Chakma Rebellion in Chattagram

চাকমা বিদ্রোহ: চট্টগ্রামের আরেক অধ্যায়

জাতীয়

ব্রিটিশ বিরোধী সংগ্রামে কম আলোচিত নানা অধ্যায়ের একটি সম্ভবত চাকমা বিদ্রোহ। এই প্রতিরোধের কেন্দ্র ছিল চট্টগ্রাম। যে চট্টগ্রাম স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে উজ্জ্বল হয়েছে আছে সূর্য সেন এবং তাঁর সহযোগীদের সশস্ত্র লড়াইয়ের জন্য।  
সূর্য সেনের ১৯৩০-র দশক। তবে চাকমা বিদ্রোহ শুরুর সময়কাল তার প্রায় দেড়শো বছর আগে।  চাকমাদের ব্রিটিশবিরোধী প্রতিরোধের প্রধান ক্ষেত্র ছিল বর্তমান বাংলাদেশের চট্টগ্রাম পার্বত্য অঞ্চল। এটি কোনও একক বা স্বল্পস্থায়ী বিদ্রোহ ছিল না; বরং আঠারো শতকের শেষভাগ থেকে ঔপনিবেশিক রাজস্বব্যবস্থা, প্রশাসনিক হস্তক্ষেপ এবং চাকমাদের ঐতিহ্যগত রাজনৈতিক স্বায়ত্তশাসনের মধ্যে দীর্ঘ সংঘাতের রূপ নেয়। সুনীতি ভূষণ কানুনগো তাঁর ‘Chakma Resistance to British Domination, 1772–1798‘ গ্রন্থে এই প্রতিরোধের প্রাথমিক পর্যায় বিশদে আলোচনা করেছেন।
১৭৭০-এর দশকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি চাকমা প্রধান অঞ্চলে নিয়মিত রাজস্ব আদায়ের উদ্যোগ নেয়। চাকমা প্রধান জান বক্স খান প্রথমদিকে ব্রিটিশদের সঙ্গে সমঝোতার নীতি গ্রহণ করেন। তুলার বার্ষিক খাজনা প্রদানের বিনিময়ে চাকমাদের সমতল অঞ্চলে বাণিজ্যের সুযোগ দেওয়া হয়। কিন্তু কোম্পানি রাজস্বের পরিমাণ ও নিয়ন্ত্রণ বাড়াতে থাকলে পুরনো সমঝোতা ভেঙে পড়ে। এর ফলে চাকমা প্রধানদের সঙ্গে ব্রিটিশ কর্তৃপক্ষের সম্পর্ক ক্রমশ সংঘাতপূর্ণ হয়ে ওঠে।
১৭৭৭ সালে জান বক্স খানের সেনাপতি রনু খান ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ সংগঠিত করেন। পাহাড়ি ভূপ্রকৃতিকে কাজে লাগিয়ে চাকমারা গেরিলা কৌশল নেন। ব্রিটিশ বাহিনীর যোগাযোগ ও বাণিজ্য ব্যবস্থাকে চাপে ফেলে দেয় এই কৌশল। প্রত্যন্ত দুর্গম পাহাড়ি অঞ্চলের খুঁটিনাটি জানা ছিল চাকমাদের। ফলে ব্রিটিশ বাহিনীকে নাকাল হতে হয় প্রতিরোধ সামলাতে। ব্রিটিশরা সামরিক অভিযানের পাশাপাশি অর্থনৈতিক অবরোধ ও বাণিজ্যিক চাপ শুরু করে। চাকমা নেতৃত্বকে আলোচনায় বসতে বাধ্য করে।
উনিশ শতকে ব্রিটিশ প্রশাসন পার্বত্য অঞ্চলে নিয়ন্ত্রণ আরও সুসংহত করার চেষ্টা করলে চাকমাদের স্বায়ত্তশাসন রক্ষার প্রবণতাও অব্যাহত থাকে। ফলে ১৭৭০–১৮৬০-এর চাকমা প্রতিরোধকে কেবল কর-বিরোধী বিদ্রোহ হিসেবে দেখা যথেষ্ট নয়। এটি ছিল ঔপনিবেশিক রাষ্ট্রের আধিপত্যের বিরুদ্ধে স্থানীয় পাহাড়ি সমাজের রাজনৈতিক, অর্থনৈতিক ও আঞ্চলিক স্বায়ত্তশাসন রক্ষার দীর্ঘ সংগ্রাম।

Comments :0

Login to leave a comment