ভাঙড় থেকে বামফ্রন্টের সমর্থনে আইএসএফ প্রার্থী হচ্ছেন নওশাদ সিদ্দিকী। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে ২৯টি বিধানসভা আসনে প্রার্থী দেবে বলে ঘোষণা করেছে আইএসএফ।
তবে শুক্রবারই বামফ্রন্টের সভাপতি বিমান বসু বলেছেন যে এই সব আসনেই বামফ্রন্টে এখনও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমও বলেন যে ২৯টি আসনে সর্বসম্মতিক্রমে প্রার্থী ঘোষণার কথা আইএসএফ’এর পক্ষ থেকে বলা হয়েছে। তা সঠিক নয়।
শুক্রবার সাংবাদিক সম্মেলনে নওশাদের বক্তব্য, ‘বিজেপি ও তৃণমূলকে পরাস্ত করাই আমাদের লক্ষ্য। বামফ্রন্ট এবং আমাদের মধ্যে থেকে যে আলোচনা হয়েছে, সেই আলোচনায় বাম এবং আইএসএফ’র মধ্যে সর্বসম্মতিক্রমে যে আসনগুলিতে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, সেই আসনগুলির নাম দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।’ কিন্তু এই ২৯ আসনের সব ক্ষেত্রে যে নিষ্পত্তি হয়নি তা বামফ্রন্টের বক্তব্যে স্পষ্ট।
তৃণমূলের পক্ষ থেকে ভাঙড় কেন্দ্রে প্রার্থী করা হয়েছে শওকত মোল্লাকে। ক্যানিং পূর্ব আসন থেকে তাকে সরিয়ে আনা হয়েছে।
শুক্রবার আইএসএফ জানায় যে ৩৩টি বিধানসভা আসন চিহ্নিত করেছে দল। তার মধ্যে ২৯টি বিধানসভা কেন্দ্রের নাম এদিন ঘোষণা করা হলো।
এদিকে বামফ্রন্টের পক্ষ থেকে জানানো হয় যে আলোচনাক্রমে সর্বসম্মতিতে প্রতিদ্বন্দ্বিতার যে ঘোষণা করা হয়েছে সেগুলিতে এখনও সম্পূর্ণ নিষ্পত্তি হয়নি।
এই সম্পর্কে সেলিম বলেছেন, যে ২৯টি আসনে সর্বসম্মতিক্রমে প্রার্থী ঘোষণার কথা আইএসএফ’এর পক্ষ থেকে বলা হয়েছে তা সঠিক নয়। চূড়ান্ত নিষ্পত্তি এখনও হয়নি, তবে নিষ্পত্তির পথে। এর মধ্যে এমন আসন রয়েছে যেখানে বামফ্রন্টের শরিক দলগুলির দাবি রয়েছে। একতরফা কিছু হয় না, উভয়পক্ষকেই দেওয়া নেওয়া করে এগুলির দ্রুত নিষ্পত্তি করতে হবে। মূলত, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব মেদিনীপুর ও বিশেষত উত্তর ২৪ পরগনার কয়েকটি আসন নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা চলছে সিপিআই(এম) এবং আইএসএফ’র মধ্যে।
এই প্রসঙ্গেই বিমান বসু জানিয়েছেন, আইএসএফ’এর সঙ্গে সিপিআই(এম)’র দ্বিপাক্ষিক আলোচনা কয়েক দফায় হয়েছে। কিন্তু বামফ্রন্টে এখনও চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। আশা করছি, বামফ্রন্টের শরিক দলগুলির সঙ্গে আইএসএফ’এর আলোচনায় দ্রুত যুক্তিসঙ্গত নিষ্পত্তি হয়ে যাবে।
ISF
২৯ আসনের ঘোষণা আইএসএফ’র: নিষ্পত্তি হয়নি সব আসনের, বলল বামফ্রন্ট
×
Comments :0