FIFA World Cup 2026

বিশ্বকাপে ব্রাজিলের দাপট, স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে নকআউটে সেলেসাও

খেলা বিশ্বকাপ ২০২৬

ভিনিসিয়ুস জুনিয়রের জোড়া গোলের সৌজন্যে স্কটল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ সি-র শীর্ষস্থান নিশ্চিত করল ব্রাজিল। এই জয়ের ফলে কার্লো আনচেলত্তির দল নকআউট পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পৌঁছে গেল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। সপ্তম মিনিটেই স্কটিশ রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে গোল করে দলকে এগিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে তিনি নিজের দ্বিতীয় গোলটি করে ব্রাজিলের ব্যবধান ২-০ করেন।
দ্বিতীয়ার্ধেও ব্রাজিলের আধিপত্য অব্যাহত থাকে। ৬০ মিনিটে ব্রুনো গিমারায়েসের বাড়ানো বল থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন মাতেউস কুনহা। এরপর স্কটল্যান্ড কয়েকটি আক্রমণ গড়ে তুললেও ব্রাজিলের রক্ষণ ও গোলরক্ষক অ্যালিসনের দৃঢ়তায় তারা গোলের দেখা পায়নি।
এই ম্যাচে দীর্ঘ বিরতির পর বিশ্বকাপে ফের মাঠে নামেন নেইমার। বদলি হিসেবে নেমে তিনি কয়েকটি আক্রমণ তৈরিতে ভূমিকা রাখেন এবং দর্শকদের উচ্ছ্বাসের কেন্দ্রবিন্দুতে থাকেন।
ভিনিসিয়ুসের এই জোড়া গোল তাকে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তুলে এনেছে। 
তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ সি-র শীর্ষে থেকে শেষ করলো ব্রাজিল। অন্যদিকে স্কটল্যান্ডের নকআউটে ওঠার ভাগ্য এখন নির্ভর করছে অন্যান্য গ্রুপের ফলাফলের উপর। গোল পার্থক্যে পিছিয়ে থাকায় তাদের অপেক্ষা করতে হবে সেরা তৃতীয় স্থানের দলগুলির হিসাবের জন্য।

Comments :0

Login to leave a comment