FIFA World Cup 2026

প্যারাগুয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিল যুক্তরাষ্ট্র

খেলা বিশ্বকাপ ২০২৬

নিজেদের মাটিতে ৩২ বছর পর আয়োজিত ফুটবল বিশ্বকাপের সূচনা দুর্দান্ত জয় দিয়ে করল মার্কিন যুক্তরাষ্ট্র। শনিবার সোফাই স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়েকে ৪-১ গোলে পরাজিত করে বিশ্বকাপ অভিযান শুরু করলো স্বাগতিকরা।
ম্যাচের নায়ক ফোলারিন বালোগুন, যিনি জোড়া গোল করে দলের বড় জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া শেষ মুহূর্তে একটি গোল করেন জিও রেইনা। মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে প্রথম গোলটি আসে প্যারাগুয়ের আত্মঘাতী গোল থেকে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে মার্কিন যুক্তরাষ্ট্র। ম্যাচের সপ্তম মিনিটে ক্রিশ্চিয়ান পুলিসিচের দারুণ আক্রমণ থেকে তৈরি হওয়া পরিস্থিতিতে প্যারাগুয়ের মিডফিল্ডার ড্যামিয়ান বোবাদিয়ার পায়ে লেগে বল জালে জড়িয়ে যায়। আত্মঘাতী সেই গোলেই এগিয়ে যায় স্বাগতিকরা।
এরপর ৩১তম মিনিটে পুলিসিচের আরেকটি আক্রমণ থেকে বল পেয়ে ব্যবধান বাড়ান বালোগুন। প্রথমার্ধের সংযোজিত সময়ের পঞ্চম মিনিটে মালিক টিলম্যানের দীর্ঘ পাস থেকে অসাধারণ শটে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। ফলে বিরতিতে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় মার্কিন যুক্তরাষ্ট্র। 
দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ের হয়ে একটি গোল শোধ করেন মৌরিসিও। তবে ততক্ষণে ম্যাচ অনেকটাই হাতছাড়া হয়ে গিয়েছিল দক্ষিণ আমেরিকার দলটির।
ম্যাচের একেবারে শেষ দিকে সংযোজিত সময়ে জিও রেইনা গোল করে যুক্তরাষ্ট্রের জয়কে আরও উজ্জ্বল করে তোলেন। বিশ্বকাপে এটিই ছিল রেইনার প্রথম গোল।
কোচ মরিসিও পচেত্তিনোর আক্রমনাত্মক কৌশলের ছাপ স্পষ্টভাবে দেখা যায় ম্যাচে। চার বছর আগে কাতার বিশ্বকাপে চার ম্যাচ মিলিয়ে মাত্র তিনটি গোল করেছিল মার্কিন দল। 
বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে ১৯৩০ সালের পর প্রথমবার কোনও ফুটবলার হিসেবে এক ম্যাচে জোড়া গোল করলেন বালোগুন। নিউইয়র্কে জন্ম নেওয়া এবং লন্ডনে বেড়ে ওঠা ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার কয়েক বছর আগে ইংল্যান্ডের পরিবর্তে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন। 
এদিকে, প্রথমার্ধে দুর্দান্ত পারফরম্যান্স করা পুলিসিচকে বিরতির সময় তুলে নেওয়া হয়। যদিও তিনি চোট পেয়েছেন কি না, সে বিষয়ে মার্কিন শিবির থেকে কোনও আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।

Comments :0

Login to leave a comment