আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী মনোয়ন দাখিল করেছেন বৃহস্পতিবার। ফালাকাটায় সিপিআই(এম)প্রার্থী কমল কিশোর রায়, আলিপুরদুয়ারে শ্যামল রায় এবং আরএসপি’র পক্ষ থেকে মাদারিহাটে সুভাষ লোহার, কালচিনিতে পাসাং শেরপা ও কুমারগ্রামে কিশোর মিঞ্জ মনোনয়ন জমা দিয়েছেন।
প্রত্যাবর্তনের গভীর আকুলতা, আগামীর স্বপ্নকে সফল করার নিদারুন স্পৃহাকে হাতিয়ার করেই স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাসে উদ্বেলিত লালঝান্ডার বর্ণাঢ্য মিছিলের সাথে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দিলেন কোচবিহার জেলার ৩টি বিধানসভা আসনের সিপিআই(এম) প্রার্থীরা। এদিনের এই দুই মিছিলে সাধারণ মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।
এদিন সাগরদিঘী সংলগ্ন কোচবিহার সদর মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী প্রণয় কার্য্যী। সিপিআই(এম) কোচবিহার জেলা দপ্তরের সামনে থেকে এক বর্ণাঢ্য মিছিল এই সিপিআই(এম) প্রার্থীকে পৌঁছে দেয় মহকুমা শাসকের দপ্তরে। কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রে এবার লাল ঝান্ডার প্রার্থীর জয় নিশ্চিত বলে প্রত্যয়ের সাথে জানান কোচবিহার উত্তর বিধানসভা আসনের সিপিআই(এম) প্রণয় কার্য্যী।
এদিন জেলার তুফানগঞ্জ মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম)প্রার্থী আকিক হাসান এবং তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী ধনঞ্জয় রাভা। তুফানগঞ্জ শহরের মুজফফর আহমেদ ভবন থেকে এদিন লাল ঝাণ্ডায় মোড়া সুবিশাল মিছিল এই দুই প্রার্থীকে পৌঁছে দেয় মহকুমা শাসকের দপ্তরে। আদিবাসী নৃত্য এবং ঢাক, ধামসা, মাদল সহ বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে এদিন উদ্বেলিত ছিল এই মিছিল।
এদিন জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে মনোনয়ন পত্র দাখিল করেন জলপাইগুড়ি বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী দেবনাথ বর্মন, রাজগঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী খরেন্দ্রনাথ রায়, ডাবগ্রাম ফুলবাড়ি কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী দীলিপ সিং, ময়নাগুড়ি কেন্দ্রের আরএসপি প্রার্থী সুদেব রায়। ঢাক ঢোল লাল বেলুন সুসজ্জিত মিছিলে কর্মী সমর্থক নেতৃবৃন্দের উপস্থিতি ও উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মিছিলে পা মেলান অসংখ্য মানুষ।
বৃহস্পতিবার মালবাজার শহরের স্টেশন রোডে অবস্থিত সিপিআই(এম) দপ্তর সীতারাম ভবন থেকে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে ধামসা মাদলের তালে বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে মাল ও নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের দুই প্রার্থী মনোনয়ন পত্র জমা করেন। মিছিলটি স্টেশন রোড,সুভাষ মোড়, ১৭ নাম্বার জাতীয় সড়ক ধরে ক্যালটেক্স মোড় ঘুরে মহকুমা শাসকের কার্যালয়ে এসে উপস্থিত হয়। দুই কেন্দ্রের দুই প্রার্থী সহ ৮ জন সদস্য মনোনয়নপত্র জমা করতে ভেতরে প্রবেশ করেন।
দুই প্রার্থী একই সুরে জানালেন, বিধানসভা নির্বাচনে জিতে আসলে এলাকার সার্বিক উন্নয়ন হবে। পাশাপাশি স্থায়ী কর্মসংস্থান সহ চা বাগানের মজুরি সমস্যা নিরসন হবে। পাশাপাশি চেন নদীর উপর সেতু নির্মাণ সহ ক্রান্তি এলাকায় দমকল বিভাগ স্থাপনে পদক্ষেপ করা হবে। দুই প্রার্থীকে নিয়ে এদিনের মিছিল এলাকাবাসীর কাছে নজর কারে।
মালদহ জেলা বামফ্রন্টের পক্ষ থেকে বৃহস্পতিবার মালদহ সদর মহকুমার ৮টি আসনের মধ্যে ৬টি আসনে মনোনয়ন জমা দিলেন। যে ৬ টি আসনে এদিন মনোনয়ন জমা দেওয়া হয় তার মধ্যে ৪টি আসনে সিপিআই(এম) এবং ১টি করে আসনে সিপিআই ও আরএসপি প্রার্থী মনোনয়নপত্র নির্দিষ্ট রিটার্নিং অফিসারের কাছে জমা দেন। সিপিআই(এম)’র বাসুদেব মুর্মু (হবিবপুর), ক্ষিতিশ সরকার (গাজোল), দেবজ্যোতি সিনহা (মানিকচক) ও অম্বর নাথ মিত্র( ইংরেজবাজার)। এছাড়া সিপিআই’র দীপক বর্মন (মালদহ) ও আরএসপি’র দুন্দুভি সাহা (বৈষ্ণবনগর)। এদিন দুপুরে সিপিআই(এম) জেলা দপ্তর মিহির দাস ভবন থেকে এক বর্ণাঢ্য মিছিল বের হয়ে নেতাজী মোড়, ফোয়ারা মোড়ে হয়ে জেলা শাসকের অফিসের পৌঁছায় এবং প্রার্থীদের জন্য নির্দিষ্ট রিটার্নিং অফিসারের ঘরে ঢুকে মনোনয়ন পত্র জমা দেন।
Comments :0