BON PHONTA students health home

হেলথ হোমে বোন ফোঁটায় বিমান বসু, পিতৃতন্ত্র ভাঙার আহ্বান

রাজ্য কলকাতা

"বোনের কপালে একটি ফোঁটা, দূর হোক ওর পথের কাঁটা,
যেখানে তার শত্রু যত, বিনাশ হোক অবিরত,
বোন তার জীবনজুড়ে, দাঁড়াক নিজ অধিকারে।"
পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আমরা বড় হয়ে উঠেছি। আমাদের মা-বাবা পরিবারের সবাই এই সমাজেই বড় হয়েছেন। এই সমাজ পিতৃতান্ত্রিক। এই পিতৃতান্ত্রিক ব্যবস্থাকে ভাঙতে ‘বোন ফোঁটা’ খুবই গুরুত্বপূর্ণ উদ্যোগ। 
মঙ্গলবার, ১০ নভেম্বর, স্টুডেন্টস হেলথ হোম আয়োজিত ‘বোন ফোঁটা’ অনুষ্ঠানে এ কথা বলেছেন হেলথ হোমের আজীবন সদস্য বিমান বসু।
বিমান বসুর আহ্বান, সমাজের অন্যান্য অংশে এই উদ্যোগকে ছড়িয়ে দিতে হবে।

 


২০২৫ থেকে ভাই ফোঁটার আগের দিন বোন ফোঁটার আয়োজন করে স্টুডেন্টস হেলথ হোম। এদিন হেলথ হোমের নিজস্ব ইউটিউব চ্যানেল উদ্বোধন করা হয়। 
এদিনের অনুষ্ঠানে বিমান বসু ছাড়াও ছিলেন হেলথ হোমের সাধারণ সম্পাদক ডাঃ পবিত্র গোস্বামী, সভাপতি শ্যামল সাহা সহ বিভিন্ন চিকিৎসক, শিক্ষক ও ছাত্রছাত্রীরা। 
বাংলাদেশের শাহবাগ আন্দোলনের সময় বোন ফোঁটার প্রচলন শুরু হয়েছিল। তারপর প্রতি বছর ১৬ অক্টোবর বাংলাদেশের বিভিন্ন জায়গায় এই বোন ফোঁটা হয়। 
হেলথ হোম প্রতি বছর ভাই ফোটার আয়োজন করত। অভয়া আন্দোলনের আবহে বিমান বসু হোমের নেতৃবৃন্দকে পরামর্শ দিয়েছিলেন বোন ফোঁটা করার জন্য। গত বছর, অর্থাৎ ২০২৫ থেকে হেলথ হোম-র মূল কেন্দ্র সহ বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রে এই বোন ফোঁটার আয়োজন করা হয়। বিমান বসু বলেছেন, "ব্যতিক্রমী এই অনুষ্ঠান করার জন্য হেলথ হোমকে আমার অভিবাদন। আমি একটি বই পড়ে জেনেছিলাম এইরকম অনুষ্ঠান বাংলাদেশে হয়, শাহবাগ আন্দোলনের সময় থেকেই।"
তিনি বলেছেন, "আমরা পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বড় হয়ে উঠেছি। আমাদের মা-বাবা পরিবার সবাই এই সমাজেই বড় হয়ে উঠেছেন। এখনও পিতৃতন্ত্রের অবসান ঘটেনি আমাদের সমাজ থেকে। সুতরাং এই সমাজে বোন ফোটার মতো অনুষ্ঠান স্বাভাবিকভাবেই হবে না। এমনকি মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থাতেও এর প্রচলন আছে বলে আমি জানি না। আমাদের রাজ্যে হেলথ হোম এই উদ্যোগ শুরু করেছে যা সমাজব্যবস্থায় নারী পুরুষের সম্মান অধিকার বৈষম্য থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। বিশেষ করে ছাত্র-ছাত্রীদের মধ্যে যদি এই বিষয়টি নিয়ে যাওয়া যায় তাহলে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা ভেঙে বেরিয়ে আসার পথ চওড়া হবে।" 


ডাঃ পবিত্র গোস্বামী বলেন, আমাদের দেশ ও রাজ্যজুড়ে মহিলাদের ওপর নৃশংস যৌন হেনস্তা ও নির্যাতনের বিরুদ্ধে এই বোন ফোঁটার আয়োজন করে হেলথ হোম। 
তিনি বলেছেন, "পৃথিবীতে মানুষের বিবর্তনের ইতিহাসের ধারা দেখলে বোঝা যাবে প্রকৃতি বিবর্তনের স্তরে মানুষকেই সব থেকে বেশি দিয়েছে। মানুষই চিন্তা করে বিচার করে এবং সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু এই মানুষই প্রকৃতিকে ধ্বংস করছে। চারিদিকে যুদ্ধ হানাহানি বিভাজন হিংসা বাড়ছে এর বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াতে হবে। সেই লড়াই নারীদের সম্মান ও মর্যাদা না দিলে সমাজ কখনই যূথবদ্ধ হবে না। তিনি নারীদের সমান অধিকারের পক্ষে সওয়াল করে বলেন যে এই সংস্কৃতিকে এই ভাবনা গোটা দেশ ও বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়ুক।

Comments :0

Login to leave a comment