NATUNPATA | SHARAD 1433 | NATUN BARANDA | KALA BOU | KRISHANU BHATTACHAJEE | 17 OCTOBER 2026 | 4th YEAR

নতুনপাতা | শারদ ১৪৩৩ | নতুন বারান্দা | কলা বৌ | কৃশানু ভট্টাচার্য্য | ১৭ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

NATUNPATA  SHARAD 1433  NATUN BARANDA  KALA BOU  KRISHANU BHATTACHAJEE  17 OCTOBER 2026  4th YEAR

নতুনপাতা

শারদ ১৪৩৩

নতুন বারান্দা

কলা বৌ

কৃশানু ভট্টাচার্য্য

১৭ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ 
 

সকাল থেকে দলে দলে মানুষ ঢাকঢোল বাজাতে বেড়াতে কলা গাছকে স্নান করাতে নিয়ে যাচ্ছে দেখে প্রীতিসা বেশ অবাক। গতবছর দুর্গাপুজোর মন্ডপে গণেশের পাশে কাপড়ে জড়ানো কলা গাছ দেখে ওর বাবাকে জিজ্ঞেস করেছিল ওটা কি? শুনেছিল একে কলা বউ বলে। ‌ এর আগেও ও অনেক পুজো দেখেছে কিন্তু তখন তো কেজি ওয়ান সে সময় ওর মাথাতে কখনো এ প্রশ্নটাই ওঠেনি যে কলা গাছকে নিয়ে এত মাতামাতি কেন? এখনো ক্লাস টু তে পড়ে।  বেশ বড় হয়ে গেছে। স্কুলে বাংলা ইংরেজি হিন্দি তার সঙ্গে সঙ্গে আবার জি কে ও আছে। ওদের পাশের বাড়ির তাতাই সে তো কোন কিছু হলেই মোবাইল হাতে গুগল করে। ‌ তবে প্রীতিসার ঐ গুগলের উপর অতটা ভরসা নেই ।  ওর সমস্ত প্রশ্ন ওর বাবার কাছে।
" আরে শোন,  ওটা শুধু কলাগাছ নয়। ‌ কলা গাছের কাঠামোটাকে ব্যবহার করে আরো আটখানা গাছের পাতা ওই কাঠামোর মধ্যে যোগ করে দেওয়া হয়। ওগুলো সব আমাদের খুব পরিচিত আর খুব কাজের"।
বাবার কথায় বিষয়টাকে বেশ ইন্টারেস্টিং মনে হল। ‌ কাজেই প্রশ্নের বহরটা বাড়তে লাগলো। এই গাছগুলো কি? ওদের নিয়েই এত মাতামাতি কেন? 
" ওই গাছগুলোর মধ্যে রয়েছে ধান , ডালিম, কচু, অশোক, বেল, জয়ন্তী, মান কচু আর হলুদ।"
"বাবা, জয়ন্তী কি?"
"জয়ন্তী হল এক ধরনের গাছ যার পাতা দিয়ে বিভিন্ন সময় ওষুধ তৈরি করা হয়। শোনা যায়? চামড়ার নানা রকম সমস্যা হলে এ এক মহৌষধ। শুধু জয়ন্তীই না। এই নয়টা গাছের মধ্যে এমন কয়েকটা গাছ আছে যারা রীতিমতো আমাদের বিভিন্ন রোগ থেকে রক্ষা করে। ‌ যেমন রক্তের কোন সমস্যা হলে ডালিম খুব উপকারী।"
" আমি তো ডালিম এমনি খেতে ভালবাসি। ডালিম খেলে রক্ত ভালো হয়?"
" আমরা এমন অনেক কিছুই খুব শখ করে খাই যেগুলো আমাদের দেহের পক্ষে খুব উপকারী। আবার অনেকগুলো আছে যেগুলো খেতে আমাদের একদম ইচ্ছে করে না কিন্তু সেগুলো আমাদের শরীরের পক্ষে ভীষণ দরকার।  যেমন বেল। পাকা বেল কিংবা কাঁচা বেল দুটোই কিন্তু পেটের জন্য ভীষণ দরকার। কিন্তু তুমি তো বেল খেতে একদম ভালোবাসো না।"
" আমি কলা খেতে খুব ভালোবাসি। "
" বেলের পাশাপাশি কচু আর মানকচু দুটোই কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ দরকার। হলুদ তো রোজকার রান্নায় আমরা ব্যবহার করি। ধান না থাকলে চাল আসবে কোত্থেকে। ভাত আমাদের রোজকার অত্যন্ত জরুরি আর প্রিয় খাবার।"
" সে তো বুঝলাম, কিন্তু এদেরকে পূজো করার কারণ কি? "
" শোন , আগেকার দিনে এই প্রাকৃতিক খাদ্য এবং আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত প্রয়োজনীয় গাছ-গাছড়া কে মানুষ বিশেষভাবে গুরুত্ব দিতো। আর সেই কারণেই আমাদের সবচেয়ে বড় উৎসবে এই প্রকৃতির উপাদান গুলোকে আমরা যতটা পারি ততটাই গুরুত্ব দি।"
প্রীতিসা ধীরে ধীরে বুঝতে পারে কলা গাছ শুধু কলা গাছ নয় ওটা আসলে নটা গাছকে একসঙ্গে করা যাদের  আমাদের জীবনে বিশেষ গুরুত্ব আছে। তবে বাবার কাছে ওরা আরেকটা প্রশ্ন রয়ে গেল। ‌ যদি গাছ এত গুরুত্বপূর্ণ হবে তবে মানুষ জঙ্গল পরিষ্কার করার নামে এই গাছগুলোকে এভাবে কেটে ফেলে কেন? ও ঠিক করল বাবা বাজার থেকে ফিরে আসলেই বাবার কাছে এই প্রশ্নটাই ও তুলে ধরবে।

Comments :0

Login to leave a comment