NATUNPATA | DIPABALI 1433 | NATUN ALO | Students Health Home BHIFOTA-BONFOTA | CHANDAN NASKAR | 10 NOVEMBER 2026 | 4th YEAR

নতুনপাতা | দীপাবলি ১৪৩৩ | নতুন আলো | স্টুডেন্টস হেলথ হোমের ভাই ফোঁটা-বোন ফোঁটা | চন্দন নস্কর | ১০ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

NATUNPATA  DIPABALI 1433  NATUN ALO  Students Health Home BHIFOTA-BONFOTA  CHANDAN NASKAR  10 NOVEMBER 2026  4th YEAR

নতুনপাতা

দীপাবলি ১৪৩৩ | নতুন আলো

স্টুডেন্টস হেলথ হোমের ভাই ফোঁটা-বোন ফোঁটা : চন্দন নস্কর 

১০ নভেম্বর ২০২৬ - ৪র্থ বর্ষ 

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা। মন্ত্রের মতো মুখস্থ আমাদের। বাস্তবে কথাটাকে কাজে পরিণত করা কি সম্ভব? সম্ভব করে দেখিয়েছে স্টুডেন্টস হেলথ হোম। সে এক অন্যরকম গল্প। 
কলকাতার মৌলালি মোড়ে যে ছতলা হাসপাতালের গায়ে লেখা বিল্ট বাই দি ব্লাড অফ স্টুডেন্টস এন্ড ইউথ সেটা আক্ষরিক অর্থেই তাই। হেলথ হোম ছাত্রছাত্রীদের তৈরি একটা হাসপাতাল যা শুধু রোগ সারায় না একজন ছাত্রছাত্রীরও যাতে রোগ না হয় তার চেষ্টা করে। কিন্তু অসুস্থ হলে তার চিকিৎসায় টাকা লাগে তো। নামমাত্র সদস্য চাঁদায় হয় না। তাহলে উপায়? 
উপায় বের করেছিল ছাত্রছাত্রীরাই। অসুস্থ কোনো অজানা অচেনা বন্ধুর চিকিৎসার জন্য অর্থ সংগ্রহ করেছে এই রাজ্যের অসংখ্য ছাত্রছাত্রী। জমিয়ে রেখেছে মাটির ভাঁড়ে। আর ভাই ফোঁটার দিনে সেই অর্থ তুলে দেওয়া হয়েছে স্টুডেন্টস হেলথ হোমে। আজকের নয় সেই ১৯৭৫ সালে থেকে আজও সেই ধারা বহমান স্টুডেন্টস হেলথ হোমে। আঙ্গিক বদলেছে। মাটির ভাঁড়ের জায়গায় এসেছে সৌভ্রাতৃত্বের কার্ড বা ব্রাদারহুড কার্ড। একজন ছাত্র বা ছাত্রী তার পরিচিত মানুষদের থেকে অর্থ সাহায্য সংগ্ৰহ করে হিসেব করে জমা করবে হেলথ হোমে যা দিয়ে জাত পাত ধর্ম লিঙ্গ নির্বিশেষে অসুস্থ ছাত্রছাত্রীদের চিকিৎসা হবে। এর বিনিময়ে যে সামাজিক স্বাস্থ্যের  চর্চা হয় তার মূল্য আজকের দিনে অপরিসীম। এমন সৌভ্রাতৃত্ব ভাই ফোঁটাকে আরো অর্থবহ করে তোলে না কি ? 
সময় বদলেছে। আমাদের সমাজে নারীর বিরুদ্ধে হিংসা ও বঞ্চনার ঘটনা ক্রমবর্ধমান। এর বিরুদ্ধে শুধুমাত্র লিঙ্গ সচেতনতার পাঠ আজ যথেষ্ট নয়। সামাজিক পরিসরে হাতেকলমে একটা উদযাপন, একটা বিকল্প ভাষ্যের চর্চা এই সময়ের দাবি। স্টুডেন্টস হেলথ হোম শুরু করেছে ভাই ফোঁটার আগে বোন ফোঁটার অনুষ্ঠান। সমতা, মর্যাদা আর সমান সুযোগের একটা আনুষ্ঠানিক উদযাপন। যার সাথে কোনো তথাকথিত প্রচলিত রীতি নীতির বিশেষ অনুষঙ্গ নেই। 
২০২৪ সাল থেকে বোন ফোঁটার পরিকল্পনা। ২০২৫-এ স্টুডেন্টস হেলথ হোমের মূল কেন্দ্রে বোন ফোঁটার অনুষ্ঠানে ব্যাপক উৎসাহ উদ্দীপনা এবছরের বোন ফোঁটার অনুষ্ঠানকে আরো বড় উদ্যোগে পরিণত করেছে। জলপাইগুড়ি, বহরমপুর, আলিপুরদুয়ার, নর্থ গুগলি, বারাসাত সহ বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রে বোন ফোঁটার উদযাপন আলোড়ন ফেলে দিয়েছে। আগামীতে আমাদের সব ঘরে বোন ফোঁটা হলে সামাজিক স্বাস্থ্যে তার একটা ইতিবাচক ছাপ পড়বে এমনটা আশা করা ভুল হবে কি?

Comments :0

Login to leave a comment