তৃণমূলের ওপর বিরক্ত পানিহাটির মানুষ। আর জি করের বর্বর ঘটনায় তৃণমূল সরকারের পুলিশ এবং পানিহাটির বিদায়ী বিধায়কের ভূমিকায় প্রবল ক্ষোভ রয়েছে। ক্ষোভের আঁচ টের পেয়ে এবার তাঁর ছেলেকে প্রার্থী করেছে তৃণমূল। তৃণমূলের বিদায়ী বিধায়কের পরিবারতন্ত্রের বিরুদ্ধে প্রকাশ্যেই কথা বলছেন তৃণমূলীরাও। এর মধ্যেই তোলাবাজির ভাগাভাগি নিয়ে পানিহাটিতে খুনোখুনি, সংঘর্ষের ঘটনা হয়েছে অনেকগুলি। ক্ষোভ রয়েছে প্রশাসনের অদক্ষতা নিয়েও। অভয়ার ঘটনার শুরুর দিকে রাস্তার আন্দোলনের পাশাপাশি আইনি লড়াইয়ের তীব্রতা বৃদ্ধির সাথে সাথে অভয়ার মা-বাবা সরাসরি তৃণমূলের সঙ্গে কেন্দ্রের সরকারের পরিচালনাধীন সিবিআইয়ের বিরুদ্ধেও সোচ্চার ছিলেন। সেসময় দিল্লিতে গেলেও সন্তানহারা দম্পতির সঙ্গে দেখা করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সময় দেননি কলকাতাতেও। এখন রত্না দেবনাথকে বিজেপি পানিহাটি কেন্দ্রের প্রার্থী করার পরেও অভয়ার উপর নির্যাতন ও খুনের ঘটনায় দোষী এবং প্রমাণ লোপাটকারীদের বিরুদ্ধে তদন্ত কবে শেষ হবে তা নিয়ে ভোট-প্রচারে এসেও নীরব ছিলেন মোদী। প্রধানমন্ত্রীর এই নীরবতা আসলে তৃণমূলকেই সাহায্য করেছে, বলছেন কলতান দাশগুপ্ত। তাঁর স্পষ্ট মন্তব্য, অভয়ার নির্যাতন ও খুনের ঘটনার আসল কারণ খুঁড়ে বের করবো আমরাই।
পানিহাটির রাজনৈতিক মহল ও একাংশের মতে, কলতান দাশগুপ্তর প্রতি আস্থা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। প্রতিবাদী আন্দোলনের সাহসী নেতা সিপিআই(এম) প্রার্থী কলতান দাশগুপ্তকে কাছে পেয়ে শুধুমাত্র নির্বাচনী সংগ্রাম নয়, পানিহাটি বাঁচানোর লড়াইও তীব্রতা পেয়েছে। ভোট প্রচারে প্রতিদিন পানিহাটির ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন কলতান দাশগুপ্ত। পানিহাটিকে রক্ষার খুঁটিনাটি নিয়ে পাড়ায় পাড়ায় আলোচনা করছেন তিনি। জমা জলের সমস্যা থেকে দুর্নীতি মুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন এক অন্য পানিহাটি উপহার দেওয়ার লক্ষ্য রেলের নিত্যযাত্রী থেকে শুরু করে সকালের প্রাতঃভ্রমণকারীদের কাছেই পৌঁছেও আবেদন রাখছেন সিপিআই(এম)’র পরিশ্রমী তরুণ প্রার্থী। শাসকের ভোট লুটের ছক রুখে দিয়ে কাস্তে-হাতুড়ি-তারার বিজয় নিশ্চিত করার চূড়ান্ত প্রস্তুতি এখন পানিহাটিতে।
West Bengal Elections
বাম প্রার্থীর প্রতি আস্থা বাড়ছে পানিহাটির মানুষের
×
Comments :0