রাতের অন্ধকারে ১৬ নম্বর জাতীয় সড়কে ফের বেপরোয়া গতির কারণে প্রাণ হারালেন দুই তরতাজা যুবক। সোমবার গভীর রাতে উলুবেড়িয়ার চেকপোস্টের কাছে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই দুই বাইক আরোহীর। এই মর্মান্তিক ঘটনায় মৃতদের পরিবার ও গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম অরুণ হাজরা (২২) এবং পিকলু ঘড়ুই (২৪)। অরুণ হাজরার বাড়ি রাজাপুর থানার অন্তর্গত বাসুদেবপুরের ঢাকিপাড়া এলাকায়। অন্যদিকে, পিকলু ঘড়ুইয়ের বাড়ি সাঁকরাইল থানার অন্তর্গত কান্দুয়ায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে খবর, সোমবার গভীর রাতে একটি মোটরবাইকে চেপে দুই যুবক ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে যাচ্ছিলেন। উলুবেড়িয়া চেকপোস্টের কাছে তাঁদের বাইকটির সঙ্গে অপর একটি গাড়ির সজোরে ধাক্কা লাগে। পুলিশের প্রাথমিক অনুমান, অত্যন্ত দ্রুত গতিতে থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়েই এই বিপত্তি ঘটে। ধাক্কার তীব্রতা এতটাই বেশি ছিল যে, রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই যুবক। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় বাইক আরোহী দুই যুবকের কারোরই মাথায় হেলমেট ছিল না।
দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উলুবেড়িয়া ট্রাফিক গার্ড এবং উলুবেড়িয়া থানার পুলিশ। পুলিশ রক্তাক্ত অবস্থায় দেহ দুটি উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটির সন্ধানে এবং কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে উলুবেড়িয়া থানার পুলিশ।
প্রসঙ্গত, ১৬ নম্বর জাতীয় সড়কে রাতের দিকে বেপরোয়া যান চলাচল এবং পর্যাপ্ত নজরদারির অভাব নিয়ে বারবারই সরব হয়েছেন স্থানীয় মানুষ। হেলমেটহীন অবস্থায় দ্রুত গতিতে বাইক চালানোর প্রবণতা রুখতে পুলিশি টহলদারি ও সচেতনতা আরও বাড়ানোর দাবি উঠেছে এলাকা জুড়ে।
Accident In National Highway
বেপরোয়া গতি, জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত ২ যুবক
×
Comments :0