LEFT FRONT

সর্বশক্তিতে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী লড়াইয়ের আহ্বান বামফ্রন্টের

রাজ্য বাংলা বাঁচানোর ভোট

দেশ ও রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির বিচারে তৃণমূল ও বিজেপি'র বিরুদ্ধে সর্বোচ্চ শক্তির সমাবেশ ঘটিয়ে রাজ্যে সরকার পরিবর্তনের লক্ষ্যকে সামনে রেখে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াইয়ের আহ্বান জানিয়েছে রাজ্য বামফ্রন্ট। বুধবার প্রেস বিবৃতি জারি করে একথা বলেছেন রাজ্য বামফ্রন্টের সভাপতি বিমান বসু। 
রাজ্য বামফ্রন্টের আহ্বান, তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করতে বামফ্রন্টকে সর্বশক্তি নিয়ে সহযোগী দলগুলির সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে হবে।
বিবৃতিতে বলা হয়েছে, বামফ্রন্ট এবং সহযোগী দল হিসাবে সিপিআই(এম-এল) লিবারেশন ৮টি বিধানসভা কেন্দ্রে এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (আইএসএফ) সঙ্গে ৩০টি বিধানসভা কেন্দ্রে আসন সমঝোতার ভিত্তিতে ঐক্যবদ্ধ লড়াইয়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বামফ্রন্ট ও সহযোগী দল সহ সমস্ত গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও বামপন্থী শক্তির কাছে এই নির্বাচন একদিকে যেমন চ্যালেঞ্জের অপরদিকে সম্ভাবনাময়। 
বিবৃতিতে আরও বলা হয়েছে, নির্বাচনী বোঝাপড়া অনুযায়ী বামফ্রন্টের ২৫২টি আসনের মধ্যে সিপিআই(এম) ১৯৫টি আসনে, সারা ভারত ফরওয়ার্ড ব্লক ২৩টি আসনে, সিপিআই ১৬টি আসনে, আরএসপি ১৬টি আসনে, আরসিপিআই ১টি আসনে এবং মার্কসবাদী ফরওয়ার্ড ব্লক ১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে স্থির হয়েছে। বামফ্রন্টের সহযোগী দল হিসাবে পশ্চিমবঙ্গ সোশ্যালিস্ট পার্টিকে ১টি আসনে এবং ৩টি আসনে অন্যান্য গণতান্ত্রিক ও সামাজিক সংগঠনের প্রার্থীদের সমর্থন করা হবে। পশ্চিমবঙ্গের ২৯৪টি কেন্দ্রে তৃণমূল ও বিজেপিকে পরাস্ত করতে সর্বশক্তি নিয়ে উপরে উল্লিখিত সহযোগী দলগুলির সঙ্গে ঐক্যবদ্ধভাবে নির্বাচনী সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে রাজ্য বামফ্রন্ট আহ্বান জানিয়েছে।

Comments :0

Login to leave a comment