Pranati in the Asiad final

এশিয়াডের ফাইনালে পিংলার মেয়ে প্রণতি, অপেক্ষা পদকের

খেলা

রাত পোহালেই ফাইনাল। তাই রাত জাগছে পিংলার গ্রাম। পিংলার মেয়ে প্রণতি নায়েক এশিয়াডের মঞ্চে জিমন্যাস্টিক্সে ভারতের পদকের আশা জিইয়ে রাখলেন। বাংলার মেয়ে গত কয়েকটা বছর নানা বাধা বিপত্তি পেড়িয়ে রাজ্যের বাইরে গিয়ে নিজেকে তৈরী করেছেন তিনি। 
দুরন্ত পারফরম্যান্সে মহিলাদের আর্টিস্টিক জিমন্যাস্টিক্সের ভল্ট ইভেন্টের ফাইনালে জায়গা করে নিয়েছেন পিংলার এই বঙ্গকন্যা। যোগ্যতা অর্জন পর্বে সপ্তম স্থানে শেষ করে সেরা আটের মধ্যে জায়গা নিশ্চিত করেছেন তিনি। আগামী ২৪ সেপ্টেম্বর পদকের লড়াইয়ে নামবেন প্রণতি।
চলতি এশিয়াডে ভারতের একমাত্র জিমন্যাস্ট হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ বছরের প্রণতি। ফলে তাঁকে ঘিরেই এখন ভারতীয় জিমন্যাস্টিক্সপ্রেমীদের প্রত্যাশা ক্রমশ বাড়ছে। যোগ্যতা অর্জন পর্বে দুই ভল্টে নজরকাড়া পারফরম্যান্স করেন প্রণতি। প্রথম প্রচেষ্টায় তাঁর স্কোর ছিল ১৩.০০০। সেখানে ডিফিকাল্টি স্কোর ৪.৪০০ এবং এক্সিকিউশনে তিনি পান ৮.৬০০ পয়েন্ট। দ্বিতীয় ভল্টে তাঁর সংগ্রহ ১২.৪৩৩ পয়েন্ট। ওই প্রচেষ্টায় ডিফিকাল্টি স্কোর ছিল ৪.০০০ এবং এক্সিকিউশন স্কোর ৮.৪৩৩।
দুই ভল্টের গড় ১২.৭১৬-এর সঙ্গে ০.২০০ বোনাস যুক্ত হয়ে প্রণতির চূড়ান্ত কোয়ালিফিকেশন স্কোর দাঁড়ায় ১২.৯১৬। আর সেই স্কোরেই সপ্তম স্থানে থেকে ফাইনালের টিকিট নিশ্চিত করেন বাংলার তারকা জিমন্যাস্ট। বাছাইপর্বে দক্ষিণ কোরিয়ার সিওজং ইয়ো ১৪.৪৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। উত্তর কোরিয়ার আন চ্যাং ওক রয়েছেন দ্বিতীয় স্থানে। ফলে ফাইনালে প্রতিযোগিতা যে অত্যন্ত কঠিন হতে চলেছে, তা বলাই বাহুল্য।
তবে বড় মঞ্চে সাফল্য প্রণতির কাছে নতুন নয়। এশিয়ান জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে একাধিকবার পদক জিতে ইতিমধ্যেই দেশের মুখ উজ্জ্বল করেছেন তিনি। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক মঞ্চে ভারতের অন্যতম ভরসার নাম হয়ে উঠেছেন বাংলার এই জিমন্যাস্ট। এবার লক্ষ্য আরও বড়। এশিয়াডের ফাইনালে নিজের সেরা পারফরম্যান্স তুলে ধরে পদক ছিনিয়ে আনতে পারেন কি না প্রণতি, সেদিকেই তাকিয়ে গোটা দেশ। এখন এশিয়ার সেরা মঞ্চে ২৪ সেপ্টেম্বর তাঁর হাত ধরেই কি নতুন ইতিহাস লিখবে ভারত, সেই আশায় ক্রীড়াপ্রেমী ও ক্রীড়ামহল।
 

Comments :0

Login to leave a comment