ফের জঙ্গি হামলার সাক্ষী থাকল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ। শহরের শাহজাদ টাউন এলাকায় অবস্থিত 'তারলাই ইমামবারগাহ' নামক একটি মসজিদে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আর ৮০ জন।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, দুপুরের প্রার্থনার সময় ওই ঘটনা ঘটে। ‘দ্য টাইমস অফ ইসলামাবাদ’-এর প্রতিবেদন অনুযায়ী, হামলাকারী ব্যক্তি মূল হলে প্রবেশের চেষ্টা করলে প্রবেশপথেই তাকে রুখে দেন নিরাপত্তারক্ষীরা। ভেতরে ঢুকতে না পেরে প্রবেশপথের প্রধান ফটকেই নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটায় ওই সন্ত্রাসবাদী।
বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে উপাসনালয়ের প্রধান ফটকটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিস্ফোরণের প্রভাবে পাশের ভবনগুলোর জানলার কাঁচ ভেঙে চুরমার হয়ে গিয়েছে এবং রাস্তা জুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। ঘটনাস্থলে ছিন্নভিন্ন অবস্থায় নিথর দেহ পড়ে রয়েছে।
বিস্ফোরণের পরপরই উদ্ধারকারী দল এবং নিরাপত্তা বাহিনী এলাকাটি ঘিরে ফেলে। ইসলামাবাদের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ গোটা শহরে জরুরি অবস্থা জারি করেছেন। আহতদের দ্রুত উদ্ধার করে পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস এবং পলিক্লিনিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ইসলামাবাদে গত তিন মাসের মধ্যে এটি দ্বিতীয় বড় ধরণের আত্মঘাতী হামলা। এর আগে, ২০২৫ সালের ১১ নভেম্বর ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত ভবনের বাইরে আত্মঘাতী বিস্ফোরণে ১২ জন নিহত এবং ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছিলেন। বারবার রাজধানীর বুকে এই ধরণের হামলায় পাক প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।
Islamabad
ইসলামাবাদে ফের জঙ্গি হামলা, মৃত ১৫
×
Comments :0