শম্ভুচরণ নাথ: আলিপুরদুয়ার
আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ভার্ণাবাড়ি চা বাগানের ছবি যেন সরকারি ব্যবস্থার মুখে এক নির্মম চপেটাঘাত। দীর্ঘদিন ধরে বন্ধ চা বাগান। কাজ নেই, নিয়মিত উপার্জন নেই, সংসারে চরম আর্থিক অনটন। এই অসহায় সব শ্রমিক পরিবারের শেষ ভরসা সরকারি রেশন। অথচ সেই রেশনটুকু পেতেও মাসের পর মাস হন্যে হয়ে ঘুরতে হচ্ছে তাঁদের!
অভিযোগ, রেশন দোকানে গিয়ে আঙুলের ছাপ নেওয়া হচ্ছে, হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে টোকেন, কিন্তু মিলছে না চাল, গম কিংবা অন্যান্য খাদ্যসামগ্রী। কখনও বলা হচ্ছে চাল নেই, কখনও চাল থাকলেও গম নেই। পুজোর সময় বরাদ্দ উৎসবের চিনিও বহু শ্রমিকের ভাগ্যে জোটেনি বলে অভিযোগ। প্রশ্ন উঠছে, আঙুলের ছাপ যখন নেওয়া হচ্ছে, টোকেন যখন দেওয়া হচ্ছে, তখন রেশন সামগ্রী কোথায় যাচ্ছে?
শ্রমিক রুবেল মাহালী, অঞ্জু মাহালীদের অভিযোগ শুধু একজন ডিলারের বিরুদ্ধে নয়, এই অভিযোগ গোটা খাদ্যবণ্টন ব্যবস্থার স্বচ্ছতা ও প্রশাসনিক নজরদারি নিয়ে। বারবার অভিযোগ জানিয়েও যদি সমস্যার সমাধান না হয়, তাহলে প্রশাসনের ভূমিকা কী? গরিব মানুষের প্রাপ্য খাদ্যসামগ্রী নিশ্চিত করতে সরকার কি আদৌ দায়বদ্ধ নয়?
একদিকে বন্ধ চা বাগানের অভিশাপ, অন্যদিকে রেশন নিয়ে অনিশ্চয়তা—এ যেন শ্রমিকদের বেঁচে থাকার অধিকার নিয়েই নির্মম পরিহাস। শ্রমিকদের দাবি, শুধু আশ্বাস নয়, চাই অবিলম্বে তদন্ত, বকেয়া রেশন বণ্টন এবং অভিযুক্ত ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা। শ্রমিকদের দাবি মেনে নতুন ডিলার নিয়োগের বিষয়টিও বিবেচনা করতে হবে। রেশন কোনও সরকারি দয়া বা অনুগ্রহ নয়, এটি মানুষের অধিকার। সেই অধিকার থেকে গরিব শ্রমিকদের বঞ্চিত করার জবাব সরকারকে দিতেই হবে।
Comments :0