মীর আফরোজ জামান: ঢাকা
বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ বাড়ছে।
গত এক সপ্তাহে দেশের বিভিন্ন অঞ্চলে গ্রামীণ ব্যাংকের ২২টি শাখায় হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি। এই প্রতিষ্ঠানের সঙ্গে নোবেল বিজয়ী এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মহম্মদ ইউনুসের সঙ্গে জড়িত।
অন্যদিকে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নেতাকর্মীদের গ্রেপ্তারকে কেন্দ্র করে থানায় হামলা ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। পরে বিএনপি’র সাংসদ সদস্য এসএম জিলানির বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়।
রাজনৈতিক উত্তেজনা, অগ্নিসংযোগ, ভাঙচুর, সড়ক অবরোধ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে ক্রমেই অস্থির হয়ে উঠছে বাংলাদেশের পরিস্থিতি। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামি লিগ সভাপতি শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা, আওয়ামি লিগের কর্মসূচি এবং দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে।
এরই মধ্যে রাজধানী ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জসহ বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনা ঘটেছে। কোথাও বাসে আগুন, কোথাও রাজনৈতিক নেতাদের বাড়ি ও দলীয় কার্যালয়ে হামলা, আবার কোথাও পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে জনজীবন বিপর্যস্ত হচ্ছে।
এরই মধ্যে বৃহস্পতিবার সারাদেশে লকডাউন ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামি লিগ। এরই ফলে সারা দেশে উত্তেজনা তুঙ্গে।
অবশ্য, বিএনপি সরকারের পক্ষ থেকে সংঘাত ও সংঘর্ষ ঠেকাতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। বুধবার জাতীয় সংসদ ভবনে বিএনপির সংসদীয় দলের বৈঠকে সব সাংসদকে নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
জাতীয় সংসদের চলতি অধিবেশনের শেষ দিনে আয়োজিত এই বৈঠকটি দুপুর আড়াইটায় শুরু হয়ে বিকেল ৩টা ৫৫ মিনিটে শেষ হয়। এ বৈঠকে বিএনপি’র সংসদীয় দলের সদস্যরা উপস্থিত ছিলেন।
Comments :0