মলয়কান্তি মণ্ডল ▫️রানিগঞ্জ
শারদোৎসবের পর দফায় দফায় আনাজের উর্ধ্বমুখী দামে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় অভিজ্ঞতা তেমনই।
দীপাবলি শুরুর আগে থেকেই জেলার বড় বড় বাজার অগ্নিমূল্য। পশ্চিম বর্ধমান জেলায় গড়পড়তা আনাজের দাম কেজি প্রতি বেড়েছে ২০ টাকা করে। কোনও কোনও বাজারে সেই বৃদ্ধি কেজিতে ৩০ টাকা পর্যন্ত দাঁড়িয়েছে।
শীত বাড়লে দাম কমবে বলে আশা সবজি ব্যবসায়ীদের। এ বছর পেঁয়াজ ও আলুর দাম স্থিতিশীল থাকলেও আনাজপাতির দাম বেড়েই চলেছে। মিষ্টির দোকানে ভিড় বাড়ছে। মিষ্টি তৈরির উপকরণের দাম বাড়ায় মিষ্টির দামও বেড়েছে।
শিল্পাঞ্চলে শারদোৎসব থেকে দীপাবলি, ভাইফোঁটা, ছটপুজো, জগধাত্রী পুজো পর্যন্ত বাজারে ভিড় লেগেই থাকে। পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চলের ছোট মাঝারি কলকারখানার শ্রমিকরা আনাজপাতি থেকে প্রয়োজনীয় ঘরোয়া জিনিসপত্রের মূল্যবৃদ্ধি হওয়ায় বিপাকে পড়েছেন। আয় বাড়েনি কিন্তু খরচ বেড়েছে।
এ রাজ্যে মানুষের হাতে পর্যাপ্ত কাজ নেই। একশো দিনের কাজ বন্ধ। পরিযায়ী শ্রমিকের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। জেলার বন্ধ কলকারখানা খোলার দাবিতে লালঝাণ্ডা নিয়ে লড়াই করছে সিআইটিইউ। প্রকৃত গরিব মহিলারাই অন্নপূর্ণা যোজনায় অনুদান না পাওয়ায় জেলাজুড়ে ক্ষোভ বাড়ছে। এদিকে আনাজপাতির মূল্যবৃদ্ধির কারণ হিসাবে আনাজ ব্যবসায়ীরা জানাচ্ছেন, ভিন রাজ্য ও পার্শ্ববর্তী জেলা থেকে আমদানি কম। কিন্তু গ্রামের কৃষকদের অভিযোগ, চাহিদা বেশি থাকায় ফড়েরা বেশি লাভ রাখছে।
রানিগঞ্জ ব্লকের কৃষকরা জানান, কৃষিতে উৎপাদন খরচ বেড়েছে কয়েকগুন। সেচের খরচ, সার, বীজের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। কৃষকরা ফসলের দাম পাচ্ছেন না। সারা ভারত কৃষকসভার নেতৃবৃন্দ ফসলের দাম উৎপাদন খরচের দেড়গুণ করার দাবি জানাচ্ছেন। সার বীজের দাম নিয়ন্ত্রণে ও সরকারি ভরতুকির দাবিতে জেলাজুড়ে চলছে কৃষক সভার আন্দোলন।
নিত্যদিন জিনিসপত্রের দাম বাড়ছে অথচ তার সামঞ্জস্য রেখে আয় বাড়ছে না। ফলে মানুষ খরচ করবে কিভাবে?
মঙ্গলপুর শিল্পতালুকের শ্রমিক বাবলু মণ্ডল, পরেশ বাউরি বলেন, মূল্যবৃদ্ধির কারণে সংসার চালাতেই হিমসিম খাচ্ছি। খুব হিসাব করেই খরচ করতে হচ্ছে।
আনাজপাতি থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক দাম বাড়ায় সাধারণ মানুষের সাধ থাকলেও সামর্থ্যে কুলোচ্ছে না। আকাশছোঁয়া দাম ঠেকাতে এরাজ্যে বিজেপির ডবল ইঞ্জিন সরকারের টাস্কফোর্স মিডিয়াকে সঙ্গে নিয়ে বাজারে বাজারে হানা দিচ্ছে। এর পরও ফড়েরা বহাল তবিয়তেই আছে।
বাজার করতে এসে সাধারণ মানুষ বলছেন, বিজেপির ডবল ইঞ্জিন সরকার আসলে ভাঁওতার সরকার ছয় মাসেই তা স্পষ্ট।
Comments :0