অনিন্দিতা দত্ত: শিলিগুড়ি
বামপন্থাই একমাত্র ভরসা। একমাত্র বিকল্প। মোদী মমতার আমলে প্রতারিত আমজনতা। গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার লড়াই একসাথে সাথে চালিয়ে যেতে হবে। এক সরকার দেশের সম্পত্তি লুট করছে। আর এক সরকার শিল্প কারখান ধ্বংস করছে। প্রতিদিনের মানুষের মিছিল বুঝিয়ে দিচ্ছে এই শহর কি চাইছে। তাই কোনভাবেই বিজেপি তৃণমূল নয়, শুধু লালঝান্ডার হাত ধরেই ঘুরে দাঁড়াতে চাইছি। বীনা নন্দীর স্পষ্ট কথা। এক কথায়, শিলিগুড়ি ৩২নম্বর ওয়ার্ডের সাধারণ বাসিন্দারা স্পষ্ট করেছেন ডাবগ্রাম—ফুলবাড়ি কেন্দ্রে বামফ্রন্টের সিপিআই(এম) প্রার্থী দিলীপ সিং-কেই বিধায়ক হিসেবে চাইছেন তারা।
জলপাইগুড়ি জেলার ডাবগ্রাম—ফুলবাড়ি বিধানসভা কেন্দ্র। শিলিগুড়ি লাগোয়া। শিলিগুড়ি পৌর কর্পোরেশনের সংযোজিত ১৪টি ওয়ার্ড এই বিধানসভা কেন্দ্রের আওতায়। এছাড়াও এই বিধানসভা কেন্দ্রের আওতায় রয়েছে ডাবগ্রাম ১ ও ২ পঞ্চায়েত ও ফুলবাড়ি ১/২ পঞ্চায়েতের বিস্তীর্ন এলাকা। শনিবার ৩২নম্বর ওয়ার্ডের সুকান্তপল্লী, শ্রীপল্লী, অশোক নগর এলাকায় একেবারে প্রতিটি বাড়িতে পৌঁছে গিয়ে নির্বাচনী প্রচার সারেন প্রার্থী দিলীপ সিং। শহরের এই ওয়ার্ডটিতে মধ্যবিত্ত শ্রেণির মানুষের বসবাস। স্লোগান শুনে বাড়ির ভেতর থেকে বেরিয়ে আসছেন প্রবীন নবীন সকলেই। অশোকনগর এলাকায় নিকাশী ব্যবস্থার একেবারেই দৈনদশা। সামান্য বৃষ্টিতে এলাকায় জল জমে যায়। ভারি বর্ষণে তো কোন কথাই নেই। গোটা এলাকায় প্লাবিত হয়। নালা নর্দমার জল এলাকার বাড়িঘরে ঢুকে যায়। প্রতিবছরের বর্ষাকালে জলযন্ত্রণা থেকে মুক্তি চাইছেন অশোকনগরের বাসিন্দারা।
বিজেপি সরকারের আচ্ছে দিনের নামে গরীব মানুষের দুর্দশার ছবি স্পষ্ট হয়েছে এলাকার মানুষের কাছে। আর ১৫ বছর ক্ষমতায় থাকাকালীন রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার কিভাবে সাধারণ মানুষের টাকা দুর্নীতি করে নিজেদের পকেট ভরিয়েছে তা আজ স্পষ্ট। প্রতিনিয়ত পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাসের দাম উর্দ্ধমুখী। সম্প্রতি গ্যাসের সঙ্কট, কালোবাজারি, ঘরের বেকার ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকেরা। বাড়ির মেয়েটি বাড়ি থেকে স্কুল কলেজের জন্য বেরিয়ে আসতে দেরি হওয়ায় কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়ে। দুই সরকারের সময়কালে গরীব মানুষকে যে ভয়ঙ্কর আক্রমণের মুখেমুখি হতে হয়েছে বিগত দিনে বামফ্রন্ট সরকারের সময়ে এমনটা কখনই হয়নি। আসন্ন বিধানসভা নির্বাচনে কেন্দ্র ও রাজ্য সরকারের প্রবল দুর্নীতি ভাবাচ্ছে সাধারণ মানুষকে। এদিন সিপিআই(এম) প্রার্থীর প্রচারে উঠে এসেছে এই সমস্ত প্রসঙ্গ। এদিন শিলিগুড়ি হকার্স কর্নার ও নিবেদিতা মার্কেটে নিবিড় প্রচারে ছিলেন ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী দিলীপ সিং। প্রচারে নতুন নতুন মুখের দেখা মিলেছে। তেমনি অবাঙালি ব্যবসায়ীরাও ভিড় করেছেন। সবাই স্বতঃস্ফুর্তভাবে এগিয়ে এসে কথা বলেছেন প্রার্থীর সঙ্গে।
Comments :0