North Bengal

বরাদ্দ বাড়লেও, খরচ হচ্ছে অন্য খাতে, থমকে উত্তরবঙ্গের উন্নয়ন

রাজ্য জেলা

রাজ্যের ভোট অন একাউন্ট অর্থাৎ অন্তর্বর্তী বাজেটে উত্তরবঙ্গের উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছে মাত্র ৯২০.১৩ কোটি টাকা! অথচ রাজ্যের ২০% মানুষের বাস উত্তরবঙ্গের জেলাগুলিতে। এই বাজেটের মাত্র ৯.২৫ শতাংশ বরাদ্দ হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য।

২০২২-২৩ সালের বাজেটে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য বরাদ্দ হয়েছিল ৭৯৭ কোটি টাকা, ২০২৩-২৪ সালে ৮২৩ কোটি টাকা, ২০২৪-২৫ সালে ৮৬১ কোটি টাকা এবং গত আর্থিক বছরে বরাদ্দ হয়েছিল ৮৬৬ কোটি টাকা। উল্লেখ্য গত আর্থিক বছরে উত্তরবঙ্গের জন্য ৮৬৬ কোটি টাকা বরাদ্দ হলেও সংশোধিত বাজেটে সেই বরাদ্দ কমে হয়েছিল ৫৪৮ কোটি টাকা। অর্থাৎ বাজেটে বরাদ্দ দেখানো হলেও পরে উন্নয়নের জন্য টাকা মেলে না সেই বরাদ্দ চলে যায় অন্য খাতে।

কাগজে কলমে গতবারের তুলনায় বরাদ্দ বেড়েছে সামান্য কিছু। মোট বাজেটের মাত্র ৯.২৫ শতাংশ বরাদ্দ হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলির জন্য। ২০১১ সালের ৮ জুলাই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর তৈরী করা হয়েছিল। কথা ছিল শিলিগুড়ির প্রশাসনিক ভবন 'উত্তরকণ্যা' থেকে উত্তরের জেলাগুলির কাজকর্ম পরিচালনা করতে উত্তরবঙ্গের মন্ত্রীরা এখানে বসবেন। বাস্তবে উন্নয়ন কিছুই হয় না। গত ১৫ বছরে গৌতম দেব,রবীন্দ্রনাথ ঘোষের হাত ঘুরে এখন এই দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ। মন্ত্রী বদল হলেও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর উন্নয়নের গতি নিয়েই প্রশ্ন চিহ্ন তুলছেন উত্তরবঙ্গের সাধারন মানুষ। কারন ৫ কোটি টাকার ওপরে বরাদ্দের কোনও কাজই হয়নি।

এক কথায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর যে প্রত্যাশা নিয়ে গড়া হয়েছিল তার কিছুই হয়নি। বড় কোনও পরিকল্পনা নেই। জেলাপরিষদ পঞ্চায়েত সমিতি আর গ্রাম পঞ্চায়েতের কাজ গুলিই করছে এই দপ্তর। এখন ত্রিস্তর পঞ্চায়েতে রাজ্যের বরাদ্দ আসা বন্ধের মুখে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর শুধুই "শো পিস"। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর চালু হবার পরে বামফ্রন্ট আমলে গড়া উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ এখন রুগ্ন হয়ে কোনও মতে উত্তরকন্যার একটি রুমে সাইনবোর্ড হয়ে আছে! এক সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান ছিলেন। এখন পর্ষদের চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। তিনি নামেই চেয়ারম্যান।

Comments :0

Login to leave a comment