Election Islampur

অসুস্থ হলে নিতে হয় খাটিয়ায়, ভোট বাক্সে জবাব দিতে বলছেন বাম প্রার্থী

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

রাস্তার খারাপের কারণে প্রচারের গাড়ি ঠেলে তুলতে সহযোগীতা প্রার্থীর।

তপন বিশ্বাস: ইসলামপুর 

কাগজে কলমে উন্নয়নের ঢাকঢোল যতই পেটানো হোক, বাস্তবে চিত্রটা যেন একেবারেই উল্টো। রাস্তা আছে—কিন্তু সেই রাস্তা যেন শুধু নামেই রাস্তা, বাস্তবে তা খানাখন্দে ভরা এক দুর্বিষহ যন্ত্রণার পথ। কোথাও ভেঙে চুরমার, কোথাও কাদা আর ধুলোয় মিশে গেছে মানুষের নিত্যদিনের চলাচল।
শুক্রবার ইসলামপুর বিধানসভার গাইসাল-১ গ্রাম পঞ্চায়েতের বড়দিঘি আদিবাসী পাড়া ও গাইসাল বস্তিতে প্রচারে গিয়ে বামফ্রন্ট মনোনীত সিপিআই(এম) প্রার্থী সামি খান এই করুণ বাস্তবতার মুখোমুখি হন। তাঁর সঙ্গে থাকা একটি গাড়ি পর্যন্ত ওই রাস্তায় চলতে পারেনি, গ্রামবাসীদের সঙ্গে মিলে গাড়ি ঠেলে তুলতে হয়েছে। এই দৃশ্যই যেন এলাকার তথাকথিত ‘উন্নয়ন’-এর আসল ছবি তুলে ধরে।
গ্রামবাসীদের ক্ষোভ ফেটে পড়ে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে। তাদের অভিযোগ, গ্রাম পঞ্চায়েত থেকে জেলা পরিষদ—সব স্তরেই তৃণমূলের প্রতিনিধি থাকা সত্ত্বেও বছরের পর বছর কোনো কাজ হয়নি। ভোটের আগে প্রতিশ্রুতির বন্যা, আর ভোট শেষ হলেই উধাও নেতারা—এটাই এখন নিয়মে পরিণত হয়েছে।
স্থানীয় বাসিন্দা তালকু টুডু, সোনামই হাসদা থেকে শুরু করে স্কুল পড়ুয়া বিশাল কিসকুদের কথায় উঠে আসে দুঃসহ বাস্তবতা—“এখন বর্ষা নেই বলে কোনোভাবে যাতায়াত করা যায়। কিন্তু একটু বৃষ্টি হলেই রাস্তা পুরো অচল হয়ে যায়।” আরও ভয়াবহ চিত্র তুলে ধরে তারা জানায়, গভীর রাতে কেউ অসুস্থ হলে খাটিয়ায় করে প্রায় আড়াই কিলোমিটার দূরে নিয়ে যেতে হয়, তারপর গিয়ে কোনো গাড়ি পাওয়া যায়। গর্ভবতী মহিলা বা বৃদ্ধদের জন্য এই যন্ত্রণা যেন মৃত্যুর সমান।
সামি খান ক্ষোভ প্রকাশ করে বলেন, “মানুষ আজও মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত। অথচ উন্নয়নের গল্প শোনানো হচ্ছে প্রতিদিন!” তিনি আরও অভিযোগ করেন, একই পরিবার দীর্ঘ ১৫ বছর ধরে জেলা পরিষদের সদস্য পদে থেকেও এলাকার উন্নয়নে কোনো বাস্তব পদক্ষেপ নেয়নি। “নিজেদের উন্নয়ন হয়েছে, কিন্তু এলাকার মানুষের জীবনে কোনো পরিবর্তন আসেনি,”—তীব্র কটাক্ষ তাঁর।
গ্রামবাসীদের উদ্দেশ্যে তাঁর স্পষ্ট বার্তা—“যখন ভোট চাইতে আসবে, আগে কাজের হিসাব চাইবেন। তারপর ভোটের কথা ভাববেন।”
এই ঘটনার পর আবারও প্রশ্নের মুখে পড়েছে শাসক দলের উন্নয়নের দাবি। মানুষের দৈনন্দিন কষ্ট, অসহায়তা আর বঞ্চনার এই চিত্র যেন নীরব প্রতিবাদ হয়ে উঠছে—যেখানে রাস্তার প্রতিটি গর্তই যেন সরকারের ব্যর্থতার সাক্ষী। বাম প্রার্থী বলেন, আমরা চাই মানুষ জবাব দিক ভোট বাক্সে। 

Comments :0

Login to leave a comment