World Cup 2026 Opening

মেক্সিকোর দাপুটে সূচনা বিশ্বকাপে

খেলা বিশ্বকাপ ২০২৬

প্রতিযোগিতার প্রথম গোলদাতা জুলিয়ান কিনিয়োনেস।

মেক্সিকো - ২ (জুলিয়ান ৮ মিনিট, রাউল ৬৬ মিনিট) 
দক্ষিণ আফ্রিকা - ০

মেক্সিকো সিটি: ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচে মেক্সিকো সিটির ঐতিহাসিক আজটেকা স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করেছে স্বাগতিক মেক্সিকো। যদিও প্রথম ম্যাচেই তিনটি লাল কার্ড ম্যাচের অন্য চেহারাকে তুলে ধরে। 
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকা মেক্সিকো ম্যাচের ৮ মিনিটেই এগিয়ে যায়। এরিক লিরার পাস থেকে জুলিয়ান কিনিয়োনেস বক্সের ভেতর থেকে নিখুঁত শটে বল জালে জড়িয়ে আয়োজকদের লিড এনে দেন।

প্রথমার্ধে দক্ষিণ আফ্রিকা কিছু প্রতিরোধ গড়ে তুললেও মেক্সিকোর আক্রমণের চাপ সামলাতে হিমশিম খেতে হয়। রাউল হিমেনেস ও কিনিয়োনেস একাধিক সুযোগ তৈরি করেন, এমনকি ৪১ মিনিটে কিনিয়োনেসের শট পোস্টেও লাগে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার সেরা সুযোগটি আসে লাইল ফস্টারের হেড থেকে, যা অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরে যায় ৪৯ মিনিটে। দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার ইয়ায়া সিথোলে লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দলটি ১০ জনে নেমে আসে। সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে মেক্সিকো আরও আক্রমণ বাড়ায়। ৬৬ মিনিটে রবার্তো আলভারাদোর দারুণ ক্রস থেকে রাউল হিমেনেস হেডে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।

পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে দক্ষিণ আফ্রিকার জন্য, যখন ৮৩ মিনিটে থেম্বা জোয়ানে ভায়ারের সিদ্ধান্তে লাল কার্ড দেখে মাঠ ত্যাগ করেন। ম্যাচের শেষ দিকে মেক্সিকোর সিজার মন্তেসও লাল কার্ড পেলেও ফলাফলে তার কোনো প্রভাব পড়েনি।

দু’ গোল, আধিপত্যপূর্ণ পারফরম্যান্স এবং আত্মবিশ্বাসী ফুটবলের মাধ্যমে মেক্সিকো বিশ্বকাপ অভিযান শুরু করল জয় দিয়ে। অন্যদিকে নয়জনের দক্ষিণ আফ্রিকাকে পরবর্তী ম্যাচে ঘুরে দাঁড়ানোর কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হলো।

Comments :0

Login to leave a comment