‘স্বাধীনতা সংগ্রামী এবং নবজাগরনের মনীষীদের অপমান মেনে নেওয়া হবে না’ এই স্লোগানকে সামনে রেখে বিক্ষোভ কর্মসূচি হয়েছে। শুক্রবার দার্জিলিঙ জেলা বামফ্রন্টের উদ্যোগে শিলিগুড়িতে মুখ্য ডাকঘরের সামনে গান্ধী মূর্তির পাদদেশে এই বিক্ষোভ কর্মসূচি হয়। এদিন উপস্থিত ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক সমন পাঠক, প্রবীন সিপিআই(এম) নেতা অশোক ভট্টাচার্য, জীবেশ সরকার, দিলীপ সিং, সৌরভ দাস, মহিলা নেত্রী রত্না চৌবে, বামফ্রন্টের পক্ষে তাপস গোস্বামী, লক্ষ্মী মাহাতো, অনিরুদ্ধ বসু সহ অন্যান্যরা। গলায় বিভিন্ন মনীষীদের ছবি সহ প্ল্যাকার্ড লাগিয়ে প্রায় এক ঘন্টা সময় সেখানে বিক্ষোভ প্রদর্শন করেন নেতৃবৃন্দ। জেলা বামফ্রন্টের আহ্বায়ক সমন পাঠক বলেন, "রাজ্যের নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকেই শহীদ ক্ষুদিরাম বসু, নেতাজী সুভাষচন্দ্র বসু, রাহুল সংকৃত্যায়ন, সুকান্ত ভট্টাচার্য সহ বিভিন্ন মনীষীদের অবমাননা হচ্ছে। এই সমস্ত মনীষীরা শুধুমাত্র স্বাধীনতা সংগ্রামী নন, ইতিহাসের পাতায় এই সমস্ত বীর যোদ্ধাদের কথা সম্মানের সঙ্গে রয়েছে। শিলিগুড়িতেও নেতাজী ও ক্ষুদিরামের মূর্তির অবমাননার ঘটনা ঘটেছে। আমরা এই ঘটনাগুলির তীব্র প্রতিবাদ জানিয়েছি। ইতিহাসকে বিকৃত করতে চাইছে বর্তমান সরকার। কোনও ভাবেই শহীদ স্বাধীনতা সংগ্রামী ও নবজাগরনের মনীষীদের অপমান মেনে নেওয়া হবে না। ধারাবাহিকভাবে প্রতিবাদ চলবে। প্রয়োজনে বড় আন্দোলনের পথে পা বাড়ানো হবে।"
Left Front siliguri
স্বাধীনতা সংগ্রামীদের অবমাননা, শিলিগুড়িতে বিক্ষোভ বামফ্রন্টের
×
Comments :0