Modi Panihati Kalatan

অভয়ার বিচার চেয়ে থাকলে এগলো না কেন সিবিআই, প্রশ্ন কলতানের

রাজ্য জেলা বাংলা বাঁচানোর ভোট

নারী নিরাপত্তা, নারী সুরক্ষা নিয়ে বলছেন প্রধানমন্ত্রী। কিন্তু অভয়ার বিচার কতদূর বললেন না সেকথাই।
শুক্রবার নরেন্দ্র মোদীর সভার পর এই প্রতিক্রিয়া পানিহাটির সিপিআই(এম) প্রার্থী কলতান দাশগুপ্তের।  


সাংবাদিক সম্মেলনে কলতান বলেন, ‘‘অভয়ার বিচার কতদূর হল এবং সেই বিচার প্রক্রিয়া কবে সম্পন্ন হবে তা নিয়ে কোনও সদুত্তর পাওয়া গেল না প্রধানমন্ত্রীর ভাষণে।" 
শুক্রবার পানিহাটিতে সাংবাদিক সম্মেলনে ছিলেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য এবং ত্রিপুরার বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ  বাম নেতৃত্ব। 
এদিনই পানিহাটি কেন্দ্রের বিজেপি প্রার্থী রত্না দেবনাথের সমর্থনে জনসভায় প্রধানমন্ত্রী তাঁকে আশ্বাস দেন, "৪ মে বিজেপি সরকার গঠন করার পর মেয়েদের উপর হওয়া সব অন্যায়-অত্যাচারের ফাইল খুলবে। এটাই মোদীর গ্যারান্টি।" 
মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরজি করে নিহত চিকিৎসকের বিচার এবং সন্দেশখালির নির্যাতনকে প্রচারে জোর দিয়েছেন একাধিক নির্বাচনী জনসভায়।
সাংবাদিক সম্মেলন থেকে কলতান বলেন, রত্না দেবনাথ এবং তাঁর পরিবার অতীতে কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিএই'র বিরুদ্ধে অতীতে অনেকগুলি কথা বলেছে। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনেকগুলি কথা বলেছে। অভয়ার বিচারের দাবি গোটা আন্দোলন বিজেপি নেতাদের "গো ব্যাক" স্লোগান দিয়েছে। কারণ নারী নিরাপত্তা, প্রগতিশীলতা এবং নারী সুরক্ষার ক্ষেত্রে বিজেপি’র চরিত্র গোটা দেশের মানুষ জানেন।"
তিনি আরও বলেন, "বিজেপি বিচার এনে দিতে পারবে না একথা আজকে দিনের আলোর মতো স্পষ্ট। বিচার যদি এনে দেওয়ার হতো তাহলে হাথরস, উন্নাও, কাটরাতে ওরা (বিজেপি ) বিচার এনে দিত। যদি বিজেপি বিচার এনে দিতে পারত তাহলে দেড় বছর, পৌনে দু বছর হতে চলল, তবুও সিবিআই বিচারে এক ইঞ্চিও এগোতে পারলো না কেন? এই প্রশ্নই আমরা করছি। বিজেপি মানুষকে বোকা বানাতে পারবে না, বিচার এনে দিতে পারবে না।" 
পানিহাটি অমরাবতী পার্কের ওই সভা থেকে প্রধানমন্ত্রী আরও বলেন যে বিজেপি মহিলাদের সম্মান, সুরক্ষা এবং সমৃদ্ধি দেবে। পাশাপাশি বিনা পয়সায় রেশন সহ একগুচ্ছ প্রতিশ্রুতিও দেন তিনি। 
এই প্রসঙ্গে কলতান বলেন, "মহিলাদের উদেশ্যে যে প্রকল্পগুলির আশ্বাস উনি (প্রধানমন্ত্রী) দিয়েছেন সেখানে মাসে তিন হাজার টাকা দেওয়া হবে বলে বলেছেন। ত্রিপুরায় ডবল ইঞ্জিন সরকার রয়েছে সেখানে সরকার কি করছে, আসামে ডবল ইঞ্জন সরকার রয়েছে, সেখানে সরকার কি করছে, মনিপুরে মহিলাদের উপর ভয়ঙ্কর নির্যাতনের ঘটনা আমরা যখন সোশ্যাল মিডিয়াতে দেখছি তখন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি কোনও বিজেপি নেতা মনি[পুড়ে ঢোকার সাহসটুকু পর্যন্ত করেননি। মহিলাদের নির্যাতনের বিরুদ্ধে কোনও কথা বলতে পারেননি। কেন পারেননি?"
সিপিআই(এম) ত্রিপুরা রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীও জানান যে সে রাজ্যে বিজেপি সরকার গড়ার পর হাল ভয়াবহ হয়েছে। নারী নির্যাতন তো বটেই, আইনের শাসনের অবস্থাও ভয়াবহ।

Comments :0

Login to leave a comment