Md Salim

উগ্র দক্ষিণপন্থার মোকাবিলায় বামপন্থাই বিকল্প: কর্মীসভায় সেলিম

রাজ্য কলকাতা

ছবি সংগ্রহ থেকে।

বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে আরও বেশি মানুষ ও সংগঠনকে যুক্ত করার আহ্বান জানালেন সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। একই সঙ্গে তৃণমূলের ১৫ বছরের শাসনে মানুষের ক্ষোভকে কাজে লাগিয়ে বিজেপি-র ক্ষমতায় আসার পথ তৈরি করা ব্যক্তিদের সম্পর্কে সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি। শনিবার প্রমোদ দাশগুপ্ত ভবনে রাজ্য কেন্দ্রের সঙ্গে যুক্ত সিপিআই(এম) কর্মীদের সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে সেলিম বলেন, ‘‘বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে আরও মানুষকে যুক্ত করতে হবে, কিন্তু চোর আর চর থেকে সতর্ক থাকতে হবে।’’
সেলিমের অভিযোগ, রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকেই গরিব ও প্রান্তিক মানুষের উপর আক্রমণ শুরু হয়েছে। সরকার গঠনের পর স্বাভাবিক সৌজন্য বা দায়িত্ব পালনেরও তোয়াক্কা করেনি তারা। উত্তর ভারতের বিজেপি-শাসিত রাজ্যগুলির অভিজ্ঞতা বাংলার মানুষের ছিল না। তৃণমূলের হাত থেকে মুক্তি পেতে যাঁরা বিজেপি-কে সমর্থন করেছিলেন, তাঁরাও এখন বিপদ বুঝতে পারছেন।
তৃণমূলকে বিজেপি-র ‘স্পেশাল ট্রানজিট ভেহিকল’ বলে উল্লেখ করে সেলিম বলেন, বিজেপি সরকারের বিরুদ্ধে বামপন্থীরা প্রথম দিন থেকেই লড়াইয়ে নেমেছে। সরকারের প্রথম পদক্ষেপগুলির মধ্যে ছিল বুলডোজার নামানো ও হকার উচ্ছেদ। নতুন সরকারের প্রথম ছ’মাসকে ‘হনিমুন পিরিয়ড’ হিসেবে দেখার যুক্তি খারিজ করে তিনি বলেন, লড়াই শুরু থেকেই চলবে। বিজেপি-বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ করাই দলের রাজনৈতিক অবস্থান।
‘বিকল্প বাম’-এর প্রচার খারিজ করে সেলিমের বক্তব্য, উগ্র দক্ষিণপন্থার মোকাবিলায় বামপন্থাই বিকল্প। তাঁর মতে, মতাদর্শে দৃঢ় থেকে পরিস্থিতি অনুযায়ী কৌশল নির্ধারণের সক্ষমতা বামপন্থীদের রয়েছে। আরএসএস দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক বিষয়কে ব্যবহার করে সাম্প্রদায়িক রাজনীতির বিস্তার ঘটিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
সভায় সভাপতিত্ব করেন রজত বন্দ্যোপাধ্যায়। সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য শ্রীদীপ ভট্টাচার্য বলেন, সোভিয়েত ইউনিয়নের পতনের পর সমাজতন্ত্রের অবসান ঘোষণা করেছিল দক্ষিণপন্থীরা। কিন্তু পশ্চিমের দেশগুলিতেই এখন দক্ষিণপন্থার বিরুদ্ধে বামপন্থীদের দাবিকে ঘিরে গণআন্দোলন জোরদার হচ্ছে। ভারতেও কৃষক আন্দোলন ও তরুণ প্রজন্মের প্রতিবাদ মোদী সরকারকে পিছু হটতে বাধ্য করেছে।

Comments :0

Login to leave a comment