রানিগঞ্জ কয়লাঞ্চলে প্রশ্ন অনেক। জবাব নেই তৃণমূল, বিজেপির নেতাকর্মীদের কাছেও। 'লড়াই তাই কঠিন'- স্বীকার করছেন তৃণমূল ও বিজেপি।
রানিগঞ্জ শহরের মাঝে ওসিপি (খোলামুখ খনি) করে কয়লা তোলা হবে। তার নোটিশ দিয়েছে। বিজেপি সরকারের কয়লা মন্ত্রক রাষ্টায়ত্ত সংস্থা ইসিএল এমডিও'র নামে বেসরকারি মালিকের হাতে কয়লা তোলার বরাত দিচ্ছে। তৃণমূল পরিচালিত আসানসোল করপোরেশন রানিগঞ্জে নির্মাণের অনুমোদন দেওয়া বন্ধ করেছে। রানিগঞ্জ শহর উচ্ছেদের আতঙ্ক তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পাণ্ডবেশ্বরে নির্বাচনী প্রচার সভায় বলেছেন, রানিগঞ্জ শহরের নাগরিকদের দুটি করে ফ্ল্যাট ও ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এরপরই রানিগঞ্জ শহর বাঁচানোর প্রশ্ন উঠছে। রানিগঞ্জ শহর উচ্ছেদের প্রশ্ন পাড়ার মোড়ে মোড়ে। উত্তর দিতে জেরবার তৃণমূল বিজেপি।
মঙ্গলবার সকালে রানিগঞ্জ শহরে নির্বাচনী প্রচার শুরুর আগেই কয়েক পশলা বৃষ্টি হল। রেল স্টেশনের বাইরে রানিগঞ্জের সিপিআই(এম) প্রার্থী নারান বাউরি জনসংযোগ কর্মসূচি শুরু করতে খানিকটা দেরিই হল। স্টেশন চত্বরে চা-এর দোকানে চুমুক দিতে দিতে সাধারণ মানুষেরা এসে জিজ্ঞেস করলেন, রানিগঞ্জ শহরকে বাঁচান। আপনারাই ঠেকাতে পারবেন। আমরা আপনাদের সঙ্গে আছি। বৃষ্টি থামলে রানিগঞ্জের প্রাক্তন বিধায়ক রুনু দত্ত প্রচারের শুরুতে বক্তব্য রাখেন। আস্তে আস্তে জমায়েত বাড়তে শুরু হল। জনসংযোগ করতে দশ কদম এগিয়ে যেতেই দেখা গেল রাস্তায় জল জমেছে। রাস্তা জুড়ে খানা খন্দে ভর্তি। একটু বৃষ্টিতে রাস্তার গর্তে জল জমে আছে। স্টেশন, সবজি বাজার যেতে বহু মানুষ এই রাস্তা ব্যবহার করেন। কর্পোরেশনের কোনও হেলদোল নেই। নিয়মিত জঞ্জাল সাফাই হচ্ছে না। পানীয় জলের সঙ্কটে ভুগছে শিল্পাঞ্চল। খনি শহর রানিগঞ্জে কয়লাখনি, ফায়ার ক্লে, পেপার মিল, কাচের কারখানা, এলুমিনিয়াম কারখানা সহ ব্যবসা বাণিজ্যের নবদিগন্ত রচিত হয়েছিল। রাষ্ট্রায়ত্ত কয়লা খনি থেকে সেরামিক কারখানায় হাজার হাজার শ্রমিকের রুজি রোজগার-সবই আজ ধ্বংসস্তূপে পরিণত। বাম আমলের গড়া শিল্প তালুকগুলি ধুঁকছে কেন। কোনও উত্তর নেই এসব প্রশ্নের।
সিপিআই(এম) প্রার্থী নারান বাউরি 'র বক্তব্য, রানিগঞ্জ শহর বাঁচানোর কথা বিজেপি ও তৃণমূল কেউ বলছে না। তাহলে কি দাঁড়ালো ? শ্রমজীবী মানুষের পাশে এই দুই দলের কেউই নেই। আছে শুধু লাল ঝান্ডাই। সমস্ত জ্বলন্ত সমস্যার সমাধানের সুরাহার কথা বলছেন রানিগঞ্জের লড়াই আন্দোলনের সাথী বামফ্রন্ট প্রার্থী নারান বাউরি । লাল ঝাণ্ডা নিয়েই প্রতিদিনকার জ্বলন্ত সমস্যা থেকে উত্তরণের পথ দেখছে রানিগঞ্জবাসী।
Assembly 2026 RANIGANJ
বেহাল নাগরিক পরিষেবা, শহর উচ্ছেদের আতঙ্কের মাঝেই তৃণমূল- বিজেপির প্রতি ক্ষোভ প্রকাশ জনসাধারণের
রানিগঞ্জের স্টেশন চত্বরে বেহাল রাস্তা সংস্কারের কথা বলে চলছে নারান বাউরি'র নির্বাচনী প্রচার।
×
Comments :0