পানীয় জলের তীব্র সঙ্কট বসিরহাট দক্ষিণ বিধানসভা এলাকা জুড়ে। বসিরহাট, টাকী পৌরএলাকা এবং সাতটি গ্রাম পঞ্চায়েত এলাকায় পরিশ্রুত পানীয় জলের সঠিক সরবরাহ, বসিরহাট শহরকে যানজট মুক্ত করতে বিকল্প রাস্তা তৈরি, সম্প্রীতির যে অতীত ঐতিহ্য তা ফিরিয়ে আনা এবং সর্বোপরি বসিরহাট স্বাস্থ্য জেলার স্বাস্থ্য পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়ে প্রথম রবিবাসরীয় প্রচারের মধ্যে প্রচার শুরু করলেন বামফ্রন্ট সমর্থিত সিপিআই (এম) প্রার্থী আয়নুল আরেফিন(রাজু আহমেদ)।
এদিন সকালে বসিরহাট টাউনহল সংলগ্ন নতুন বাজারে ব্যবসায়ী সাধারণ পথচলতি মানুষের সঙ্গে পরিচিতি পর্ব চালানোর মধ্যে দিয়ে প্রচার সারলেন তিনি। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র। যার অভ্যন্তরে ৭টি গ্রাম পঞ্চায়েত যেমন সীমান্ত লাগোয়া ইটিন্ডা পানির, গাছা আখারহাটি, সংগ্রামপুর শিবানী, পিঠা, গোটরা, শাকচুড়া বাগুন্ডি, নিমাদাড়িয়া কোদালিয়া এবং ইছামতি নদীর কোল ঘেঁষে ২টি পৌরসভা যেমন বসিরহাট ও টাকী। হিন্দু এবং মুসলিম প্রধানত এই দুটি সম্প্রদায়ের মানুষ বসবাস করেন। এখানে সম্প্রীতির পরিবেশ এখন অনেকটাই ম্লান বিজেপি এবং তৃণমূলের বিভাজনের রাজনীতির যাঁতাকলে পড়ে। ফলে লড়াই অনেক কঠিন হলেও এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ আয়নুল আরেফিন। প্রচারের প্রথম দিনেই তিনি সেকথা জানিয়ে দিলেন স্পষ্ট উচ্চারণে।
তিনি বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দিয়ে বলেন, নামেই সুপার স্পেশালিটি। প্রয়োজনের তুলনায় চিকিৎসক যথেষ্টই কম। চাকচিক্য আছে কিন্তু সঠিক পরিষেবা নেই। 'রেফার' দৈনন্দিনের ঘটনা। বামফ্রন্টের শেষ দিকে বসিরহাট শহরকে যানজট মুক্ত করতে টাকী ও ইটিন্ডা রোড ছাড়াও বিকল্প রাস্তা তৈরির পরিকল্পনা গ্রহণ করেছিল। ২০১১ সালে রাজ্যে নতুন সরকার গঠনের পর ১৫ টা বছর কেটে গেল। কিন্তু বিকল্প রাস্তা যে তিমিরে ছিল সেই তিমিরেই পড়ে আছে। পঞ্চায়েত, পৌরসভাগুলি লাগামহীন দুর্নীতির আখরা। পঞ্চায়েত সদস্য পৌরসভার কাউন্সিলরদের জীবনযাত্রার মান সহজেই বলে দেয় প্রকৃত উন্নয়ন কাদের হয়েছে। সাধারণ মানুষের না জনপ্রতিনিধিদের। মানুষ এসব নিয়েই সোচ্চার হতে শুরু করেছে। এখন প্রশ্ন নির্বাচন ফের প্রহসনে পরিণত হবে না তো? বজ্র আঁটুনি ফস্কা গেরো ফের দেখতে হবে না তো? বসিরহাট নতুন বাজার চত্বরে এদিনের প্রচার পর্বে এমনই অনেক প্রশ্ন চিহ্ন এঁকে দিয়ে আয়নুল আরেফিন জানান জেতার ব্যাপারে তিনি আশাবাদী, যদি নির্বাচন কমিশন অবাধ এবং সুষ্ঠু নির্বাচন উপহার দেয়।
Comments :0