Assembly Election 2026 Raniganj

বিশাল মিছিলে সরব বন্ধ পেপার মিলের শ্রমিক, খনি শ্রমিকরা

জেলা বাংলা বাঁচানোর ভোট

রানিগঞ্জে সিপিআই(এম)’র বিশাল মিছিলে নারান বাউড়ি, রুণু দত্ত।

মলয়কান্তি মণ্ডল: রানিগঞ্জ

রানিগঞ্জ কয়লাঞ্চল তার চেনা রঙ, চেনা পথেই মহামিছিলে হাঁটলো। রবিবার পড়ন্ত বিকেলে সেই মিছিলের পথ দীর্ঘ নয়, মাত্র ৪ কিলোমিটার। রানিগঞ্জ বিধানসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী নারান বাউরি কয়লা খনির পিট থেকে গ্রাম শহরের অলিগলি সর্বত্রই নিবিড় প্রচার করেছেন এই পথেই। 
এদিন লাল পতাকায় মোড়া শ্লোগানে শ্লোগানে আবেগে ভেসে যাওয়া মহামিছিল জানান দিল রানিগঞ্জ কয়লাঞ্চল জানকবুল লড়াইয়ে প্রস্তুত। সেই দৃঢ়তা ও জেদের প্রতিচ্ছবি ভেসে উঠলো মহামিছিলে আসা সিহারশোলের চন্দনা বাউরি, পার্বতী রুইদাসদের কথায়। 
বন্ধ পেপার মিল শ্রমিক উপেন্দর পাশোয়ান, কয়লা খনি শ্রমিক বশিষ্ঠ দুষাদ হেঁটেছেন মিছিলে। 
এই মহামিছিল রানিগঞ্জ পোস্ট অফিস ময়দান থেকে শুরু হয়ে তারবাংলা, এতোয়াড়ি মোড়, হাটতলা, রাজারবাঁধ মোড় হয়ে রানিগঞ্জ স্টেশনে শেষ হয়। মিছিলের পুরোভাগে ছিলেন সিপিআই(এম) প্রার্থী নারান বাউরি,  প্রাক্তন বিধায়ক রুনু দত্ত,  অনুপ মিত্র, সিপিআই(এম) নেতা সুপ্রিয় রায় প্রমুখ। 
মিছিল থেকে শ্লোগান ওঠে  -‘বাংলা বাঁচানোর লক্ষ্যে, রানিগঞ্জ শহর বাঁচানোর স্বার্থে কমরেড নারান বাউরিকে জয়ী করুন।‘ 
মিছিল যখন ৬০ নম্বর জাতীয় সড়ক এনএসবি রোড ধরে এগোয় তখন একের পর এক দোকান থেকে রাস্তায় দাঁড়িয়ে মানুষ নারান বাউরিকে দেখে হাত তুলে জানান দিচ্ছেন, " পাশে আছি।" 
রাস্তার দুধারে মানুষের স্রোত সারা মিছিলকে অভিবাদন জানিয়েছে। প্রার্থী থমকে দাঁড়িয়ে বলছেন, ‘রানিগঞ্জ শহরকে বাঁচাতে হবে‘। কয়লা খনি সম্প্রসারণের নামে রানিগঞ্জ শহর উচ্ছেদের চেষ্টা চলছে। আতঙ্কের আবহ  তৈরি হয়েছে রানিগঞ্জ জুড়ে। মিছিলে স্লোগান ওঠে, ‘বিজেপিকে বাংলাছাড়া করুন, তৃণমূলকে পরাস্ত করুন‘। 
এদিন নারান বাউরি বলেন, ‘‘কয়লাঞ্চলের কয়লা খনি এমডিও ও রেভেনিউ শেয়ারিংয়ের নামে কয়লা খনি বেসরকারিকরণ হচ্ছে। খোলামুখ খনির সম্প্রসারণের নামে রানিগঞ্জ শহরে উচ্ছেদের চক্রান্ত চলছে। যতদিন লালঝাণ্ডা থাকবে ততদিন লড়াই থাকবে। তৃণমূল, বিজেপি কয়লা বালি লুটের রাজনীতি করছে। এই বিজেপি তৃণমূলের সেটিং রাজনীতির বিরুদ্ধে বাংলা বাঁচাবে লালঝাণ্ডাই।‘‘

Comments :0

Login to leave a comment