রাজ্য সরকারের সীমাহীন উদাসীনতায় ভেঙে পড়েছে কোচবিহার নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থা। এই বিধানসভা এলাকার মধ্যে থাকা দেওচড়াই, জিরানপুর সহ একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকায় কার্যত ধুঁকছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলি। পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর অভাবে এই স্বাস্থ্য কেন্দ্রগুলির অন্তর্বিভাগ বন্ধ, বহির্বিভাগ চলছে কোনরকম ভাবে। চরম বিপন্নতার মুখোমুখি দাঁড়িয়ে এই গ্রামীণ অংশের মানুষেরা। তারা বুঝে গেছেন রাজ্যের ক্ষমতাসীনরা আসলে পাশে নেই তাদের, বিগত পাঁচ বছরে এই স্বাস্থ্য কেন্দ্রগুলির যাবতীয় সমস্যা সমাধানের জন্য বিধানসভার অভ্যন্তরে কোনরকম আলোচনাই করেননি এই কেন্দ্রের বর্তমান বিজেপি বিধায়ক। এই এলাকার সাধারণ মানুষ মনে করছেন লাল ঝাণ্ডার প্রার্থীই একমাত্র তাদের এই দুর্দশা থেকে মুক্তি দিতে পারেন। তাই এই নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রে এবার সিপিআই(এম) প্রার্থী আকিক হাসানের ওপরেই ভরসা রাখছেন তারা।
পর্যাপ্ত কাজ না থাকায় ক্রমশ ক্রয় ক্ষমতা হারাচ্ছেন গোটা রাজ্য সহ এই কোচবিহার জেলার অন্যান্য জায়গার মতো এই বিধানসভায় এলাকার গ্রামীণ অংশের মানুষেরা। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই একদিকে লাগামহীন ওষুধের মূল্যবৃদ্ধি, অন্যদিকে দিন আনা দিন খাওয়া মানুষগুলির চিকিৎসার ক্ষেত্রে একমাত্র ভরসাস্থল বাড়ির নিকটবর্তী সরকারি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলির চিকিৎসা পরিষেবা ভেঙে পড়ায় দিশেহারা হয়ে পড়েছেন এই নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন গ্রামের সাধারণ খেটে খাওয়া গরিব মানুষেরা।
কোচবিহার জেলা জুড়ে রয়েছে প্রায় ২৯টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। আর এই স্বাস্থ্য কেন্দ্রগুলিতে শূন্যপদে স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসক নিয়োগ না হওয়ার কারণে এই স্বাস্থ্য কেন্দ্রগুলির চিকিৎসা পরিষেবা তলানিতে ঠেকেছে। এর মধ্যে রয়েছে এই বিধানসভা এলাকার বেশ কয়েকটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রও।
গ্রামের প্রান্তিক মানুষের একমাত্র ভরসাস্থল ছিল এই উপস্বাস্থ্য কেন্দ্রগুলি। কিন্তু সরকারি উদাসীনতায় এই স্বাস্থ্যপরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এই সমস্ত সাধারণ মানুষেরা। এই সমস্ত এলাকার মানুষেরা অসুস্থ হয়ে পড়লে হয় ছুটতে হয় বিভিন্ন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, নতুবা প্রাইভেটে বিশাল অংকের টাকা ভিজিট দিয়ে দেখাতে হচ্ছে চিকিৎসকদের। আর বর্তমানে যেভাবে ওষুধের দাম বৃদ্ধি হয়েছে, তাতে বাইরে থেকে ওষুধ কেনার ক্ষেত্রে চরম সঙ্কটের মুখোমুখি হতে হচ্ছে কৃষিপ্রধান এই এলাকার সাধারণ মানুষকে। তাদের আত্মবিশ্বাস, এই উপস্বাস্থ্য কেন্দ্রগুলি পুনরুজ্জীবিত করার বিষয়ে বিধানসভার অভ্যন্তরে একমাত্র সোচ্চার হবেন এই লাল ঝাণ্ডার প্রার্থী, তাই তার ওপরই আস্থা রাখছেন তাঁরা।
Election 2026 Natabari
লাল ঝাণ্ডার প্রার্থীর জয় চাইছেন নাটাবাড়ি এলাকার মানুষ
প্রচারে নাটাবাড়ির সিপিআই(এম) প্রার্থী আকিক হাসান। ছবি অমিত কুমার দেব।
×
Comments :0