Bangladesh Awami League

আওয়ামী লীগের মিছিলে উত্তাল গোপালগঞ্জ

আন্তর্জাতিক

মীর আফরোজ জামান: ঢাকা
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ও আওয়ামি লিগের সভাপতি শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসার ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাঁর প্রত্যাবর্তনের ঘোষণার পর রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি প্রশাসনিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।  আওয়ামি লিগের দুর্গ হিসেবে পরিচিত গোপালগঞ্জে রবিবার দুপুরে জেলা শহরের বিভিন্ন সড়কে দলের ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রকাশ্য মিছিল ও মহড়া ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিছিলে অংশ নেওয়া অনেকের হাতে লাঠিসোঁটা দেখা যায়। মিছিলকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যান। কয়েকটি স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে বলে অভিযোগ। বিক্ষোভকারীরা জেলা আওয়ামী লীগের অফিস দখল করে সেটি খুলে দেয়। সেই সঙ্গে শহরের লঞ্চঘাট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ পুড়িয়ে দিয়েছে। এছাড়া পুলিশের একটি যানবাহনে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে। অভিযোগ একটি পুলিশ বক্স ভাংচুর এবং পুলিশের গাড়ীতে ‘জয় বাংলা’ শ্লোগান লিখে দেওয়ার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এছাড়া শহরে প্রেসক্লাব এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। প্রেসক্লাবের ভেতরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি নামিয়ে ভাংচুর করেছে বলে খবর পাওয়া গেছে।  গোপালগঞ্জ সরকারি কলেজের প্রধান ফটকের নামফলক ভেঙে সেখানে ‘সরকারি বঙ্গবন্ধু কলেজ’ লেখা একটি ব্যানার টাঙিয়ে দেন। একইভাবে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘হাদি চত্বর’ র নামফলক সরিয়ে সেখানে ‘মুক্তিযুদ্ধ চত্বর’ লেখা হয়। এরপর পুরোনো লঞ্চঘাট, সরকারি কলেজ ও প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধের চেষ্টা করেন। সেখানে যান চলাচল স্বাভাবিক করতে তৎপর হয় পুলিশ। লঞ্চঘাট এলাকায় প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। সেখানে বিক্ষোভের যেসব ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তা পুলিশের উপস্থিতি দেখা গেছে। পুলিশের পাশ দিয়েই বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বের হয়ে সড়ক অবরোধ করে বলে অভিযোগ। সবচেয়ে বেশি নজরদারিতে রয়েছে গোপালগঞ্জ। এই পরিস্থিতিতে জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিন  গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জে জেলা প্রশাসক (ডিসি) পদে বড় ধরনের রদবদল করেছে সরকার। পরিবর্তন করা হয়েছে গোপালগঞ্জের পুলিশ প্রশাসনেও। 
এদিন তিন জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ করেছে বাংলাদেশ সরকার। জনপ্রশাসন মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, হবিগঞ্জের জেলা প্রশাসক জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন ডিসি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রকের উপসচিব মহম্মদ আলমগীর কবীরকে চুয়াডাঙ্গা এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। গোপালগঞ্জের বিদায়ী ডিসি মহম্মদ আরিফ-উজ-জামান ও চুয়াডাঙ্গার ডিসি লুৎফুন নাহারকে জনপ্রশাসন মন্ত্রকে নিযুক্ত করা হয়েছে।
গত সপ্তাহে সংবাদ সংস্থার প্রতিবেদনে শেখ হাসিনার ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার ইচ্ছার কথা উঠে আসে। শেখ হাসিনা নিজেও বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন। তাঁর আইনজীবীদের মাধ্যমে দিল্লিতে বাংলাদেশ দূতাবাসে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করার বিষয়টিও আলোচনায় এসেছে। বাংলাদেশ সরকার তাঁর পাসপোর্টের আবেদন প্রত্যাখ্যান করেছে বলে সংবাদ সংস্থার খবর।
শেখ হাসিনার এই ঘোষণার পর আওয়ামি লিগের নেতাকর্মীদের মধ্যে নতুন করে তৎপরতা, রাজনৈতিক বক্তব্য এবং বিভিন্ন কর্মসূচি ঘিরে আলোচনা বাড়ছে। আগামী ১৯ নভেম্বর দলটির ঘোষিত লকডাউন কর্মসূচিকে সামনে রেখে গোপালগঞ্জে নেতাকর্মীদের প্রকাশ্য উপস্থিতি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার প্রত্যাবর্তনের ঘোষণা, আওয়ামি লিগের কর্মসূচি এবং সরকারের প্রশাসনিক তৎপরতা সব মিলিয়ে দেশের রাজনীতিতে একটি নতুন অনিশ্চয়তার আবহ তৈরি হয়েছে। বিশেষ করে গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনাবলি পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে।
তবে সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এদিন সংসদ ভবনে বৈঠকে তিনি বলেন, সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের এসব তথ্য জানানো হয়েছে। 
বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয় শেখ হাসিনার ডিসেম্বরের প্রত্যাবর্তনের ঘোষণা। তিনি সত্যিই দেশে ফিরবেন কি না? ফিরলে তাঁর বিরুদ্ধে চলা আইনি প্রক্রিয়া কীভাবে এগোবে এবং আওয়ামি লিগের নেতাকর্মীদের রাজনৈতিক তৎপরতা কোন দিকে মোড় নেবে এসব প্রশ্ন সামনে চলে এসেছে। সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতি নতুন এক সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। আগামী কয়েক সপ্তাহের রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে যায়, এখন সেদিকেই নজর রাখছেন সংশ্লিষ্ট মহল।

Comments :0

Login to leave a comment