Indian Deport

২০২৫ সালে বিদেশ থেকে ডিপোর্ট হয়েছেন ২২,৯০০ জন ভারতীয়

জাতীয় আন্তর্জাতিক

কর্মসংস্থান আর উন্নত জীবনের খোঁজে বিদেশ পাড়ি দিয়েও স্বপ্নভঙ্গ হয়েছে হাজার হাজার ভারতীয়। কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ২০২৫ সালে বৈধ ভিসা না থাকা বা নথিপত্রে ত্রুটির কারণে বিশ্বজুড়ে মোট ২২,৯০০ জন ভারতীয় নাগরিককে সংশ্লিষ্ট দেশগুলো থেকে ফেরত পাঠানো (ডিফোর্ট) হয়েছে। সংসদের অধিবেশনে কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালার এক প্রশ্নের লিখিত জবাবে এই চাঞ্চল্যকর তথ্য পেশ করেছে বিদেশমন্ত্রক।
তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি সংখ্যক ভারতীয়কে ফেরত পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। জেদ্দা থেকে ৮,৯২১ জন এবং রিয়াদ থেকে ৪,৩৩৫ জনকে ফেরত পাঠানো হয়েছে। দুবাই থেকে ৭,৮৯৬ জন এবং আবুধাবি থেকে ১,৬৬২ জন ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে মালয়েশিয়া ১,৬৭৫ জন এবং মায়ানমার ১,৬০৫ জনকে ফেরত পাঠিয়েছে। এছাড়া সিঙ্গাপুর (৩০০), মালদ্বীপ (১৫০) এবং ব্রিটেন (৭০) জন ভারতীয়কে নথিপত্রে ত্রুটির জন্য দেশে পাঠিয়ে দিয়েছে।
তালিকায় অন্যতম গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত এক বছরে মোট ৩,৮০৬ জন ভারতীয়কে আমেরিকা থেকে ফেরত পাঠানো হয়েছে। শহরভিত্তিক পরিসংখ্যানে দেখা যাচ্ছে হিউস্টন থেকে ফেরত পাঠানো হয়েছে ২৩৪ জনকে। সান ফ্রান্সিসকো থেকে ৪৯ জন। নিউ ইয়র্ক থেকে ৪৭ জন। আটলান্টা ও সিয়াটেল থেকে ৩১ জনকে। 
বিদেশ মন্ত্রক জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতীয়দের অনেক সময় হাতকড়া পরিয়ে বিমানে তোলা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এই বিষয়ে মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখার জন্য ভারত সরকার ক্রমাগত মার্কিন প্রশাসনের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।
কংগ্রেস নেতা রণদীপ সুরজেওয়ালা এই পরিস্থিতির জন্য কেন্দ্রীয় সরকারের নীতিকে দায়ী করেছেন। তিনি জানান, ফেরত পাঠানো ব্যক্তিদের সিংহভাগই পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের যুবক।
এক্স হ্যান্ডেলে তিনি ক্ষোভ প্রকাশ করে লেখেন, ‘বিদেশের বিমানে আমাদের দেশের যুবকদের হাতে হাতকড়া পরানো হচ্ছে... কেন আমাদের তরুণ প্রজন্ম দেশ ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে?’
সুরজেওয়ালা আরও যোগ করেন যে, বিদেশে যাওয়ার নেশায় এই যুবকরা এজেন্টদের প্রায় ৫০ লক্ষ টাকা পর্যন্ত দিয়ে থাকেন। অনেক ক্ষেত্রে নিজেদের জমি বা সম্পত্তি বন্ধক রেখে এই অর্থ জোগাড় করা হয়। কিন্তু শেষ পর্যন্ত কাজ না পেয়ে খালি হাতে তাদের দেশে ফিরতে হচ্ছে। এই সমস্যার দ্রুত সমাধানের জন্য তিনি সরকারকে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Comments :0

Login to leave a comment