বাংলাদেশের রাজনৈতিক উত্তাপ এবার ছড়িয়ে পড়ল ব্রিটেনের মাটিতেও। পূর্ব লন্ডনের রমফোর্ডে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-র প্রধান নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে আওয়ামি লিগ ও এনসিপি সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটল সোমবার। এই সংঘর্ষে অন্তত চার থেকে পাঁচজন আহত হয়েছেন বলে খবর। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় অনুষ্ঠানস্থল থেকে দ্রুত সরে যেতে বাধ্য হন নাহিদ ইসলাম।
ঢাকা ট্রিবিউন ও প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে রমফোর্ডের মেফেয়ার হলের বাইরে এই সংঘর্ষ বাধে। ব্রিটিশ-বাংলাদেশি সম্প্রদায়ের উদ্যোগে নাহিদ ইসলামের জন্য একটি নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠান চলাকালীন হলের বাইরে জড়ো হন আওয়ামি লিগের সমর্থকরা। সংবর্ধনায় যোগ দিতে আসা অতিথিদের লক্ষ্য করে ডিম ও জলের বোতল ছোড়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। পাশাপাশি অনুষ্ঠানস্থলের বাইরে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে বচসাতেও জড়িয়ে পড়েন তারা।
অনুষ্ঠান শেষ হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। আওয়ামি লিগ ও এনসিপি সমর্থকদের মধ্যে শুরু হয় উত্তেজনা। একসময় হলের পিছনের রাস্তায় দু'পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। প্রায় ২০ মিনিট ধরে সংঘর্ষ চলে বলে ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বারবার লাঠিচার্জ করে লন্ডন পুলিশ। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা ট্রিবিউনের দাবি, অন্তত চারজন আহত হয়েছেন। অন্যদিকে প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী, আহতের সংখ্যা পাঁচ এবং তাদের কিংস কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষ এড়াতে আগেভাগেই সতর্ক অবস্থান নেন নাহিদ ইসলাম। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সংবর্ধনা অনুষ্ঠান শুরুর প্রায় তিন ঘণ্টা আগেই তিনি মেফেয়ার হলে পৌঁছে যান। পরে বাইরে বিক্ষোভকারীদের ভিড় বাড়তে থাকলে সামনের দরজা দিয়ে না বেরিয়ে পিছনের প্রবেশপথ ব্যবহার করে অনুষ্ঠানস্থল ছাড়েন তিনি।
মঙ্গলবার ফেসবুকে একটি বিবৃতি দিয়ে এই হামলার তীব্র নিন্দা করেন নাহিদ ইসলাম। তার অভিযোগ, আওয়ামি লিগের পলাতক ও উগ্রপন্থী কর্মী-সমর্থকরা সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে আসা সাধারণ বাংলাদেশি প্রবাসী এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের উপর হামলা চালিয়েছে। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তিনি বলেন, এই কাপুরুষোচিত হামলার বিরুদ্ধে তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং সাংবাদিকরাও এই ঘটনার সাক্ষী ছিলেন বলে দাবি করেন তিনি। ব্রিটিশ সরকারের কাছে দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্তের দাবিও জানিয়েছেন নাহিদ।
আওয়ামি লিগকে 'ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তি' বলে উল্লেখ করে নাহিদের অভিযোগ, বিদেশের মাটিতেও হিংসা ও ভয় দেখিয়ে বিরোধী মত দমন করার চেষ্টা চালাচ্ছে ওই দলের সঙ্গে যুক্ত ব্যক্তিরা।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মুখ হয়ে ওঠেন নাহিদ ইসলাম। পরবর্তীতে সেই আন্দোলন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগ সরকারের বিরুদ্ধে দেশজুড়ে গণঅভ্যুত্থানের চেহারা নেয়। সরকারের পতন এবং শেখ হাসিনার বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসার পিছনে ছাত্রনেতাদের অন্যতম ভূমিকা ছিল। পরবর্তীতে নাহিদ ইসলাম গঠন করেন ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি।
২০২৬ সালের সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামি বাংলাদেশের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক হিসেবে নির্বাচনে লড়ে এনসিপি। দলটি আটটি আসনে জয়লাভ করে। বর্তমানে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের বিরুদ্ধে বিরোধী শিবিরে রয়েছে এনসিপি।
লন্ডনের সংঘর্ষের ঘটনা এমন এক সময়ে ঘটলো, যখন বাংলাদেশেও রাজনৈতিক উত্তেজনা নতুন করে বাড়ছে। বিশেষ করে শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। গত রবিবার সেখানে কয়েকশো আওয়ামি লিগ সমর্থক লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে রাস্তায় নামেন বলে অভিযোগ। পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। বিএনপি-র সঙ্গে যুক্ত একাধিক সম্পত্তি ও দলীয় কার্যালয়ে আগুন লাগানোর ঘটনাও সামনে এসেছে।
২০২৪ সালের অগস্টে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে আসার পর থেকেই ভারতে রয়েছেন শেখ হাসিনা। আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছা একাধিকবার প্রকাশ করেছেন তিনি। তার প্রত্যাবর্তনের প্রস্তুতি হিসেবে নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য ঢাকার কাছে তার আইনজীবীরা আবেদন করেছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে, ব্রিটেনে এনসিপি নেতাদের সফর ঘিরে এর আগেও একাধিকবার উত্তেজনা ছড়িয়েছে। গত ১৪ নভেম্বর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বেঙ্গলি সোসাইটির আয়োজিত একটি অনুষ্ঠানের বাইরে নাহিদ ইসলামকে হেনস্থা করার চেষ্টা করেন আওয়ামি লিগ সমর্থকরা বলে অভিযোগ। এনসিপি সমর্থকদের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেওয়া হয়। চলতি বছরের জুন মাসে এনসিপি নেতা তথা কুমিল্লা-৪ কেন্দ্রের সাংসদ হাসনাত আবদুল্লার পূর্ব লন্ডন সফর ঘিরেও সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই সময় অনুষ্ঠানস্থলের বাইরে বিক্ষোভকারীদের বিরুদ্ধে এনসিপি সমর্থকদের লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ উঠেছিল।
সব মিলিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাতের আঁচ এবার প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও ছড়িয়ে পড়ছে। একদিকে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন ঘিরে রাজনৈতিক অনিশ্চয়তা, অন্যদিকে গোপালগঞ্জ-সহ বিভিন্ন এলাকায় সংঘর্ষ সব মিলিয়ে তারেক রহমানের বিএনপি সরকারের সামনে নতুন করে রাজনৈতিক ও আইনশৃঙ্খলাজনিত চ্যালেঞ্জ তৈরি হয়েছে। লন্ডনের রমফোর্ডের ঘটনা সেই মেরুকরণেরই আরও একটি উদাহরণ।
Bangladesh
বাংলাদেশের রাজনৈতিক সংঘাত এবার লন্ডনের রাস্তায়, নাহিদ ইসলামের সংবর্ধনাকে ঘিরে আওয়ামি লিগ ও এনসিপি সমর্থকদের সংঘর্ষ
×
Comments :0