো
পাপীদের দাও ধুয়ে।
মানবী দুর্গারা যে দিন ধরায়
মুক্ত স্বাধীন ঘুরবে,
সেদিন তুমি দেখবে এসে
জগৎ কেমন হাসবে।
Comments :0