মীর আফরোজ জামান: ঢাকা
পুজোর ছুটিতে কক্সবাজার সমুদ্রসৈকতে ছুটে এসেছেন অসংখ্য পর্যটক। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে। কিন্তু কক্সবাজারের হিমছড়ি সৈকতে স্নান করতে নেমে সাগরের স্রোতে ভেসে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। ঘটনায় আরও দুই পর্যটক নিখোঁজ রয়েছেন। স্থানীয়দের সহায়তায় একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সময় বুধবার বিকেল ৫টা নাগাদ হিমছড়ির মারিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। রামু উপজেলা নির্বাহী আধিকারিক মহম্মদ জিল্লুর রহমান জানান, পর্যটকদের একটি দল সৈকতে নেমে ঢেউ ও প্রবল স্রোতে ভেসে যান। স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। পরে ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার হয়। নিখোঁজ দুজনকে উদ্ধারে তল্লাশি চালানো হচ্ছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর সৈকত এলাকায় শোকের পরিবেশ তৈরি হয়। উৎসবের ছুটিতে বেড়াতে এসে এমন মর্মান্তিক পরিণতি পর্যটকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছে। পর্যটকদের একাংশ বলছেন কক্সবাজারের সমুদ্রসৈকতে পর্যটকদের ভিড় বাড়ার সঙ্গে সঙ্গে সাগরে স্নানের সময় নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সাগরের ঢেউ, জলের গভীরতা ও আকস্মিক স্রোত সম্পর্কে অসতর্কতা মুহূর্তেই প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে।
নিখোঁজ দুজনের সন্ধানে তল্লাশি অব্যাহত রয়েছে। তবে নিহত ও নিখোঁজ পর্যটকদের পরিচয় এবং দুর্ঘটনার বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য পাওয়া গেলে তা জানা যাবে।
কক্সবাজার সমুদ্র সৈকতে সাগরের ঢেউয়ে বিসর্জন দেওয়া হচ্ছে দুর্গা প্রতিমা। চরে দাঁড়িয়ে সেই দৃশ্য উপভোগ করছেন লক্ষ মানুষ। এই দৃশ্য দেখতে সমুদ্র সৈকতে জড়ো হন বিপুল সংখ্যক পর্যটক। আয়োজকরা জানিয়েছেন, আড়াই থেকে তিন লক্ষ মানুষের সমাগম ঘটেছে।
Comments :0