Dhupguri

এসআইআরে বাদ গিয়েছে নাম, আতঙ্কে আত্মহত্যা ধূপগুড়িতে

জেলা রাজ্য

ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া এবং সেই সূত্রে প্রতিবেশীদের লাগাতার মানসিক চাপ ও ভীতি প্রদর্শনের জেরে আত্মঘাতী হলেন এক মহিলা। মৃতার নাম বানু বেগম (৪৩)। শুক্রবার ধূপগুড়ি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নিজ বাসভবন থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
পরিবার সূত্রে জানা গিয়েছে, এসআইআর (SIR) সংক্রান্ত কারণে ভোটার তালিকা থেকে বানু বেগমের নাম বাদ পড়েছিল। সেই থেকেই গত কয়েক মাস ধরে তীব্র মানসিক অবসাদে ভুগছিলেন। পরিবারের অভিযোগ, ভোটার তালিকায় নাম না থাকার বিষয়টিকে হাতিয়ার করে স্থানীয় কয়েকজন প্রতিবেশী তাকে নিয়মিত কটূক্তি করতেন এবং মানসিক ভাবে হেনস্থা করতেন। এমনকী, তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এবং সরকারি সমস্ত সুযোগ-সুবিধা থেকে তিনি বঞ্চিত হবেন এমন কথা বলেও ভয় দেখানো হত বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার পরিবারের সদস্যরা ঘরের ভেতর থেকে বানু বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তড়িঘড়ি তাকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে হাসপাতালে পুলিশ পৌঁছায় এবং মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে ঘটনার প্রাথমিক তথ্য সংগ্রহ করে।
মৃতার আত্মীয় আসিমা খাতুন জানান, ‘ভোটার তালিকায় নাম না থাকায় এবছর ভোট দিতে পারেননি বানু। সেই নিয়ে ও খুব দুশ্চিন্তার মধ্যে ছিল। পাশাপাশি অন্নপূর্ণা ভান্ডারের টাকা এবং রেশন থেকেও বঞ্চিত হয় তিনি। এর ওপর মাঝেমধ্যেই প্রতিবেশীরা বাড়িতে এসে নানা ধরনের কটু কথা শুনিয়ে যেত।’
অন্যদিকে, বানুর ভাই মন্টু আলম সরাসরি প্রতিবেশীদের দিকে আঙুল তুলে বলেন, ‘কয়েকজন প্রতিবেশী বাড়িতে এসে দিদিকে বলতো, ভোটার তালিকায় নাম না থাকায় সে আর কোন সরকারি সুবিধা পাবে না। এমনকী তাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। এইসব কথা শুনে দিদি ভীষণ আতঙ্কিত হয়ে পড়েছিল। গত সাত-আট মাস ধরে সে গভীর অবসাদে ভুগছিল। চিকিৎসা করিয়েও কোনো লাভ হয়নি।’
এই মর্মান্তিক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সিপিআই(এম) দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছে। ধূপগুড়ি এরিয়া কমিটির সম্পাদক জয়ন্ত মজুমদার বলেন, ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ পড়ার ঘটনা এবং সেই সুযোগে একটি বিশেষ মহলের বিভাজন ও ভীতি প্রদর্শনের রাজনীতিই আজ একজন নাগরিকের প্রাণ কেড়ে নিল। তিনি আরও অভিযোগ করেন, শাসক দলের মদতে এলাকায় যে আতঙ্ক ও বিভাজনের বাতাবরণ তৈরি করা হচ্ছে, তারই বলি বানু বেগম। অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং মৃতার পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি, ভোটার তালিকা থেকে বাদ পড়া বৈধ ভোটারদের নাম অবিলম্বে তালিকায় অন্তর্ভুক্ত করারও জোরালো দাবি তুলেছে।

পুলিশের তরফে জানানো হয়েছে,ঘটনার পরিপ্রেক্ষিতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে এবং পরিবারের অভিযোগ খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

Comments :0

Login to leave a comment